সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২৫প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৫ নম্বর অধ্যায় ‘প্রাকৃতিক দুর্যোগ: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।উপকূলীয় অঞ্চলের অষ্টম শ্রেণীর ছাত্র অলীক স্কুল থেকে বাড়ি ফেরার পথে আচমকা ঝড়ের কবলে পড়ে। ঝড় শেষে বাড়ি ফিরে তার কিছু বছর আগে ঘটে যাওয়া সিডরের কথা মনে পড়ল, যা এর চেয়েও ভয়াবহ ছিল। মা তাকে জানালেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে তাদের এলাকায় সিডরের তুলনায় ব্যাপক ক্ষতি ও প্রাণহানি হয়।প্রশ্ন: ক. জলোচ্ছ্বাস কাকে বলে? প্রশ্ন: খ. বিপৎসংকেত দেখানো হয় কেন? প্রশ্ন: গ. অলীকের এলাকায় বার বার ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় অলীকের পরিবার কী কী ব্যবস্থা গ্রহণ করতে পারে বলে তুমি মনে করো? উত্তর: ক. ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানি স্ফীত হয়ে ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলের কাছাকাছি যে উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় তাকে জলোচ্ছ্বাস বলে।উত্তর: খ. প্রাকৃতিক বিপর্যয় শুরুর আগে যে সতর্কতা প্রচার করা হয় তাকে বিপৎসংকেত বলে। বিভিন্ন কারণে বিপৎসংকেত দেখানো হয়। যেমন: বিপৎসংকেতের মাধ্যমে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া, জেলেদের জীবন রক্ষা করা, সমুদ্রবন্দরগুলোকে ঝড়ের কবল থেকে রক্ষা করা, সমুদ্রগামী জাহাজগুলোকে ঝড়ের কবল থেকে রক্ষা করা এবং জনগণের দ্রুত আশ্রয়কেন্দ্রে গমন ত্বরান্বিত করা যায়।উত্তর: গ. প্রতিবছরই বিশেষ বিশেষ সময়ে কোনো না কোনো এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে। অলীকের বাড়ি উপকূলবর্তী এলাকায়। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এবং কোনো কোনো সময় উপকূলীয় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অঞ্চলের অভ্যন্তরে আঘাত হানে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানার সময় মাঝেমধ্যে জলোচ্ছ্বাস সৃষ্টি করে। ঘূর্ণিঝড় প্রবল বেগে সমুদ্র থেকে স্থলভাগের দিকে অগ্রসরের সময় বাতাসের প্রবাহে বিশাল জলরাশি উঁচু হয়ে স্থলভাগের দিকে অগ্রসর হয়। অলীকের বাড়ি উপকূলবর্তী এলাকায় হওয়ার কারণে বার বার সেখানে ঘূর্ণিঝড় সংঘটিত হয়।উত্তর: ঘ. যেকোনো প্রাকৃতিক বিপর্যয় শুরুর আগে সম্ভাব্য সতর্ক ব্যবস্থা গ্রহণ করলে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবিলায় অলীকের পরিবার দুর্যোগ পূর্বকালীন, দুর্যোগকালীন, দুর্যোগ-পরবর্তীকালীন ও স্থায়ী ব্যবস্থার মাধ্যমে ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে। দুর্যোগ পূর্বকালীন ব্যবস্থার মাধ্যমে অবহনযোগ্য সম্পদ আবৃত করে চাপা দিতে হবে, গবাদি পশু উঁচু স্থানে নিয়ে যেতে হবে, টাকা-পয়সা হাঁড়ির ভেতর পলিথিনে আবৃত করে মাটি চাপা দিতে হবে, আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য শুকনা খাবার নিয়ে যেতে হবে, কাঁচা বাড়ি যাতে ভেঙে না যায় সেজন্য দড়ি দিয়ে মাটির সঙ্গে খুঁটিতে বেঁধে দিতে হবে, অনবরত বেতার সংবাদ শুনে আশ্রয়কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে। দুর্যোগকালীন সময়ে সহমর্মিতার মনোভাব নিয়ে অভাবগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করতে হবে। দুর্যোগ-পরবর্তী সময়ে গণ্যমান্য ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পরামর্শ ও তত্ত্বাবধানে পুনর্বাসন কাজ করতে হবে। স্থায়ী ব্যবস্থা হিসেবে অলীকের পরিবার ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করতে পারে। অলীকের পরিবার দুর্যোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করতে না পারলেও মোকাবিলার উপায়গুলো জানা থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ বহুলাংশে কমিয়ে আনতে সক্ষম হবে।