সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞানের ফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৬৭ দশমিক ৯০ শতাংশ।
আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চ্যুয়াল শ্রেণিকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। ১৩ নভেম্বর সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
রবি, এয়ারটেল, বাংলালিংক কিংবা টেলিটক নম্বর থেকে ‘DU CHM Roll No’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাচ্ছে
উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১১ হাজার ৯০৫ আসনের বিপরীতে ২১ হাজার ১৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৪ হাজার ৩৮২ জন (পাসের হার ৬৭ দশমিক ৯০ শতাংশ)।
সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারছেন। এ ছাড়া রবি, এয়ারটেল, বাংলালিংক কিংবা টেলিটক নম্বর থেকে ‘DU CHM Roll No’ ফরম্যাটে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফিরতি এসএমএসে ফল জানা যাচ্ছে।