সামাজিক বিজ্ঞান
সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতাপ্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘সামাজিক পরিবর্তনের ধারাবাহিকতা’ অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য অধ্যায়টির বিষয়বস্তু ভালোভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।আশকা ও ফাল্গুনি সামাজিক বিজ্ঞান বিষয় পাঠের মাধ্যমে জানতে পেরেছে সমাজ পরিবর্তনে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুুক্তিবিদ্যা উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিলে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট খেলা তারা আর সবার মতো উপভোগ করতে পেরেছে টেলিভিশনের মাধ্যমে। সংবাদপত্র পাঠের মধ্য দিয়েই এই খেলার বিস্তারিত তথ্য জানতে পেরে আশকা তার বন্ধু ফাল্গুনিকে বলল, প্রযুক্তি ও যোগাযোগব্যবস্থার এই পরিবর্তনে রয়েছে বিভিন্ন যুগের মনীষীদের আবিষ্কারসমূহের অবদান। তাঁদের ত্যাগ-তিতিক্ষার ফলে চাকা, ছাপাখানা, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট, ই-মেইল, ই-কমার্স প্রভৃতি আবিষ্কৃত হয়েছে। প্রশ্ন: ক. নবজাগরণের সূত্রপাত হয় কোন যুগে? প্রশ্ন: খ. মানুষের স্বাচ্ছন্দ্যময় জীবনে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুুক্তির প্রয়োগের প্রভাব ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. জ্ঞানের প্রসার বৃদ্ধিতে টেলিভিশনের ভূমিকা বিশ্লেষণ করো। প্রশ্ন: ঘ. সামাজিক পরিবর্তনে দৈনন্দিন জীবনে ব্যবহূত যন্ত্রপাতিসমূহের তাৎপর্য মূল্যায়ন করো। উত্তর: ক. ১৪০০ খ্রিষ্টাব্দ থেকে নবজাগরণের সূত্রপাত হয়। এই যুগকে ‘রেনেসাঁ যুগ’ বলে অভিহিত করা হয়। উত্তর: খ. মানুষের জীবনে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ বিভিন্নভাবে স্বাচ্ছন্দ্যময় প্রভাব রাখছে। তাই প্রাচীন যুগের তুলনায় আধুনিক সমাজের প্রকৃতি ও কাঠামোতে ব্যাপক পরিবর্তন ঘটছে। প্রধান পরিবর্তন সূচিত হয়েছে গ্রামীণ সমাজব্যবস্থার বদলে শহরকেন্দ্রিক সমাজব্যবস্থার ভিত্তি হয়েছে। আরও উল্লেখযোগ্য স্বাচ্ছন্দ্যময় খাতগুলো হলো—১. শিল্পের বিপুল অগ্রগতির ফলে মানুষ জীবনযাত্রার মানোন্নয়নের ব্যাপারে অধিক আত্মসচেতন হয়েছে। ফলে মানুষের ব্যক্তিস্বাধীনতা ও মানমর্যাদাবোধ হয়েছে। ২. বিজ্ঞান, শিল্পকলা, শিক্ষার ব্যাপক প্রচার প্রভৃতি মানুষের চেতনাবোধের উন্নয়ন ঘটিয়েছে। ৩. যুক্তিবাদী আধুনিক মানুষ প্রকৃতির হাতে নিজেকে সঁপে না দিয়ে জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির কলাকৌশলকে বাস্তবজীবনে ব্যবহার উপযোগী করে তুলছে। অলৌকিক ক্ষমতায় বিশ্বাস ও কুসংস্কারের প্রভাব থেকে মুক্ত হয়ে মানুষ আজ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগ করে জীবনকে সুখী ও স্বাচ্ছন্দ্যময় করে তুলেছে। উত্তর: গ. আশকা ও ফাল্গুনী টেলিভিশনের মাধ্যমে ক্রিকেট খেলা উপভোগ করেছে ও সংবাদপত্র পাঠের মাধ্যমে খেলা সম্পর্কিত তথ্য জানার পাশাপাশি ভৌগোলিক জ্ঞান অর্জন করেছে। আর তা সম্ভব হয়েছে অত্যাধুনিক গণমাধ্যম টেলিভিশনের মাধ্যমে। আধুনিক সময়ের অন্যতম প্রয়োজনীয় গণমাধ্যম টেলিভিশন বহুমাত্রিকভাবে জ্ঞানার্জনে সহায়তা করছে। তা হলো— ১. উন্নত বিশ্বের যেকোনো ঘটনা, নতুন পরিস্থিতি, নতুন আবিষ্কৃত প্রযুক্তির খবর মুহূর্তের মধ্যে সারা পৃথিবীতে খবরের মাধ্যমে আমরা জানতে পারি। ২. বিভিন্ন দেশের উন্নত জীবনধারা, সংস্কৃতি-সভ্যতা প্রভৃতি প্রচার করে সামাজিক পরিবর্তনে সহায়তা করে টেলিভিশন। ৩. টেলিভিশনে গ্রামীণ সমাজের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রচারিত অনুষ্ঠানমালা আমাদের জ্ঞান বৃদ্ধিতে কাজ করে থাকে। ৪. শিক্ষা, স্বাস্থ্য, আধুনিকতা বোধ, অধিকার, কর্তব্য ইত্যাদি সম্পর্কে প্রচারিত নানা অনুষ্ঠান, বিজ্ঞাপনচিত্র আমাদের জীবনধারা ও জীবনবোধ সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করে।‘প্রচারেই প্রসার’—তাই বলা যায় সার্বিকভাবে বর্তমান সময়ে আমাদের জ্ঞান বৃদ্ধিতে টেলিভিশনে প্রচারিত বিভিন্ন শিক্ষামূলক অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা আমাদের আত্মসচেতন করে তুলছে। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল