সাবলীল পাঠদক্ষতার জন্য
আধুনিক যুগে প্রায় সব ক্ষেত্রেই নিরন্তর গবেষণার মধ্য দিয়ে উত্কর্ষ সাধনের চেষ্টা লক্ষ করা যায়। সফলভাবে বক্তৃতা দেওয়া কিংবা না ঠেকে চমত্কারভাবে পড়ায় দক্ষতা অর্জনও এর বাইরে নয়। শিক্ষার্থীরা কীভাবে পড়ায় দক্ষতা অর্জন করতে পারে, তার প্রচেষ্টা নিয়ে ইন্টারনেট অবলম্বনে লিখেছেন মোহাম্মদ আতাউর রহমান।পাঠ আয়ত্ত করতে পড়তে হয় সব শিক্ষার্থীকেই। তবে সবার পড়ার ধরন যেমন এক রকম নয়, তেমনি এর সাফল্য বা কার্যকারিতাও সবার সমান নয়। কেউ বই পড়ে সশব্দে, কেউ নিচু স্বরে, আবার কেউ কেবল বইয়ের পাতায় দৃষ্টি রেখে মনে মনেই পড়ার কাজটি সেরে নেয়। কার্যকর পাঠচর্চার জন্য পাঠের বিষয়, সময়, পরিপার্শ্বিকতা, ভাষা ও ভোকাবুলারির ওপর দখল এবং শারীরিক-মানসিক প্রস্তুতিসহ নানা বিষয় বিবেচনায় রাখতে হয়। সবকিছু অনুকূল হলেই কেবল পাঠে আসে সাবলীলতা, পাঠ হয় কার্যকর।পড়ার ধরন: যারা বাইরের পাতায় দৃষ্টি রেখে কেবল মনে মনে পড়ে থাকে তাদের যুক্তি হলো, পড়া নয়, বোঝাটাই আসল ব্যাপার। বিষয়টি বুঝতে পারলেই মনে রাখা সহজ হয়ে যাবে। তবে পড়ার ধরন নিয়ে যাঁরা গবেষণা করেন, তাঁরা বোঝার ব্যাপারটি প্রাধান্য দিলেও নীরব পাঠের চেয়ে সশব্দে পাঠকেই সমর্থন করে থাকেন। শব্দ করে পড়ুয়াদের তাঁরা বলেন সাউন্ড রিডার। শব্দ করে পড়ার সময় একাধারে দুটি প্রক্রিয়া সংঘটিত হয়—একটি হচ্ছে বইয়ের পাতার দিকে বা পাঠ্যবিষয়ের দিকে মনোযোগ, অন্যটি হচ্ছে পাঠের বিষয়টি নিজের কানে শোনা। নিজের মুখে উচ্চারিত শব্দাবলিও কানে শুনলে কয়েক মুহূর্ত তা নিজের মনের মধ্যেই অনুরণিত হয়ে থাকে; যা বিষয়টি স্মরণ রাখতে সহায়তা করে। একটি সহজ পরীক্ষায় বিষয়টি পর্যবেক্ষণ করা যায়। একটি লিখিত সংখ্যা বা ফোন নম্বর যদি কয়েক মুহূর্ত কাউকে দেখিয়ে পরক্ষণে তা আড়াল করে সংখ্যাটি স্মরণ করতে বলা হয়, তাহলে সে তা লিখতে ততটা সফল হবে না—যতটা সফল হবে ওই সংখ্যাটি পাঠ করে শুনিয়ে স্মরণ করতে বললে।বিশেষজ্ঞরা মনে করেন, সশব্দ পাঠের ফলে কমপ্রিহেনশন এবং ভোকাবুলারির উন্নয়ন ঘটে, দ্রুততা বা সাবলীলতা বাড়ে এবং তা মনে রাখা সহজ হয়।ভাষার ওপর দখল: ভাষার ওপর দক্ষতা বা দখল ভালো থাকলে একজন শিক্ষার্থী বাক্যের অর্থ বোঝার সঙ্গে সঙ্গে সাবলীলভাবে বা দ্রুত পড়তে পারবে। কিন্তু যদি বাক্য গঠন, বিরতি চিহ্নের ব্যবহার সম্পর্কে ভালো ধারণা না থাকে কিংবা শব্দের অর্থ জানা না থাকে, তাহলে শব্দ করে পড়েও ভালো ফল পাওয়া সম্ভব নয়। অনেক পাঠককেই দেখা যায়, একটি বাক্য বারবার সশব্দে পড়ছে। তার পরও তা মনে রাখতে পারছে না। অর্থ বুঝতে না পারায় এমনটি হতে পারে। সমৃদ্ধ ভোকাবুলারির সঙ্গে সঙ্গে যতি চিহ্নের ব্যবহারের ওপরও ভালো ধারণা থাকতে হবে। যেখানে বিরতি দরকার সেখানে বিরতি না দিয়ে অন্য জায়গায় বিরতি দিলে পুরো বাক্যের অর্থটাই পাল্টে যেতে পারে।পড়ার প্রস্তুতি: কার্যকরভাবে পড়ার জন্য দরকার পূর্বপ্রস্তুতি। এটি খুবই গুরুত্বপূর্ণ। যেনতেনভাবে বই নিয়ে পড়ে গেলেই পড়া কার্যকর হবে না। পড়ার যথোপযুক্ত সময়, পড়ার সময়কাল, পরিবেশ এবং শারীরিক-মানসিক প্রস্তুতিই শিক্ষার্থীকে কার্যকর পড়াশোনার দিকে এগিয়ে নিতে পারে।স্থান ও পারিপার্শ্বিকতা: পড়ার জন্য অবশ্যই একটি পরিচ্ছন্ন, সুন্দর ও কোলাহলমুক্ত পরিবেশ দরকার। সেই সঙ্গে দরকার সব ধরনের পাঠোপকরণ। শুনে শুনে শেখা: পাঠের সাবলীলতা ও দ্রুততা ধাপে ধাপে বাড়ানো যায় নানাভাবে। যাদের গতিময় পাঠাভ্যাস রয়েছে, তাদের পড়ার ভঙ্গিমা পর্যবেক্ষণ করে অন্যরাও নিজের পাঠের উন্নয়ন সাধন করতে পারবে। এভাবে শুনে শুনেও পাঠের উন্নয়ন ঘটানো সম্ভব।প্রযুক্তির সহায়তা: এস নোটোলির মতে ফ্লুয়েন্ট রিডাররাই ভালো পড়ুয়া। ফ্লুয়েন্সি পর্যবেক্ষণ ও বাড়াতে তারা প্রযুক্তির সহায়তা নিতে পারে। তারা কিছু নির্বাচিত পড়া বা ম্যাটার পড়ে রেকর্ড করে তা বাজিয়ে শুনবে। পড়ার মান বুঝে ওই শিক্ষার্থী এ পড়ার ওপর নিজেই নম্বর দিতে পারবে। কারণ পড়ার শুদ্ধতা ও ত্রুটিগুলো সে খুব সহজেই ধরতে পারবে।এভাবে প্রতি মিনিটে কয়টি শুদ্ধ বা অশুদ্ধ শব্দ উচ্চারিত হয়েছে কিংবা কতবার ঠেকে গিয়েছে তা পর্যবেক্ষণ করা যায় সহজেই। এস নোটোলি বলেন, প্রথমবারের পর দ্বিতীয়বার বা তৃতীয়বার ওই পাঠটুকু রেকর্ড করার সময় পাঠক পর্যায়ক্রমে তার ত্রুটিগুলো থেকে মুক্ত হয়ে উঠতে পারবে।সাপোর্টেড রিডিং: সাপোর্টেড রিডিং হচ্ছে এমন একটি পর্যায়, যে পর্যায়ে একজন দক্ষ পাঠক একজন নতুন শিক্ষার্থী-পাঠককে তার পাঠ-দক্ষতায় সহায়তা করে; বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এমন একটি প্রক্রিয়া হচ্ছে দক্ষতর কারও সঙ্গে গলায় গলা মিলিয়ে একযোগে সবাই সশব্দে কোনো কিছু পড়া বা উচ্চারণ করা। আমরা অনেকেই ছোটবেলায় যে রকম একসঙ্গে নামতা পড়তাম, অনেকটা সে রকম। এটা হতে পারে বাবা-মা ও শিশু, শিক্ষক ও শিক্ষার্থী, বেশি ও কম বয়সী শিক্ষার্থী অথবা একই ক্লাসের একাধিক শিক্ষার্থী একসঙ্গে।আমাদের অবস্থান: অনর্গল পড়ে যাওয়ার দক্ষতায় অনেক শিক্ষার্থীর অবস্থানই সুবিধাজনক নয়। যেখানে পরীক্ষার জন্য পাঠ আয়ত্ত করতেই তারা হিমশিম খায়, সেখানে পড়ার শৈল্পিক উত্কর্ষ বাড়াতে তাদের সময় কোথায়? কিন্তু শিক্ষার্থীদের বুঝতে হবে, শব্দের গঠন সম্পর্কে ধারণা, ভোকাবুলারি, যতি চিহ্নের ব্যবহার এবং সর্বোপরি ভাষার ওপর দক্ষতা যেমন পড়ার দক্ষতা বাড়ায়, তেমনি পড়ার দক্ষতা আবার পাঠ আয়ত্তে সহায়ক হয়ে থাকে। এ ছাড়া তাত্ক্ষণিক বক্তব্য দেওয়া কিংবা ধারা বিবরণী প্রদান করা অথবা সংবাদ পাঠের মতো ক্ষেত্রে ভাষার সৃজনশীলতা ব্যবহারে দক্ষতা বাড়াতে ভাষার ওপর দক্ষতা তথা রিডিং ফ্লুয়েন্সি একান্ত জরুরি।যেসব শিক্ষার্থী রিডিং পড়তে গিয়ে বারবার ঠেকে যায়, বাধাগ্রস্ত হয় বারবার; আর সে কারণে পুরো বিবরণটি আয়ত্ত করতে সমস্যা হয়। তারা নিয়মতান্ত্রিকভাবে চেষ্টা করলে অবশ্যই পাঠ-দক্ষতা বাড়াতে পারবে।