সমাজবিজ্ঞান ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র বিষয় থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।

সুফিয়া বেগমের স্বামী একজন দিনমজুর। স্বামীর রোজগারে পরিবারের ভরণপোষণ সঠিকভাবে চলে না। তাই পাশের বাড়ির এক নারীর পরামর্শে সুফিয়া বেগম বছর তিনেক আগে একটি বেসরকারি সংস্থা থেকে ২০,০০০ টাকা ঋণ নিয়ে একটি গাভি ক্রয় করেন। এখন তাঁর বেশ কয়েকটি গবাদিপশু হয়েছে। এতে তাঁদের অভাব-অনটন অনেকটা কমেছে।
ক. বেসরকারি সংস্থা কী?
খ. গ্রামীণ উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়ন—ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থার কোন ভূমিকা প্রকাশ পেয়েছে?
ঘ. উল্লিখিত কার্যক্রম ছাড়াও বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থাগুলো আর কী কী কার্যক্রম পরিচালনা করতে পারে বলে তুমি মনে করো?

উত্তর-ক
বেসরকারি সংস্থা বলতে সরকারি বিধিবদ্ধ আইন দ্বারা নির্দেশিত এবং বেসরকারিভাবে পরিচালিত এমন অলাভজনক প্রতিষ্ঠানকে বোঝায়। বেসরকারি সংস্থা সরকারের সহযোগী হিসেবে গ্রামীণ উন্নয়নে কাজ করে।

উত্তর-খ
গ্রামীণ উন্নয়ন বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায়, যার মাধ্যমে গ্রামের আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়নের প্রচেষ্টা চালানো হয়। এর মাধ্যমে গ্রামের সব স্তরের, সব ধরনের মানুষের উন্নয়ন করার প্রচেষ্টা চালানো হয়। এখানে সবার অংশগ্রহণ যেমন নিশ্চিত করা হয়, তেমনি সবার সম-উন্নয়নের বিষয়ও গুরুত্ব পায়। গ্রামের সব মানুষকেই উন্নয়নের আওতায় আনা হয়। তাই গ্রামীণ উন্নয়নকে সামগ্রিক উন্নয়ন বলা হয়ে থাকে।

উত্তর-গ
উদ্দীপকে বেসরকারি সংস্থার ক্ষুদ্র ঋণ কার্যক্রমের বিষয়টি প্রকাশ পেয়েছে। ড. মুহাম্মদ ইউনূসকে ক্ষুদ্রঋণের জনক বলা হয়ে থাকে। তিনি সত্তরের দশকে বাংলাদেশে ক্ষুদ্রঋণের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তোলেন। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এই ঋণ দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ ভূমিহীন কৃষকদের জন্য এই ঋণ গ্রহণের বিশেষ সুবিধা রয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা দেশে ক্ষুদ্রঋণ বিতরণ করছে। ক্ষুদ্র ব্যবসা, কৃষিকাজ, গবাদিপশু পালন, হাঁস-মুরগির খামার, ক্ষুদ্র শিল্প, রেশম চাষ, মত্স্য চাষ প্রভৃতি উত্পাদনশীল খাতে এই ঋণ দেওয়া হয়ে থাকে। এককালীন বিতরণ করা হলেও এই ঋণ আদায় করা হয় সাপ্তাহিক কিস্তিতে। গ্রামীণ জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে এই ঋণ বিতরণ করা হয়। সুফিয়া খাতুনকে গবাদিপশু ক্রয়ের জন্য টাকা দেওয়া হয়, যা বেসরকারি সংস্থার ক্ষুদ্রঋণ কার্যক্রমকে নির্দেশ করছে।

উত্তর-ঘ
বাংলাদেশে গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থা বহুবিধ কার্যক্রম পরিচালনা করতে পারে। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি প্রভৃতি ক্ষেত্রে যেমন কাজ করতে পারে, তেমনি নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষা, সামাজিক সচেতনতা সৃষ্টিসহ নানা ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
গ্রামীণ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বেসরকারি সংস্থাগুলো নিচের কার্যক্রম পরিচালনা করতে পারে:

১। শিক্ষা হলো উন্নয়নের চাবিকাঠি। মানুষ শিক্ষিত ও সচেতন হলে সে নিজের উন্নতি নিজেই করতে পারবে। তাই গ্রামের উন্নতির জন্য শিক্ষার বিকল্প নেই। গ্রামীণ জনগোষ্ঠী শিক্ষিত হলে তারা নিজেদের ভাগ্য নিজেরাই তৈরি করে নিতে পারবে।

২। স্বাস্থ্য সকল সুখের মূল এবং উন্নয়নেরও মূল চালিকাশক্তি। মানুষের স্বাস্থ্য ভালো না থাকলে সব কাজই তার কাছে অর্থহীন মনে হতে পারে। তাই গ্রামীণ মানুষের স্বাস্থ্য যাতে ভালো থাকে, সে জন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি হতদরিদ্র ব্যক্তিদের জন্য বেসরকারি সংস্থাগুলো বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করতে পারে।

৩। গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। কেননা, প্রশিক্ষণের দ্বারা দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব। কৃষকদের জন্য কৃষিবান্ধব প্রশিক্ষণ, শ্রমিকদের জন্য শ্রমবান্ধব প্রশিক্ষণ, বেকার যুবকদের জন্য উত্পাদন ও কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়।

৪। উন্নয়নের একটি অন্যতম শর্ত হলো উন্নত অবকাঠামো। গ্রামের রাস্তাঘাট, পুল যেমন সংস্কার করতে হবে; তেমনি পয়োনিষ্কাশন, খাল সংস্কারের মতো কাজ করতে হবে। গ্রাম যেহেতু কৃষিপ্রধান, তাই সেচের ব্যবস্থা থাকা প্রয়োজন।
উপরিউক্ত কার্যক্রম ছাড়াও গ্রামের দরিদ্র নারীদের জন্য কুটির শিল্পের সুযোগ সৃষ্টি ও বয়স্ক এবং অসহায় নারী-পুরুষদের জন্য ভাতার ব্যবস্থা করলে তাঁরা দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম