সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২৫  প্রিয় শিক্ষার্থী, আজ পঞ্চবিংশ অধ্যায়ের ‘প্রাকৃতিক দুর্যোগ: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস’ থেকে সৃজনশীল পদ্ধতির আরও একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।নিচের অনুচ্ছেদটুকু পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রিক্তাদের বাড়ি উপকূলবর্তী এলাকায়। বেশ কিছু দিন আগে তাদের এলাকায় এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হানে। এ ধরনের ঘূর্ণিঝড় প্রায়ই তাদের এলাকায় সংঘটিত হয়। ফলে জানমালের ব্যাপক ক্ষতি হয় এবং প্রাণহানি ঘটে।প্রশ্ন: ক. জলোচ্ছ্বাস কী?প্রশ্ন: খ. ঘূর্ণিঝড় বলতে কী বোঝ?প্রশ্ন: গ. রিক্তাদের এলাকায় প্রায়ই ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার কারণ কী? ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. রিক্তাদের এলাকায় সংঘটিত দুর্যোগের ফলাফল কী হতে পারে? বিশ্লেষণ করো। উত্তর: ক. জলোচ্ছ্বাস: ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানি স্ফীত হয়ে ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলের কাছাকাছি যে উঁচু ঢেউয়ের সৃষ্টি হয় তাকে জলোচ্ছ্বাস বলে।উত্তর: খ. ঘূর্ণিঝড় হলো উষ্ণ কেন্দ্রীয় লঘুচাপ, যার চারদিকে উষ্ণ ও আর্দ্র বাতাস উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রচণ্ডভাবে ঘুরতে থাকে। গ্রীষ্মমণ্ডলীয় সাগরে বিষুবরেখার ৫ থেকে ৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে বা তার ওপর দিকে যেখানে সাগরের পানির তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে সেখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ব্যাসার্ধ সাধারণত ৫০০-৬০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।উত্তর: গ. প্রতিবছরই বিশেষ বিশেষ সময় কোনো না কোনো এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে। রিক্তাদের বাড়ি উপকূলবর্তী এলাকায়। বাংলাদেশ ঘূর্ণিঝড় বলয়ের অন্তর্ভুক্ত। দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো ঘূর্ণিঝড়ে বেশি আক্রান্ত হয়। কারণ বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও বায়ুচাপের শূন্যতা সৃষ্টি হয়ে কখনো কখনো পার্শ্ববর্তী এলাকা থেকে ঘূর্ণিবাতাস প্রবাহিত হয়। ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এ ঘূর্ণিঝড় ভূমির দিকে প্রবাহিত হতে থাকে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানার সময় মাঝেমধ্যে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। রিক্তাদের বাড়ি উপকূলবর্তী এলাকায় হওয়ার কারণে প্রায়ই সেখানে ঘূর্ণিঝড় সংঘটিত হয়।উত্তর: ঘ. রিক্তাদের বাড়ি উপকূলীয় অঞ্চলে। প্রায়ই তাদের এলাকায় ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে। উপকূলবর্তী এলাকার অধিকাংশ মানুষই দরিদ্র। প্রাকৃতিক দুর্যোগের সময় এ শ্রেণীর সাধারণ মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় এলাকার অধিকাংশ কাঁচা বাড়িঘর ধ্বংস হয়। ঝড়ের প্রকোপ বেশি হলে পাকা ও আধাপাকা ঘরবাড়িরও ক্ষতি হয়ে থাকে। ঘূর্ণিঝড়ের সময় ঘরের ছাউনি ও টিন উড়ে যায় এবং ঘর ভেঙে যায়। মাটির দেয়াল চাপা পড়ে, উড়ন্ত টিনের আঘাতে মানুষের মৃত্যু হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ যে অধিকাংশ মানুষকে শুধু গৃহহারা করে তা নয়, গবাদি পশুর মৃত্যু ঘটিয়ে ও সর্বস্ব ধ্বংস করে মানুষকে খোলা আকাশের নিচে অসহায়ভাবে বসবাসে বাধ্য করে। জলোচ্ছ্বাসের সময় খাদ্য, আসবাবপত্র, বস্ত্রসামগ্রী, বইপত্র ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি পানিতে ভেসে যায়। এ সময় অনেক গাছপালা উৎপাটিত হয়। জমির ফসল নষ্ট হয় ও পশুপাখি মারা যাওয়ার ফলে খাদ্যাভাব দেখা দেয়। ঘূর্ণিঝড়ের সময় টেলিফোন, টেলিগ্রাফ, বৈদ্যুতিক তারের খুঁটি ভেঙে যায় এবং বৈদ্যুতিক তার ছিঁড়ে যাওয়ায় সমগ্র এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে। সুতরাং রিক্তাদের এলাকায় বারবার সংঘটিত দুর্যোগের ফলে জানমালের ব্যাপক ক্ষতি হয়, প্রাণহানি ঘটে এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।