সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তর: অধ্যায়-৪

প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৪ থেকে সৃজনশীল প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।

.
.

প্রশ্ন:
ক. রাখাইনরা বাংলাদেশের কোন জেলায় বাস করে?
খ. জুমচাষ হলো চাকমা অর্থনীতির মূল ভিত্তি—ব্যাখ্যা করো।
গ. প্রথম ছবিটি দ্বারা বাংলাদেশের কোন নৃগোষ্ঠীকে চিহ্নিত করা যায়?
ঘ. দ্বিতীয় ছবিতে নির্দেশিত নৃগোষ্ঠীর আচার-অনুষ্ঠান ও উত্সব প্রথম ছবিতে নির্দেশিত নৃগোষ্ঠী থেকে ভিন্ন—প্রমাণ করো।

উত্তর-ক
রাখাইনরা বাংলাদেশের পটুয়াখালী ও কক্সবাজার জেলায় বাস করে।

উত্তর-খ
জুমচাষ হলো পাহাড়ি ঢালু ভূমিতে একধরনের বিশেষ চাষ পদ্ধতি। চাকমা নৃগোষ্ঠী রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় বসবাস করে। পাহাড়ি এলাকা হওয়ায় এখানে সমতল ভূমি তেমন নেই। তাই তারা পাহাড়ি ঢালু ভূমির গাছপালা পুড়িয়ে একসঙ্গে নানা ধরনের ফসল রোপণ করে, যা জুমচাষ হিসেবে পরিচিত। জুমচাষই তাদের জীবন ও জীবিকার প্রধান উত্স। তাই জুমচাষই তাদের অর্থনীতির মূল ভিত্তি।

উত্তর-গ
প্রথম ছবিটি দ্বারা বাংলাদেশের মণিপুরি নৃগোষ্ঠীকে চিহ্নিত করা যায়।
মণিপুরিরা বাংলাদেশের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বাস করে। তাদের নিজস্ব ভাষা রয়েছে। বাংলাদেশে প্রায় ২৫ হাজার মণিপুরির বসবাস। তারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর অন্তর্গত। তারা হিন্দুধর্মে বিশ্বাসী। সমাজের অধিকাংশ মানুষ কৃষিজীবী। নারী-পুরুষ উভয়ই কৃষিকাজ করে। তাদের নিজস্ব সংস্কৃতি রয়েছে। মণিপুরি নৃত্য মণিপুরি সমাজে বিশেষ ধরনের নৃত্য। নৃত্যের কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে বলে তারা বিশ্বাস করে। তাই তারা এই নৃত্যকে খুব পবিত্র মনে করে। উদ্দীপকে মণিপুরি নৃত্যের ছবি দেখা যাছে। এতে স্পষ্ট হয় যে প্রথম ছবিটি দ্বারা বাংলাদেশের মণিপুরি নৃগোষ্ঠীকে নির্দেশ করা হয়েছে।

উত্তর-ঘ
দ্বিতীয় ছবিতে জুমচাষের দৃশ্য দ্বারা বাংলাদেশের চাকমা নৃগোষ্ঠীর কথা বলা হয়েছে।
চাকমা ও মণিপুরিদের আচার-অনুষ্ঠান ও উত্সবের মধ্যে ভিন্নতা রয়েছে। চাকমারা বৌদ্ধধর্মে বিশ্বাসী। তাই তাদের অধিকাংশ সামাজিক আচার-অনুষ্ঠান ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তারা থানমানা পূজা, লক্ষ্মীপূজা, গঙ্গাপূজা ও নবান্ন পূজা পালন করে। তারা নববর্ষের সময় বিজু উত্সব পালন করে। বাংলা বছরের শেষ দুই দিন এবং বছরের প্রথম দিন—মোট তিন দিন ধরে এ উত্সব চলে। এটি তাদের সবচেয়ে বড় উত্সব। বুদ্ধপূর্ণিমা হচ্ছে তাদের প্রধান ধর্মীয় উত্সব। একইভাবে তারা মাঘী পূর্ণিমা ও বৈশাখী পূর্ণিমাও পালন করে। কঠিন চীবরদান অনুষ্ঠান হচ্ছে তাদের বড় ধর্মীয় অনুষ্ঠান।
অন্যদিকে মণিপুরিদের আচার-অনুষ্ঠান ও উত্সব ধর্ম বিশ্বাস দ্বারা প্রভাবিত। তারা হিন্দুধর্মে বিশ্বাস করে। ধর্মীয় নানা পূজা-পার্বণের সঙ্গে তারা জন্মোত্সবও পালন করে। তারা রথযাত্রা, দোলযাত্রা, হোলি উত্সব, চৈত্রসংক্রান্তি, রাস পূর্ণিমা ইত্যাদি পালন করে। ধর্মীয় বিশ্বাসের কারণে তারা সব সামাজিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে। ওপরের আলোচনা থেকে প্রতীয়মান হয় যে চাকমা ও মণিপুরিদের আচার-অনুষ্ঠান ও উত্সব ভিন্ন।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম