সামাজিক বিজ্ঞান
অধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৭ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।ঘ. পশ্চিমাদের বৈষম্যনীতিসমূহ প্রকটভাবে ধরা পড়ার পরে এ দেশে কী ঘটেছিল? বুঝিয়ে লেখো।উত্তর: ঘ. একটি স্বাধীন দেশের অভ্যুদয়ে পাকিস্তানিদের বৈষম্যমূলক নীতি গুরুত্বপূর্ণ নির্ধারক ছিল। এই বৈষম্য সর্বত্র প্রকটভাবে ধরা পড়েছিল। রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্তরে বিরাজমান বৈষম্যসমূহ দূরীকরণের জন্য এ দেশবাসী একতাবদ্ধ হয়েছিল। ফলে পর্যায়ক্রমে জনমত সংগঠিত হয়ে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে ৩০৯ আসনের মধ্যে ৩০০টিতে জয়লাভ করে। ১৯৫৮ সালের সামরিক শাসন সেই নির্বাচনী রায়কে বাধাগ্রস্থ করে। পরবর্তী সময় ’৬২-র শিক্ষা আন্দোলন, ’৬৬-র ছয়দফা, ছাত্রদের ১১ দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান ও ’৭০-এর নির্বাচনী যে দিনগুলো ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলির সাক্ষ্য দেয়, তারই ধারাবাহিকতায় আমরা ১৯৭১ সালে সশস্ত্র গেরিলা মুক্তিযুদ্ধে জড়িত হই। ১৯৭১ সালের ২৬ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে দীর্ঘ নয় মাস যে যুদ্ধ হয়, তারই ফলে আমরা পেয়েছি ১৯৭১ সালে ১৬ ডিসেম্বরের স্বাধীনতা। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে পারেনি। তাই সাতই মার্চ বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের ডাক দিয়ে জাতিকে স্বাধীনতাযুদ্ধের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের ডাক দেন। পরবর্তী সময় পঁচিশে মার্চ গভীর রাতে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়, তবে তার আগেই তিনি ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা প্রচারের ব্যবস্থা করেন। ২৭ মার্চ মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে আবার স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। তৎক্ষণাৎ সারা দেশে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। গেরিলা পদ্ধতিতে পরিচালিত সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ শত্রুমুক্ত হয়। ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে আসে সেই মাহেন্দ্রক্ষণ। হানাদার বাহিনীর প্রধান লে. জেনারেল নিয়াজী ৯৩ হাজার সেনা নিয়ে যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তাই তো, আজ আমরা ‘৭১ অবিনাশী সত্তা’। আমাদের রয়েছে মক্তিযুদ্ধ জাদুঘর, শহীদ ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা। তাঁদের জন্যই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক।