সাধারণ বিজ্ঞান
অধ্যায়-১২ আলোর প্রতিসরণপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১২ নম্বর অধ্যায় ‘আলোর প্রতিসরণ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।আনিস কোঁচ দিয়ে মাছ শিকারের জন্য বিলে যায়। মাছ লক্ষ্য করে কোঁচ ছুড়লেই তা লক্ষ্যভ্রষ্ট হয়। এতে আনিস চিন্তিত হয়ে পড়ে।প্রশ্ন: ক. আলোর প্রতিসরণ কী?প্রশ্ন: খ. অভ্যন্তরীণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয় কেন?প্রশ্ন: গ. আনিসের কোঁচটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো।প্রশ্ন: ঘ. আনিসের পক্ষে কোঁচ দিয়ে মাছ শিকার আদৌ সম্ভব হবে কি? উত্তরের স্বপক্ষে তোমার যুক্তি দাও। উত্তর: ক. আলোয় প্রতিসরণ: আলোক রশ্মি একটি স্বচ্ছ মাধ্যম থেকে অন্য কোনো স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশকালে আলোক রশ্মির গতিপথের দিক পরিবর্তন হয়। আলোক রশ্মির এ দিক পরিবর্তনকে আলোর প্রতিসরণ বলে।উত্তর: খ. সাধারণ নিয়মিত প্রতিফলনে সব সময়ই আলোর কিছু অংশ প্রতিফলিত হয়, কিছু অংশ প্রতিসরিত হয়। কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে আলোর সম্পূর্ণ অংশই প্রতিফলিত হয়, কোনো আংশিক প্রতিসরণ হয় না। এ কারণে অভ্যন্তরীণ প্রতিফলনকে পূর্ণ প্রতিফলন বলা হয়।উত্তর: গ. আলোর প্রতিসরণের কারণে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রবেশকালে অভিলম্ব থেকে দূরে সরে যায়। পানিতে নিমজ্জিত মাছ থেকে আলোক রশ্মি বায়ুতে প্রবেশের সময় অভিলম্ব থেকে দূরে সরে যাওয়ায় আনিসের কাছে মাছটিকে ওপরে মনে হয়। ফলে সে মাছটিকে প্রকৃত অবস্থানে দেখতে পায় না। ওই অবস্থানে কোঁচ নিক্ষেপ করায় আনিসের সেটি লক্ষ্যভ্রষ্ট হয়।উত্তর: ঘ. আলোর প্রতিসরণের কারণে মাছটিকে প্রকৃত অবস্থানে দেখা যায় না। আলোক রশ্মি মাছ থেকে বায়ুতে প্রবেশকালে অভিলম্ব থেকে দূরে সরে যায়। ফলে মাছটিকে আনিসের কাছে কিছুটা ওপরে মনে হয়। ওই অবস্থানে কোঁচ নিক্ষেপ করায় তা লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু আনিস কোঁচ দিয়ে মাছ শিকারের ক্ষেত্রে ওপর থেকে মাছকে যে অবস্থানে দেখবে, তার থেকে কিছুটা নিচে যদি কোঁচ নিক্ষেপ করে, তাহলে সে মাছটিকে শিকার করতে পারবে। সুতরাং, তখন আনিসের পক্ষে কোঁচ দিয়ে মাছ শিকার সম্ভব হবে।