সান্ধ্য কোর্সে নিম্নমানের গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্ধ্য কোর্সের মাধ্যমে শুধু ব্যক্তিগত স্বার্থ হাসিল ও অর্থ লাভের আশায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় অসংখ্য নিম্নমানের গ্র্যাজুয়েট তৈরি করছে। এর মাধ্যমে একশ্রেণির শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছেন।

গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের বার্ষিক অধিবেশনে এ কথা বলা হয়। অধিবেশনে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পাস হয়। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত এই অধিবেশনে ৪০ জন সিনেট সদস্য অংশ নেন।

বাজেট বক্তৃতায় কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগে নামে-বেনামে অসংখ্য সন্ধ্যাকালীন স্নাতকোত্তর শ্রেণি খোলা, কখনো ভর্তি পরীক্ষা ছাড়া নিম্নমানের শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ করেন। তিনি এই শ্রেণির শিক্ষকদের ‘শিক্ষক-দোকানদার’ হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, তাঁরা জ্ঞান ও দক্ষতার পার্থক্য জানেন না অথবা ইচ্ছাকৃতভাবে ভুলে গেছেন। কোষাধ্যক্ষ সান্ধ্য কোর্সগুলোর রিপোর্ট তৈরি করতে একটি কমিটি গঠনের দাবি জানান। এ ছাড়া সান্ধ্য কোর্স থেকে আয়ের ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দেওয়ার বিধান করতে বলেন। নতুন বিভাগগুলোতে কমপক্ষে তিন বছর কোনো বাণিজ্যিক বা সান্ধ্য কোর্স খোলার অনুমতি না দেওয়ার সুপারিশ করেন তিনি।
পরে বাজেট আলোচনায় একাধিক সিনেট সদস্যও সান্ধ্য কোর্স নিয়ে কথা বলেন। অনেকে কোষাধ্যক্ষের বক্তব্যকে সমর্থন জানান। শিক্ষক প্রতিনিধি ফার্মেসি অনুষদের ডিন আবদুর রহমান সন্ধ্যাকালীন কোর্সে ভর্তি পরীক্ষার ন্যূনতম যোগ্যতা সিজিপিএ ৩.৫০ করার প্রস্তাব দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ বলেন, দীর্ঘ সময় ধরে ডাকসু নির্বাচন না হওয়ায় সিনেটে ছাত্র প্রতিনিধি নেই। এ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আবাসন-সংকটের কারণে ‘গণরুম’ নামক অপসংস্কৃতির মধ্যে বেড়ে ওঠে শিক্ষার্থীরা। এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামরুল হাসান খান বলেন, সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশা করা হয় বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা হবে। কিন্তু সে অনুযায়ী তারা বরাদ্দ দেয় না। এটা খুব দুঃখজনক।

অধ্যাপক ফজলুর রহমান তাঁর বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রক্রিয়া নিয়ে নতুন করে চিন্তা করতে হবে।

অধিবেশনের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘বিশ্ববিদ্যালয় কোনো অবস্থাতেই বাণিজ্যকেন্দ্র নয়। এটি আমাদের উপলব্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার স্বকীয়তা ও গুরুত্বের সঙ্গে অন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের তুলনা চলে না।’

বাজেট পাস

সিনেট অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার বাজেট পাস হয়। এতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বরাদ্দ ৬১০ কোটি ১০ লাখ টাকা। বাজেটে ১১ কোটি ৭২ লাখ টাকা ঘাটতি রেখে বাকি ৪২ কোটি ৫৫ লাখ টাকা নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

অধিবেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, সহ-উপাচার্য (প্রশাসন) মো. আখতারুজ্জামান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।