সৃজনশীল প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী আজ সাধারণ বিজ্ঞানের ওপর একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।
ডা. রুশদ দুর্যোগ মোকাবিলায় সমিতি গঠন করেছেন। দুর্যোগের সংকেত শোনার সঙ্গে সঙ্গে সদস্যরা পূর্ব নির্ধারিত নিজ নিজ দায়িত্ব পালন করতে শুরু করেন, সরকারি ও বেসরকারি সংস্থাকেও সহযোগিতা করেন। গাছ লাগানো, কর্মশালা করা, নাটিকার ব্যবস্থা সমিতির নিয়মিত কাজ।
ক. উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি কে? ১
খ. ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মধ্যে সম্পর্ক কী? ২
গ. উদ্দীপকে উল্লিখিত সমিতির কার্যক্রমগুলোকে দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের আলোকে ব্যাখ্যা করো। ৩
ঘ. ডা. রুশদ এর এলাকার দুর্যোগ মোকাবিলার একটি স্থায়ী পরিকল্পনা প্রণয়ন করো। ৪
উত্তর: ক.
উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলার নির্বাহী অফিসার।
উত্তর: খ.
ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের মূল কারণ তাপমাত্রা ও তাপমাত্রার পার্থক্য। বায়ুমণ্ডলের বায়ুঘূর্ণনের কারণে ঘূর্ণিঝড় হয়। অপরপক্ষে সমুদ্রপৃষ্ঠ থেকে উপকূলীয় অঞ্চলের দিকে একমুখী বায়ুপ্রবাহের ফলে জলোচ্ছ্বাস হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে। কিন্তু জলোচ্ছ্বাসের প্রভাবে ঘূণিঝড় হতে পারে না। সাধারণত জলোচ্ছ্বাস হয় সমুদ্র উপকূলীয় অঞ্চলে কিন্তু ঘূর্ণিঝড় যেকোনো অঞ্চলে হতে পারে। তবে উপকূলীয় অঞ্চলে বেশি হয়। ঘূর্ণিঝড়ে সাধারণত ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হয়।
উত্তর: গ.
উদ্দীপকে উল্ল্লিখিত কার্যক্রমগুলো—
১. গাছ লাগানো ২. সকলে দুর্যোগ মুহূর্তে কাজ করা
৩. কর্মশালা ৪. সহযোগিতা ৫. নাটিকা
দুর্যোগ ব্যবস্থাপনা চক্র—
পূর্ব প্রস্তুতি: সমিতি গঠন, গাছ লাগানো, কর্মশালা করা, নাটিকার ব্যবস্থাকরণের কার্যক্রমগুলো হলো পূর্ব প্রস্তুতিমূলক কার্যক্রম।
সাড়াদান: দুর্যোগ আগমনের পর পরই সমিতির সব সদস্য, লোকজন ও তাদের মালামাল নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর কাজ করেন এবং তল্লাশি করেন। তাদের এসব কাজ হলো সাড়াদান।
পুনরুদ্ধার: দুর্যোগের ক্ষয়ক্ষতি পুনর্নির্মাণে সরকারি ও বেসরকারি সংস্থাকে সহযোগিতা প্রদান করে পুনরুদ্ধারের কাজে তারা অংশগ্রহণ করেছেন।
প্রশমন: দুর্যোগের দীর্ঘস্থায়ী হ্রাস ও দুর্যোগ পূর্ব প্রস্তুতিকে দুর্যোগ প্রশমন বলে। গাছ লাগানোর বিষয়টিও প্রশমনের আওতাভুক্ত।
উত্তর: ঘ.
ডা. রুশদের এলাকায় দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ কমানোর জন্য কিছু স্থায়ী পরিকল্পনা গ্রহণের প্রস্তাব করা হলো—
ভৌগোলিক অবস্থা বিবেচনায় রেখে মজবুত পাকা ভবন নির্মাণ, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে কৌশল নির্ধারণ, বেড়িবাঁধ নির্মাণ, নদী খনন, আশ্রয়কেন্দ্র নির্মাণ, বনায়ন প্রভৃতি কার্যক্রম গ্রহণ করতে হবে।
এ ছাড়া স্থায়ী ব্যবস্থাপনার আওতায় থাকবে অবকাঠামোগত প্রতিরোধ, যেমন— প্রশিক্ষণ, গণসচেতনতা বৃদ্ধি, পূর্ব প্রস্তুতি, ইউনিয়ন পর্যায়ে কর্মশালা সেমিনার প্রভৃতি।
সরকারি বেসরকারি সকল সংস্থা, কমিটির সময়মতো সক্রিয় থাকতে হবে।
প্রধান শিক্ষক, জাহাঙ্গীর লাইন উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম