সাধারণ বিজ্ঞান
অধ্যায়-৫ পানির খরতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৫ নম্বর অধ্যায় ‘পানির খরতা’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।বেলাল নদীতে গোসলের সময় সাবান দিয়ে কাপড় পরিষ্কার করে থাকে। কিন্তু এতে কাপড় ভালো পরিষ্কার হয় না এবং সাবানের অপচয় হয়। পরবর্তীকালে কাপড় ভালো পরিষ্কারের জন্য তার এক বন্ধুর পরামর্শে সাবানের পরিবর্তে ডিটারজেন্ট ব্যবহার করে।ক. মৃদু পানি কী?খ. ঝরনার পানিকে খনিজ পানি বলা হয় কেন?গ. বেলালের কাপড়গুলো ভালো পরিষ্কার না হওয়ার কারণ কী, ব্যাখ্যা করো।ঘ. বেলালের প্রতি তার বন্ধুর পরামর্শ বিশ্লেষণ করো।উত্তর: ক. মৃদু পানি: যে পানিতে অল্প সাবানে সহজেই প্রচুর ফেনা হয়, তাকে মৃদু পানি বলে। যেমন: বৃষ্টির পানি।উত্তর: খ. বৃষ্টির পানি ভূপৃষ্ঠের বিভিন্ন স্তর ভেদ করে ভূগর্ভে প্রবেশ করে এমন এক স্তরে পৌঁছে যে আর ভেতরে প্রবেশ করতে পারে না। এই অভেদ্য স্তরের পানিতে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন ডাই-অক্সাইড, হাইড্রোজেন, সালফাইড ইত্যাদি খনিজ মিশ্রিত থাকে। খনিজ মিশ্রিত এই পানি অভেদ্য স্তরে জমা হয়ে ঝরনার আকারে বের হয়ে আসে। তাই ঝরনার পানিকে খনিজ পানি বলে।উত্তর: গ. কাপড় পরিষ্কারের জন্য বেলাল নদীর পানি ব্যবহার করে। নদীর পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের বিভিন্ন লবণ দ্রবীভূত থাকে। এগুলোর সঙ্গে সোডিয়াম স্টিয়ারেট অর্থাৎ সাবান বিক্রিয়া করে অদ্রবণীয় অধঃক্ষেপ উৎপন্ন করে। ফলে সাবান ক্ষয় হয় কিন্তু ফেনা হয় না। সুতরাং নদীর পানি খর হওয়ার কারণে সাবানের অপচয় হয় এবং কাপড় ভালো পরিষ্কার হয় না।উত্তর: ঘ. নদীর পানি খর পানি। এ পানিতে কাপড় পরিষ্কার করতে অনেক বেশি সাবানের প্রয়োজন হয়। সাবান অর্থাৎ সোডিয়াম স্টিয়ারেট পানিতে দ্রবণীয়, যা কাপড়ের ময়লার সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে কাপড় পরিষ্কার করে। খর পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রনের লবণ দ্রবীভূত থাকায় এগুলোর সঙ্গে সোডিয়াম স্টিয়ারেটের বিক্রিয়া ঘটে অধঃক্ষেপ হিসেবে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও আয়রন স্টিয়ারেট উৎপন্ন হয়। ফলে সাবান ক্ষয় হয় কিন্তু ফেনা তৈরি হয় না। কিন্তু ডিটারজেন্ট খর পানির দ্রবণীয় লবণের সঙ্গে কোনো রাসায়নিক বিক্রিয়া না করে সরাসরি ফেনা উৎপন্ন করে এবং ময়লা পরিষ্কার করে। এতে সময় কম লাগে, প্রচুর ফেনা তৈরি হয় এবং কাপড় পরিষ্কার করতে কোনো অসুবিধা হয় না। গুণগত দিক দিয়ে সাবানের চেয়ে ডিটারজেন্টের তুলনামূলক সুবিধা বিবেচনা করে যথার্থই বেলালের বন্ধু তাকে ডিটারজেন্ট ব্যবহারের পরামর্শ দেয়।