সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১৯  শক্তি, জীব ও প্রাকৃতিক সম্পদপ্রিয় শিক্ষার্থীরা, আজ ১৯ নম্বর অধ্যায় ‘শক্তি, জীব ও প্রাকৃতিক সম্পদ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। # উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।তূর্যদের বাসার পাশ দিয়ে গাছপালা কেটে রাস্তা নির্মাণের কাজ চলছে। তূর্য লক্ষ করল, রাস্তার ঢালুতে ঘাস এবং রাস্তার দুই পাশে সারি করে মেহগনি, বাবলা, শিশু ইত্যাদি গাছ লাগানো হচ্ছে। তূর্যের কাছে মনে হলো, রাস্তা তৈরি করায় পশু-পাখির আবাসস্থল ধ্বংস হচ্ছে। প্রশ্ন: ক. কোনো দেশের মোট আয়তনের কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?প্রশ্ন: খ. পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণ কী?প্রশ্ন: গ. উদ্দীপকে বর্ণিত উদ্ভিদগুলো কীভাবে মাটির ক্ষয় রোধ করে?প্রশ্ন: ঘ. তুমি কি তূর্যের ধারণার সঙ্গে একমত পোষণ কর? উত্তরের সপক্ষে তোমার যুক্তি দাও। উত্তর: ক. কোনো দেশের মোট আয়তনের শতকরা ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন। উত্তর: খ. বাংলাদেশে ক্রমবর্ধমান জনসংখ্যার পানির চাহিদা মেটানোর জন্য গভীর নলকূপ বসিয়ে মাটির নিচ থেকে পানি ওঠানো হচ্ছে। শুকনো মৌসুমে কৃষিকাজে ব্যবহারের জন্য মাটির নিচের পানি ওঠানো হয়। কল-কারখানায় বিভিন্ন কাজের জন্য গভীর নলকূপ বসিয়ে পানি ওঠানো হচ্ছে। ফলে মাটির নিচে সঞ্চিত পানির ভান্ডার কমে যাচ্ছে এবং পানির স্তর নিচে নেমে যাচ্ছে। উত্তর: গ. উদ্দীপকে রাস্তার ঢালুতে ঘাস এবং রাস্তার দুই পাশে মেহগনি, বাবলা, শিশু ইত্যাদি উদ্ভিদ মাটির ক্ষয় রোধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাটিতে ঘাস ও অন্যান্য গাছপালা থাকলে বৃষ্টির পানি মাটি ক্ষয় করতে পারে না। এসব উদ্ভিদের শিকড় মাটিতে প্রবেশ করে মাটিকে দৃঢ়ভাবে আটকে রাখে। উদ্ভিদের গোড়া মাটিতে থাকলে ভূমিক্ষয় কমে। ঘাস এবং অন্যান্য তৃণ বড় হয়ে মাটির ওপর একটি আবরণের সৃষ্টি করে। ফলে মাটির ক্ষয় রোধ হয়। এভাবে উদ্ভিদগুলো মটির ক্ষয় রোধ করে। উত্তর: ঘ. রাস্তা তৈরি করায় প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। তূর্যের এমন ধারণার সঙ্গে আমি একমত। গাছপালা কেটে রাস্তা নির্মাণের ফলে প্রাণীরা অনেকটাই আলাদা হয়ে পড়েছে। এতে খাদ্যশৃঙ্খলের ভারসাম্য নষ্ট হবে। রাস্তা নির্মাণের ফলে বন্যার পানি নেমে যেতে বাধাগ্রস্ত হবে। ফলে জলাবদ্ধতার কারণে অনেক প্রাণীর বাসস্থান ধ্বংস হবে এবং প্রাণীরা মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। সুতরাং রাস্তা নির্মাণের কারণে পশু-পাখির বাসস্থান ধ্বংস হচ্ছে, যা পরিবেশের ভারসাম্য নষ্ট করবে।