সাগরের শহরে স্বপ্নের শিক্ষাঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বোর্ডের সেরা দশ কলেজের মধ্যে সব সময়ই স্থান পেয়েছে এই প্রতিষ্ঠান
চট্টগ্রাম বোর্ডের সেরা দশ কলেজের মধ্যে সব সময়ই স্থান পেয়েছে এই প্রতিষ্ঠান

বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত দেখতে কক্সবাজারে ছুটে আসেন দেশ-বিদেশের লাখো পর্যটক। এই এলাকার সৌন্দর্য ঘুরে দেখবেন আর কক্সবাজার সরকারি কলেজ তাঁর দৃষ্টি এড়িয়ে যাবে, তা কি হয়! অতিথিদের স্বাগত জানাতেই যেন এক টুকরো সবুজ চাদর বিছিয়ে রেখেছে কলেজের প্রাঙ্গণ।

১৯৬২ সালে প্রায় ১৭ দশমিক ৭৪ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই কলেজ নিয়ে গর্ব করেন এলাকার মানুষ। ২ এপ্রিল বহু পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠানটিতে পা রাখতেই সেগুন, অর্জুন, মেহগনি আর নারকেলগাছের সারি মুগ্ধ করল। ১৯৬২ সালের ২ জুলাই মাত্র ৪৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হয়েছিল কলেজটির। আজ সেই প্রাঙ্গণ প্রায় ১০ হাজার শিক্ষার্থীর কলরবে মুখর। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন মরহুম স আ ম শামসুল হুদা চৌধুরী। বর্তমানে অধ্যক্ষের দায়িত্বে আছেন এ কে এম ফজলুল করিম চৌধুরী। এর আগে তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ছিলেন।

শিক্ষার্থীদের অনেকে তখন ক্লাসে। কেউ কেউ মাঠে কিংবা নারকেলগাছের নিচে দাঁড়িয়ে দলবেঁধে আড্ডায় মশগুল। এই ফাঁকে কথা হলো কয়েকজনের সঙ্গে। বিএসএস প্রথম বর্ষের ছাত্রী সানিয়া আক্তার, গণিতের ছাত্র জসীম উদ্দিন ও বিএ প্রথম বর্ষের ছাত্রী মুন্নী আকতার জানালেন, এ কলেজে তাঁদের সবচেয়ে প্রিয় জায়গা হলো লাইব্রেরি। প্রয়োজনীয় সব বই-ই পাওয়া যায় সেখানে। জানা গেল, কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে বইয়ের সংখ্যা ১০ হাজারের বেশি।

নানা অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসেন এই কলেজে
নানা অঞ্চল থেকে শিক্ষার্থীরা আসেন এই কলেজে

শুধু বই নয়, এখানকার বোটানিক্যাল গার্ডেন নিয়েও গর্ব করতে পারেন উদ্ভিদবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা। বিভাগটির তত্ত্বাবধানে থাকা বাগানে আছে নানা বিরল প্রজাতির গাছ। শিক্ষার্থীদের মধ্যে বিএনসিসি, স্কাউট, রেড ক্রিসেন্টের কার্যক্রম জোরদার আছে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় উৎসব, বাংলা ও ইংরেজি বিতর্কেও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। আছে ১৫টি কম্পিউটারসংবলিত কম্পিউটার ল্যাব। কয়েক মাস আগে চালু হয়েছে বিদেশি ভাষা প্রশিক্ষণকেন্দ্র। নামমাত্র ফি দিয়ে যে কেউ ইংরেজি, আরবি, জাপানি, কোরিয়ান ও ফ্রেঞ্চ ভাষার ওপর তিন মাস মেয়াদের কোর্সে অংশ নিতে পারেন।
২০১৫ সালে এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাসের হার যেখানে শতকরা ৬৩.৪৯, সেখানে এই কলেজের পাসের হার ছিল ৯২.৮০। শিক্ষার্থীরা জানালেন, অনেক বাধা সত্ত্বেও তাঁরা ভালো ফলাফল ধরে রাখতে চেষ্টা করছেন। বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ইসমত আরা বলছিলেন, ‘টেকনাফ থেকে এত দূর এসে পড়াশোনা চালানো কঠিন। ১০০ আসনের চার তলা হোস্টেলে প্রায় ৩০০ ছাত্রীকে গাদাগাদি করে থাকতে হচ্ছে। ১২০ আসনের আরেকটি চার তলা ছাত্রীনিবাস তৈরি হচ্ছে। ওটার কাজ শেষ হলে সমস্যা হয়তো কিছুটা কমবে।’ বাণিজ্য বিভাগের একাদশ শ্রেণির ছাত্র ফাহিম কুদ্দুসের বক্তব্য, ‘আমাদের কলেজে টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া উপজেলা ছাড়াও তিন পার্বত্য জেলার শিক্ষার্থীরা লেখাপড়া করছে। কিন্তু এখানে যাতায়াতের জন্য পরিবহন নেই।’ বিজ্ঞান বিভাগে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য উদ্ভিদবিজ্ঞান আর গণিত ছাড়া অন্য কোনো বিষয় নেই, এ নিয়েও আফসোস করলেন উদ্ভিদবিজ্ঞানের ছাত্রী ফাতেমা আকতার ও ইসরাত হোসাইন। তবে সবকিছু ছাপিয়ে প্রধান সমস্যাটার কথা বললেন কলেজের উপাধ্যক্ষ ছলিমুর রহমান। ‘প্রায় ১০ হাজার শিক্ষার্থীর পড়ালেখার জন্য কলেজে শিক্ষক আছেন মাত্র ৫৩ জন!’

এত সীমাবদ্ধতার পরও এই কলেজের শিক্ষার্থীরা দেশে-বিদেশে ভালো অবস্থানে আছেন, সে কথা মনে করিয়ে দিলেন হিসাববিজ্ঞানের প্রভাষক মং থোয়েন এ ও নেছারুল হক। অর্থনীতি বিভাগের অধ্যাপক ছানোয়ারা বেগম বলেন, ‘এই কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি।’ একই সুর শোনা গেল কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ারের কণ্ঠেও। বলছিলেন, ‘আমাদের কলেজ হলো দক্ষিণ চট্টগ্রামের অক্সফোর্ড। এখানে পড়ালেখার মান ভালো। আমরা এই কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কাজ করছি।’

কে এম ফজলুল করিম চৌধুরী
কে এম ফজলুল করিম চৌধুরী

‘রাজনৈতিক ​গোলযোগনেই’
কে এম ফজলুল করিম চৌধুরী
অধ্যক্ষ, কক্সবাজার সরকারি কলেজ
বহুমুখী সংকট সত্ত্বেও দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ এই কলেজ তার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। পর্যটনের এই শহরে শিক্ষক-শিক্ষার্থী সবাই ভালো পরিবেশ বজায় রাখতে খুবই আন্তরিক। শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল। আমাদের ক্যাম্পাসে কোনো রাজনৈতিক গোলযোগ নেই। তবে টেকনাফ, উখিয়া, চকরিয়াসহ দূরের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দুটি পরিবহন বাস খুব দরকার। চার তলাবিশিষ্ট আরেকটি নতুন একাডেমিক ভবনও আমাদের প্রয়োজন।