সামাজিক বিজ্ঞান
অধ্যায়-১৬প্রয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১৬ নম্বর অধ্যায় ‘যৌতুক প্রথা ও বাংলাদেশের নারী’ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। খবরের কাগজের শিরোনাম ‘যৌতুকের কারণে নারীর মৃত্যু’। এই খবর পাঠ করে অষ্টম শ্রেণীর ছাত্রী মাহা ও ছোঁয়া শ্রেণীতে সামাজিক বিজ্ঞান শিক্ষককে জিজ্ঞাসা করেন, এ সমস্যা থেকে সমাজ কীভাবে রক্ষা পাবে? তাদের এসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে শিক্ষক জানালেন, সমাজে প্রচলিত এ সমস্যার সমাধানে রয়েছে শাস্তিমূলক আইন। তিনি যৌতুক প্রথার কুফলগুলো ও প্রতিকারের উপায় বিশ্লেষণ করে ছাত্রীদের বললেন, যৌতুক নারী নির্যাতনের একটি প্রধান কারণ।ক. যৌতুক কাকে বলে?খ. সামাজিক সমস্যা হিসেবে যৌতুক প্রথার কুফল ব্যাখ্যা করো। গ. ‘নারী নির্যাতনের কারণ যৌতুক’—বক্তব্যের আলোকে যৌতুকবিরোধী আইন ও শাস্তির বিধানগুলো বিশ্লেষণ করো।ঘ. সমাজ থেকে যৌতুক প্রথা নিরসনে কী উদ্যোগ নেওয়া যেতে পারে? তোমার মতামত দাও।উত্তর: ক. বিয়ের সময় কিংবা বিয়ের আগে বা পরে বরপক্ষ অন্যায়ভাবে চাপ প্রয়োগের মাধ্যমে কন্যাপক্ষের কাছ থেকে যে অর্থ-সম্পদ আদায় করে নেয় তাকে যৌতুক বলে।উত্তর: খ. বাংলাদেশের একটি অন্যতম সামাজিক সমস্যা যৌতুক প্রথা। ইসলাম ধর্মে যৌতুক প্রদানের কোনো নিয়ম না থাকা সত্ত্বেও এ দেশের সনাতন হিন্দু সমাজে প্রচলিত এ বিধানটি আজ আমাদের সমাজে একটা সামাজিক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এর বহুবিধ কুফলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—১। বরপক্ষের যৌতুকের দাবি পূরণ করতে গিয়ে কনের দরিদ্র মা-বাবা কখনো কখনো নিঃস্ব হয়ে যায়। ২। কোনো কোনো সময় মেয়ের সুখশান্তির কথা ভেবে জীবনের শেষ সম্বলটুকু মেয়ে-জামাইকে যৌতুক দিতে বাধ্য হন। ৩। যৌতুকের দাবি মেটাতে না পারলে বরপক্ষের কেউ কেউ নববিবাহিত কনের ওপর দৈহিক ও মানসিক নির্যাতন করে থাকে। বরপক্ষ যৌতুক হিসেবে যত বেশি টাকা-পয়সা আদায় করতে পারে তত বেশি নিজেকে গৌরবান্বিত মনে করে। সমাজে প্রতিষ্ঠা লাভের উপায় হিসেবে যৌতুক প্রথা বরপক্ষের কাছে একটি সহজতর পন্থা, যা আমাদের সমাজে দুরারোগ্য ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে।উত্তর: গ. যৌতুকের অভিশাপে বিবাহিত নারীর জীবনে নেমে আসে বিচ্ছেদের বেদনা। নির্যাতনে ঘটে জীবনের অবসান। তাই যৌতুকের এ অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার জন্য বাংলাদেশে আইন চালু রয়েছে। যৌতুকবিরোধী আইন ও শাস্তির বিধানগুলো হলো।১। বাংলাদেশ জাতীয় সংসদে ১৯৮০ সালে ‘যৌতুক নিষিদ্ধ করা আইন’ পাস করা হয়। এতে বলা হয়, ‘যদি কোনো ব্যক্তি যৌতুক প্রদান অথবা গ্রহণ অথবা যৌতুক দেওয়া ও নেওয়ায় প্ররোচিত করে, তা হলে তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।’ ২। ১৯৮৬ সালের যৌতুক নিষিদ্ধকরণ (সংশোধন) অধ্যাদেশের মাধ্যমে পরিবর্তন করে ন্যূনতম এক বছর ও সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান করা হয় এ আইনে। এটি কার্যকর হবে যৌতুক দাবি করা হলে। ৩। অন্যান্য বিষয়সহ যৌতুক-সংক্রান্ত নির্যাতন রোধকল্পে প্রণয়ন করা হয় ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০’। এ আইনে নারীর স্বামী ও আত্মীয়স্বজনদের যে কেউ নারীর মৃত্যু ঘটালে শাস্তি হবে ‘মৃত্যুদণ্ড’ অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে ‘যাবজ্জীবন’ কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত করার বিধান করা হয়। ৪। যৌতুকের জন্য নারীকে আহত করা হলে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড বা আহত করার চেষ্টা করার জন্য অনধিক ১৪ বছর কারাদণ্ড কিন্তু অন্যূন পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ড ও কারাদণ্ডের সঙ্গে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।৫। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের যৌতুক সংক্রান্ত বিধানগুলো ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন দিয়ে সংশোধন করা হয়। এখানে বলা হয়, যৌতুকের জন্য নারীর মৃত্যু ঘটানো হলে মৃত্যুদণ্ড অথবা মৃত্যু ঘটানোর চেষ্টা বা জখম করা হলে বা মারাত্মক জখমের জন্য যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ১২ বছর কিন্তু পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়। অপরদিকে সাধারণ জখমের জন্য অনধিক তিন বছর কিন্তু অন্যূন এক বছরের সশ্রম কারাদণ্ড ও অতিরিক্ত অর্থদণ্ড এবং এর সঙ্গে কার্যকর করার বিধান করা হয়।যৌতুকের অভিশাপে বিবাহিত নারীর জীবনে নেমে আসে বিচ্ছেদের বেদনা। নির্যাতনে ঘটে জীবনের অবসান। আমাদের অন্যতম এই সামাজিক সমস্যা থেকে উত্তরণের জন্য শাস্তিমূলক আইনগুলোর সঠিক বাস্তবায়ন প্রয়োজন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল