সাধারণ বিজ্ঞান
অধ্যায়-১৬ একটি সপুষ্পক উদ্ভিদপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায়ের ‘একটি সপুষ্পক উদ্ভিদ: মরিচগাছ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন-ক: সপুষ্পক উদ্ভিদ কাকে বলে?প্রশ্ন-খ: মরিচ খেলে ঝাল লাগে কেন?প্রশ্ন-গ: চিত্রটি কিসের? ব্যাখ্যা করো।প্রশ্ন-ঘ: খাদ্য হিসেবে চিত্রে উল্লিখিত উদ্ভিদের অবদান বিশ্লেষণ করো। উত্তর-ক: সপুষ্পক উদ্ভিদ: যেসব উদ্ভিদের ফুল হয় সেসব উদ্ভিদকে সপুষ্পক উদ্ভিদ বলে। যেমন, সরিষা, মরিচ ইত্যাদি। উত্তর-খ: মরিচে ক্যাপসিসিন নামক ফেনলজাতীয় পদার্থ থাকে। এ জন্য মরিচ ঝাল লাগে। মিঠা মরিচে ক্যাপসিসিনের পরিমাণ কম থাকে বলে ঝাল কম লাগে। উত্তর-গ: চিত্রে মরিচগাছের জীবনচক্র দেখানো হয়েছে। উদ্ভিদের জীবনে বীজ থেকে গাছ, চারাগাছ থেকে পরিণত গাছ, পরিণত গাছ থেকে ফুল, ফল এবং আবার বীজ হওয়ার চক্রীয় আবর্তনকে জীবনচক্র বলে। অন্যান্য সপুষ্পক উদ্ভিদের মতো মরিচগাছের জন্ম হয় বীজ থেকে। মরিচ পাকার পর তার বীজ বের করে নিয়ে বপন করলে তিন-চার দিন পর তা থেকে চারা গজায়। চারাগাছে তখন সরু কাণ্ড আর দু-চারটি নরম পাতা থাকে। আস্তে আস্তে চারাগাছটি বেড়ে তিন-চার মাসে শাখা-প্রশাখাসহ একটি গাছে পরিণত হয়। এরপর গাছে ফুল ধরে এবং কচি কচি মরিচ দেখা যায়। কচি মরিচ দেড় থেকে দুই মাসের মধ্যে পেকে লাল বর্ণ ধারণ করে। মরিচের বীজ উপযুক্ত পরিবেশে পড়লে বা ফেললে তা থেকে আগের মতো আবার চারা গজায় এবং পরিণত মরিচগাছে রূপান্তরিত হয়। এই চক্রাকার প্রক্রিয়াকে মরিচগাছের জীবনচক্র বলে।উত্তর-ঘ: চিত্রের উদ্ভিদটি মরিচগাছ। মরিচ আমাদের একটি অতিপরিচিত ও নিত্যপ্রয়োজনীয় মশলা। আমাদের দেশে রান্নায় ব্যবহূত মশলার একটি প্রধান উপাদান হলো মরিচ। বাঙালির খাদ্যাভ্যাসের সঙ্গে মরিচ ওতপ্রোতভাবে জড়িত। গ্রামাঞ্চলে পান্তাভাতের সঙ্গে মরিচের প্রচলন অনেক আগে থেকে। ভর্তা ও ভাজি তৈরির এক অপরিহার্য উপাদান হলো কাঁচা অথবা শুকনো মরিচ। শুকনো মরিচ ব্যবহার করে সস, চাটনি ও আচার তৈরি করা হয়। মরিচে যথেষ্ট পরিমাণ ভিটামিন সি থাকে। প্রায় সব ধরনের তরকারি রান্নার ক্ষেত্রে মরিচ একটি অপরিহার্য উপাদান হিসেবে ব্যবহূত হয়ে আসছে। সুতরাং খাদ্য হিসেবে বিশ্বজুড়ে মরিচের চাহিদা ব্যাপক।