গুরুত্ব দাও তত্ত্বীয় ও ব্যবহারিক অংশে
সাচিবিকবিদ্যা ও অফিস ব্যবস্থাপনা এইচএসসি পরীক্ষা-২০১০: দরকারি প্রস্তুতি-৫
সহযোগী অধ্যাপক, ঢাকা কমার্স কলেজ, ঢাকাএইচএসসিতে সাচিবিকবিদ্যা ও অফিস-ব্যবস্থাপনা একটি তত্ত্বীয় ও ব্যবহারিক শিক্ষা-সম্পর্কিত বিষয়। ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি ভালো ফল অর্জনে সবচেয়ে বেশি সাহায্যকারী। সাচিবিকবিদ্যা প্রথম পত্রে তত্ত্বীয় ৫০ নম্বরের জন্য ‘ক’ বিভাগে চারটি, ‘খ’ বিভাগে তিনটি, ‘গ’ বিভাগে তিনটি সর্বমোট ১০টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের একটি করে ‘অথবা’ থাকবে। পরীক্ষার্থীকে লক্ষ রাখতে হবে, প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর। সর্বমোট ১০টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য ২ ঘণ্টা সময় অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য গড়ে ১২ মিনিট সময় বরাদ্দ থাকবে। বোর্ড অনুমোদিত বইয়ে কোনো প্রশ্ন বড় বা পয়েন্ট বেশি থাকলে তা কমিয়ে ছোট করে বা মূল বিষয় লেখা যেতে পারে। কম সময়ে পুরো নম্বর পাওয়ার জন্য টেকনিক্যাল প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে। যেমন ব্রিফ ফরম, ফ্রেজ, সাত দিন, বারো মাসের নাম, অনুরূপ শব্দ, সমজাতীয় বানান, বাণিজ্যিকপত্র ইত্যাদি। শর্টহ্যান্ড ব্যবহারিক ২৫ নম্বরের পরীক্ষায় ভালো করার জন্য বর্ণমালা, বিফ্র ফরম চার্ট, রুলস চার্ট, রিকল লেসন, বোর্ডের বিগত তিন সালের প্রশ্নের সমাধান অনুশীলন করা যেতে পারে। টাইপ লিখন ব্যবহারিক ২৫ নম্বরের জন্য বোর্ডের বিগত সালের যেকোনো এক বছরের প্রশ্নের সমাধান অনুশীলন করলেই চলবে। মনে রাখতে হবে, তত্ত্বীয় ৫০ নম্বরের পরীক্ষা শেষ হওয়ার কিছু দিন পরে ব্যবহারিক ৫০ নম্বরের পরীক্ষা পৃথকভাবে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় পত্র অফিস-ব্যবস্থাপনায় ৭৫ নম্বর কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে ছয়টি রচনামূলক এবং চারটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য একটি অথবা থাকবে। রচনামূলক প্রশ্নের জন্য গড়ে ২০ মিনিট এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য গড়ে ১০ মিনিট সময় বরাদ্দ থাকবে। এ+ পাওয়ার জন্য সময়ের দিকে লক্ষ রেখে প্রশ্নের উত্তর দিতে হবে। প্রয়োজনে পয়েন্ট কিছু কমিয়ে উত্তর দেওয়া যেতে পারে। সাতটি অধ্যায়ের প্রায় প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে। ২০০৯ সালের বোর্ডের প্রশ্নগুলোতে কিছুটা কম গুরুত্ব দেওয়া যেতে পারে। বেশি নম্বরের জন্য চতুর্থ অধ্যায়ের সূচিকরণ এবং পঞ্চম অধ্যায়ের অঙ্কের প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে। অবশিষ্ট সেশনাল ২০ নম্বরের জন্য অবশ্যই যথাসময়ে শিক্ষকের কাছে নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে।