অধ্যায়-৫

প্রিয় শিক্ষার্থী, আজ সমাজবিজ্ঞান ২য় পত্র থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।
মুনিরার দাদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদের বড় ধরনের একটি আন্দোলনে অংশ নেন। এ আন্দোলনের প্রাথমিক স্তর হিসেবে তাঁরা একটি সংগ্রাম পরিষদ গঠন করেন। আন্দোলনের ধারাবাহিকতার তিন বছর পর ছাত্র-জনতা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে। এ মিছিলে পুলিশের গুলিতে অনেকে হতাহত হয়।
প্রশ্ন: ক. কত সালে ছয় দফা ঘোষিত হয়েছে?
খ. জাতীয়তাবাদ বলতে তুমি কী বোঝো?
গ. উদ্দীপকে কোন আন্দোলনকে নির্দেশ করা হয়েছে?
ঘ. এ আন্দোলনই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত করেছিল—কথাটি বিশ্লেষণ করো।
উত্তর: ক. ১৯৬৬ সালে।
উত্তর: খ. জাতীয়তাবাদ বলতে একটি মানসিক ঐক্যকে বোঝায়, যার দ্বারা কোনো জনগোষ্ঠী পরস্পরের প্রতি সংহতি অনুভব করে। অধ্যাপক লাস্কি জাতীয়তাবাদ বলতে একধরনের মানসিকতাকে বুঝিয়েছেন, যা দুটি ধারায় পরিপুষ্ট। একটি প্রাচীন স্মৃতি সম্পদ, অন্যটি পরস্পরের একত্রে বসবাসের সম্মতি। জাতীয়তাবাদ যেকোনো জাতির স্বাতন্ত্র্য প্রকাশ করে। ভাষা, ধর্ম, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি প্রভৃতির মাধ্যমে জাতীয়তাবাদ গড়ে ওঠে।
উত্তর: গ. উদ্দীপকে বাংলাদেশের ভাষা আন্দোলনকে নির্দেশ করা হয়েছে। ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান রাষ্ট্র গড়ে ওঠে। পাকিস্তান রাষ্ট্র পূর্ব ও পশ্চিম দুটি অংশ নিয়ে গড়ে ওঠে। পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল উর্দু, অন্যদিকে পূর্ব পাকিস্তানের ৯৫ ভাগ মানুষের ভাষা ছিল বাংলা। কিন্তু ১৯৪৮ সালে ঢাকায় এক বক্তৃতায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই ঘোষণার পর থেকে বাংলার ছাত্র, শ্রমিক, জনতা—সবাই প্রতিবাদী হয়ে ওঠে। শুরু হয় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সংগ্রাম। গঠিত হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সংগ্রাম পরিষদ ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষার দাবিতে সাধারণ ধর্মঘট ডাকলে পাকিস্তান সরকার ১৪৪ ধারা জারি করে। কিন্তু তা ভঙ্গ করে ছাত্ররা মিছিল বের করলে পুলিশের নির্বিচার গুলিতে সালাম, বরকত, জব্বারসহ অনেকে শহীদ হন।
সংগ্রাম পরিষদের মাধ্যমেই ভাষা আন্দোলনের শুরু। অন্যদিকে, পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে যেসব আন্দোলন হয়েছে, তার মধ্যে ভাষা আন্দোলনেই ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করে এবং তাতে পুলিশের গুলিতে অনেকে শহীদ হন। তাই উদ্দীপকে দেওয়া তথ্য দ্বারা ভাষা আন্দোলনকে নির্দেশ করা হয়েছে।
উত্তর: ঘ. ভাষা আন্দোলনই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত করেছিল। ভাষা আন্দোলনই পশ্চিম পাকিস্তানের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে প্রথম সংগ্রাম।
মা ও মাতৃভাষা সব মানুষের কাছে অতি প্রিয় ও পবিত্র। এর ওপর আঘাত মানুষ সহ্য করে না। তেমনি বাংলা ভাষার ওপর আঘাত পূর্ব পাকিস্তানের মানুষ মেনে নিতে পারেনি। প্রতিবাদী হয়েছে সব মানুষ। প্রতিবাদ থেকে তা আন্দোলন-সংগ্রামে রূপ নিয়েছিল। এটিই অধিকার আদায়ের প্রথম সংঘবদ্ধ আন্দোলন। এ আন্দোলনের ভিত্তিতেই বাংলাভাষী মানুষ ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়। গড়ে ওঠে ভাষাকেন্দ্রিক জাতীয়তাবাদ। এই আন্দোলনের মাধ্যমে পূর্ব বাংলার মানুষের মধ্যে স্বতন্ত্র সত্তা গড়ে ওঠে। মানুষ বুঝতে শেখে তারা পাকিস্তানি নয়, তারা বাঙালি। পাকিস্তানের সঙ্গে মানসিক ঐক্য ছিন্ন করে মানুষ অধিকারসচেতন হতে শেখে। পাকিস্তান থেকে নিজেদের আলাদা জাতি হিসেবে ভাবতে শুরু করে। ভাষার ভিত্তিতে গড়ে ওঠা এই চেতনাই পরবর্তী সময়ে বাঙালি জাতীয়তাবাদ হিসেবে বিকশিত হয়। এ চেতনার ভিত্তিতেই ১৯৫৪ সালে রাজনৈতিক শক্তি হিসেবে যুক্তফ্রন্ট গঠিত হয়। ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ আরও বিকশিত হয়। সর্বশেষ ১৯৭১ সালে স্বাধীন সার্বভৌম জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। তাই বলা যায় যে ভাষা আন্দোলনই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি রচিত করেছিল।
প্রভাষক, এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম