সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ৩ নম্বর অধ্যায় ‘পুষ্টি, খাদ্য ও খাদ্যাভ্যাস’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। রিপন কারখানায় কঠোর পরিশ্রম করলেও তার খাদ্যতালিকায় নিয়মিত দুধ ও ঘি থাকে। পক্ষান্তরে তার ছোট ভাই কিরণ বেশ অলস প্রকৃতির। সে একেবারেই কোনো কাজ করে না। কিরণ হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়লে ডাক্তার তাকে দুধ, ঘি কম খেতে বললেন। কিন্তু একেবারে বন্ধ করতে নিষেধ করলেন। প্রশ্ন: ক. সুষম খাদ্য কাকে বলে? প্রশ্ন: খ. রাফেজ বলতে কী বোঝায়? প্রশ্ন: গ. উল্লিখিত খাবারগুলো রিপনকে কীভাবে কাজ করতে সাহায্য করে? ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. কিরণের প্রতি ডাক্তারের পরামর্শ মূল্যায়ন করো। উত্তর: ক. যে খাদ্যবস্তু দেহের ক্যালরি চাহিদা পূরণ করে, কলাকোষের বৃদ্ধি ও গঠন বজায় রাখে এবং দেহের শারীরবৃত্তীয় কার্যাবলিকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সুষম খাদ্য বলে। উত্তর: খ. শস্যদানা, ফল এবং সবজির অপাচ্য তন্তুময় অংশ রাফেজ নামে পরিচিত। রাফেজ অপরিবর্তিতরূপে খাদ্যনালির ভেতর দিয়ে স্থানান্তরিত হয়। ফল ও সবজির রাফেজ সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর। গবেষণায় দেখা গেছে, স্বল্প তন্তুযুক্ত খাদ্য অধিক তন্তুযুক্ত খাদ্য অপেক্ষা অধিক পরিমাণে কোষ্ঠকাঠিন্য, হূদরোগ, ডায়াবেটিস, খাদ্যনালির ক্যানসার ইত্যাদির জন্য দায়ী। তন্তুযুক্ত খাবার স্থূলতা হ্রাস করে, ক্ষুধার প্রবণতা হ্রাস করে, চর্বি জমার প্রবণতা হ্রাস করে। উত্তর: গ. রিপন কারখানায় কঠোর পরিশ্রম করলেও তার কোনো অসুবিধা হয় না। কারণ, তার খাদ্যতালিকায় নিয়মিত দুধ ও ঘি থাকে। এ দুটি খাদ্য তার দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে কাজ করার শক্তি জোগায়। দুধ ও ঘি থেকে প্রাপ্ত অতিরিক্ত স্নেহ চর্বিরূপে দেহে সঞ্চিত থাকে। অতিরিক্ত পরিশ্রম করলেও এসব চর্বি দেহে শক্তি জোগায়। সুতরাং দুধ ও ঘি শক্তি উৎপাদনের মাধ্যমে রিপনকে কাজ করতে সাহায্য করে। উত্তর: ঘ. দুধ ও ঘি স্নেহজাতীয় খাদ্য। এ খাদ্য বেশি খেলে শরীর মেদবহুল হয়ে যায়। মেদবহুল শরীর সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়। অতিরিক্ত চর্বি রক্তে কোলেস্টেরল বাড়িয়ে হূদরোগ সৃষ্টি করে। কিরণ অলস প্রকৃতির হওয়ায় তার বেশি পরিমাণ দুধ ও ঘি খাওয়া উচিত নয়। এতে তার শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়ে নানা ধরনের রোগ দেখা দিতে পারে। আবার একেবারে না খেলেও নানা ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এ জন্য তার এসব খাদ্য পরিমাণমতো খাওয়া উচিত। ডাক্তার তাকে এ ধরনের পরামর্শ দিয়েছিলেন। সুতরাং কিরণের সুস্বাস্থ্যের জন্য ডাক্তারের দেওয়া পরামর্শ যথার্থ ছিল।