সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২৫প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৫ নম্বর অধ্যায় ‘প্রাকৃতিক দুর্যোগ: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।তূর্যের মামা তার নতুন কর্মস্থল বরিশাল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। মামি এসে বললেন, টেলিভিশনে নদীবন্দরের জন্য ২ নম্বর বিপদ সংকেতের প্রচার করা হচ্ছে। মামা বললেন, ২ নম্বর বিপদ সংকেতে কোনো সমস্যা হবে না। মামা লঞ্চে যাত্রা করার পর প্রচণ্ড ঝড়ে লঞ্চটি ডুবে গেল। মামা কোনোমতে প্রাণ রক্ষা করতে পারলেও অধিকাংশ যাত্রী মারা গেল। ক. বিপদ সংকেত কাকে বলে?খ. সাধারণ জনগণকে সচেতন করার জন্য ঘূর্ণিঝড় সম্পর্কে জানা প্রয়োজন কেন?গ. লঞ্চটি ডুবে যাওয়ার কারণ ব্যাখ্যা করো। ঘ. লঞ্চ দুর্ঘটনাটি এড়ানো এবং ক্ষয়ক্ষতি হ্রাসে সম্ভাব্য করণীয় সম্পর্কে আলোচনা করো। উত্তর: ক. বিপদ সংকেত: যেকোনো প্রাকৃতিক বিপর্যয় শুরুর আগে যে সতর্কতা সংকেত প্রচার করা হয়, তাকে বিপদ সংকেত বলে। উত্তর: খ. বাংলাদেশের উপকূলীয় অধিবাসীদের বেশির ভাগই গরিব এবং অশিক্ষিত। তাদের সচেতন করার জন্য সরকারি ও বেসরকারিভাবে যাঁরা কাজ করে থাকেন, তাঁদের ঘূর্ণিঝড় সম্পর্কে ভালোভাবে জানা প্রয়োজন। এতে তাঁরা ঝড়ের পূর্বাভাস, বিপদ সংকেত, ঝড়ের গতিবেগ, উপকূল থেকে দূরত্ব প্রভৃতি সম্পর্কে অবহিত হয়ে খুব সহজেই প্রকৃত বিপদ সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করে তুলতে পারবেন। উত্তর: গ. তূর্যের মামা তাঁর নতুন কর্মস্থল যাওয়ার উদ্দেশে যে লঞ্চে উঠেছিলেন সে লঞ্চটি ডুবে গিয়েছিল। লঞ্চটি যে দিন বরিশালের উদ্দেশে যাত্রা করেছিল, তার আগেই আবহাওয়া বিভাগ নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর বিপদ সংকেত প্রচার করেছিল। এ ধরনের সতর্ক সংকেতে লঞ্চগুলো বন্দর থেকে না ছাড়াই ভালো। কেননা ২ নম্বর হুঁশিয়ারি সংকেতে ঝড়ের গতি বেড়ে প্রচণ্ড ঝড়ে পরিণত হয়। এ ক্ষেত্রে তাই হয়েছিল। ঘটনায় বর্ণিত লঞ্চটি আবহাওয়া বিভাগের সতর্কতা অগ্রাহ্য করে। ফলে ঝড়ের কবলে পড়ে লঞ্চটি ডুবে যায়। উত্তর: ঘ. লঞ্চ দুর্ঘটনা এড়ানো এবং ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য নিম্নবর্ণিত বিষয়গুলোর অনুসরণ খুবই জরুরি। ১. লঞ্চ চলাচলের ক্ষেত্রে নির্ধারিত আয়তনের লঞ্চ তৈরি করা এবং ত্রুটিপূর্ণ লঞ্চ চলাচল বন্ধ করা। এ ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ২. লঞ্চে প্রয়োজনীয়সংখ্যক জীবনরক্ষাকারী সরঞ্জাম রাখা। ৩. দক্ষ চালক দ্বারা লঞ্চ চালানো। ৪. লঞ্চে অতিরিক্ত যাত্রী বা অতিরিক্ত মাল বোঝাই করা যাবে না। ৫. চলার পথে বিপদ সংকেতের দিকে লক্ষ রাখতে হবে এবং বিপদ সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে। ৬. দুর্ঘটনা ঘটতে যাচ্ছে এমন অবস্থার সম্মুখীন হলে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে জানাতে হবে। ৭. ক্ষয়ক্ষতি হ্রাসের জন্য উদ্ধারকর্মীদের সঙ্গে উদ্ধার তর‌্যাপরতায় অংশগ্রহণ করা। ৮. সবার মধ্যে সচেতনতা, সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব থাকা। ৯. দুর্ঘটনার সময় সবাই একসঙ্গে বের হওয়ার চেষ্টা না করা।