সৃজনশীল প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, সমাজবিজ্ঞান ২য় পত্রের অধ্যায়-৪ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
গত বছর সুপ্রিয়ার বিয়ে হয়। সামাজিক রীতি অনুযায়ী বিয়ের পর থেকে বরকে নিয়ে তার মায়ের বাড়িতে বসবাস করছে। সুপ্রিয়া পরিবারের ছোট মেয়ে হওয়ায় সব সম্পত্তির মালিক হয়েছে। অন্যদিকে তার বিশ্ববিদ্যালয়ের সহপাঠী হ্যাপি বিয়ের পর তার বরের বাড়িতে বসবাস করছে। বিয়ের পর তার বর তাকে রাখার জন্য একটি নতুন ঘর নির্মাণ করেছে। এ বছর হ্যাপি তাদের বিজু উত্সবে সুপ্রিয়া ও তার বরকে আমন্ত্রণ জানিয়েছে।
ক. খাসিয়াদের মধ্যে কয়টি গোত্র রয়েছে?
খ. মণিপুরি নৃত্যের সামাজিক গুরুত্ব ব্যাখ্যা করো।
গ. হ্যাপি বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য?
ঘ. ‘সুপ্রিয়ার সমাজের পরিবারব্যবস্থা হ্যাপির সমাজের পরিবারব্যবস্থা থেকে ভিন্ন’ কথাটির যথার্থতা প্রমাণ করো।
উত্তর-ক
খাসিয়াদের মধ্যে ছয়টি গোত্র রয়েছে।
উত্তর-খ
মণিপুরি নৃত্য মণিপুরি সমাজে বিশেষ ধরনের নৃত্য। নৃত্যের কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে বলে তারা বিশ্বাস করে। তাই তারা এই নৃত্যকে খুব পবিত্র মনে করে। ফলে তারা সব পূজা-পার্বণ ও আচার-অনুষ্ঠানে এই নৃত্যের আয়োজন করে থাকে। ধর্মীয় বিশ্বাস থেকে এই নৃত্য তাদের কাছে গুরুত্বপূর্ণ।
উত্তর-গ
হ্যাপি চাকমা নৃগোষ্ঠীর সদস্য। বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর মধ্যে চাকমা অন্যতম। জনসংখ্যার দিক থেকে তারা বৃহত্। বাংলাদেশের পাহাড়ি অঞ্চল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় তাদের বসবাস। চাকমা সমাজে পিতৃবাস পরিবারব্যবস্থা বিদ্যমান। বিয়ের পর বরকে বাবার বাড়িতে নতুন ঘর তৈরি করে স্ত্রীকে রাখতে হয়। চাকমা সমাজে নানা রকম পূজা-পার্বণ, উত্সব ও আচার-অনুষ্ঠান রয়েছে। তারা তিন দিন ধরে বিজু উত্সব পালন করে। বাংলা নববর্ষ উপলক্ষে এই ঐতিহ্যবাহী উত্সব পালিত হয়। কঠিন চীবরদান অনুষ্ঠান হচ্ছে তাদের বড় ধর্মীয় অনুষ্ঠান। উদ্দীপকে দেখা যাচ্ছে, হ্যাপি বিয়ের পর তার বরের বাড়িতে বরের তৈরি নতুন ঘরে বসবাস করছে। তারা বিজু উত্সব উদ্যাপন করে। তাই সে চাকমা নৃগোষ্ঠীর সদস্য।
উত্তর-ঘ
সুপ্রিয়া বাংলাদেশের গারো নৃগোষ্ঠীর সদস্য। তারা বাংলাদেশের ময়মনসিংহ, গাজীপুর ও টাঙ্গাইল জেলায় বসবাস করে।
গারো পরিবার মাতৃপ্রধান। মাতা পরিবারের প্রধান। একইভাবে মাতৃসূত্রীয় রীতি অনুযায়ী পরিবার পরিচালিত হয়। বংশমর্যাদা ও উত্তরাধিকার রীতি মাতা থেকে মেয়েতে বর্তায়। পরিবারের কনিষ্ঠ মেয়ে মায়ের সব সম্পত্তি পেয়ে থাকে। যে সম্পত্তি পায় তাকে ‘নোকনা’ বলা হয়। নোকনা তার স্বামীকে নিয়ে স্থায়ীভাবে মায়ের বাড়িতে থাকে। যেহেতু সে পরিবারের সম্পত্তি পাবে, তাই সে বৃদ্ধকালে মা-বাবার সেবাযত্ন করতে বাধ্য।
গারো সমাজে মনোগামী তথা যুগল বিবাহ রীতি বেশি লক্ষ করা যায়। তাদের সমাজে ক্রস কাজিন বিবাহ বা মামাতো ও ফুফাতো ভাইবোনদের মধ্যে বিবাহ অনুমোদিত হলেও প্যারালাল কাজিন বিবাহ বা খালাতো ও চাচাতো ভাইবোনদের মধ্যে বিবাহ নিষিদ্ধ।
অন্যদিকে চাকমা সমাজে পিতৃপ্রধান পরিবার বিদ্যমান। পিতৃসূত্রীয় রীতি অনুযায়ী বাবা থেকে সম্পত্তি ও বংশমর্যাদা ছেলেতে বর্তায়। মেয়েরা বাবার সম্পত্তির মালিক হয় না। বিয়ের পর মেয়েরা স্বামীর গোষ্ঠীর সদস্য হিসেবে পরিচিতি পায়। চাকমা সমাজে চাচাতো, খালাতো ও মামাতো ভাইবোনদের মধ্যে বিয়ে হয়।
উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে গারো ও চাকমা সমাজে পরিবারব্যবস্থার মধ্যে ভিন্নতা বিদ্যমান।
প্রভাষক
এনায়েতবাজার মহিলা কলেজ, চট্টগ্রাম