সমাবর্তনে নিবন্ধনের সময় বাড়ল ২০ দিন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা আরও ২০ দিন বাড়ানো হয়েছে। ২০ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিবন্ধন ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। এর আগে নিবন্ধনের শেষ সময় ছিল ১০ নভেম্বর।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন জানান, অংশগ্রহণকারীদের সময়সীমা বৃদ্ধির অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁদের সুবিধার কথা বিবেচনা করে নিবন্ধনের সময়সীমা ৩০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আচার্যের অনুমতি সাপেক্ষে আগামী ডিসেম্বর মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনো দিন সমাবর্তন অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সূত্রে জানা গেছে, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত স্নাতকোত্তর, এমবিবিএস, বিডিএস, এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারীরা সমাবর্তনের জন্য নিবন্ধন করতে পারবেন। মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে ফি পরিশোধ করে শুধু অনলাইনে নিবন্ধন করা যাবে। নিবন্ধনের ফি সাড়ে তিন হাজার টাকা। সমাবর্তন-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.ru.ac.bd/con14) থেকে জানা যাবে।