সামাজিক বিজ্ঞান
অর্থনীতিপ্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয় অর্থনীতি অংশ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। ঢাকার রিকশাচালক রহিম প্রতিদিন রিকশা চালিয়ে জীবন ধারণ করেন। তাঁর সন্তানেরা টিভি দেখার জন্য পাশের বাড়ি যায়। গত ঈদে আয় ভালো হওয়ায় রহিম মিঞার সন্তানেরা টিভির জন্য বায়না ধরে এবং তিনি একটি টিভি কেনেন। ক. অর্থনীতিতে অভাব কী? খ. উৎপাদক দ্রব্য বলতে কী বোঝায়? গ. রহিম মিঞার টিভি কেনার ইচ্ছা কোন ধরনের অভাব, ব্যাখ্যা করো। ঘ. রহিম মিঞার ক্রয়কৃত টিভিটি অর্থনীতিতে সম্পদ কি না? যুক্তিসহকারে বিশ্লেষণ করো। উত্তর: ক. অর্থনীতিতে অভাব বলতে যেকোনো দ্রব্যসমগ্রী পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে বোঝায়। উত্তর: খ. সাধারণত ‘দ্রব্য’ বলতে কোনো বস্তুগত সম্পদকে বোঝায়। তবে যেসব বস্তুর উপযোগ আছে অর্থাৎ যে বস্তু মানুষের অভাব পূরণ করতে সক্ষম অর্থনীতির পরিভাষায় তাদের ‘দ্রব্য’ বলা হয়। দ্রব্যের কয়েকটি শ্রেণীবিভাগ রয়েছে। উৎপাদক দ্রব্য তার মধ্যে একটি। যেসব দ্রব্য প্রত্যক্ষভাবে ভোগ করা যায় না কিন্তু ভোগ্য দ্রব্য উৎপাদনে সাহায্য করে তাকে উৎপাদক দ্রব্য বলা হয়। যেমন যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি। উত্তর: গ. রহিমের টেলিভিশন ক্রয়ের ইচ্ছাটা বিলাসজনিত দ্রব্যের অভাবের পর্যায়ে পড়ে। কারণ অনাবশ্যক অথচ জাঁকজমকপূর্ণ অথবা মর্যাদা বৃদ্ধির জন্য যেসব দ্রব্য ব্যবহূত হয় সেসব দ্রব্যের অভাবকে বিলাসজনিত দ্রব্যের অভাব বলে। রিকশাচালক রহিম মর্যাদা বৃদ্ধির জন্য একটি টেলিভিশন কিনতে আগ্রহী। একজন গরিব রিকশাচালকের টেলিভিশন কেনার ইচ্ছাটি তাই বিলাসজাত দ্রব্যের অভাবের পর্যায়ে পড়ে। রহিমের টেলিভিশন ক্রয় বিলাসজাত দ্রব্যের মধ্যে পড়লেও চিত্তবিনোদনের জন্য এটা খুব প্রয়োজন। এখন যদি রহিম তাঁর আয় দ্বারা পরিবারের মৌলিক চাহিদা পূরণ করার পর কোনো অর্থ উদ্বৃত্ত থাকে তাহলে সে ক্ষেত্রে রহিম টেলিভিশন কিনতে পারে। বর্তমান যুগে মৌলিক চাহিদা পূরণের পর চিত্তবিনোদনের পাশাপাশি দেশের খবরাদিসহ অনেক শিক্ষামূলক অনুষ্ঠান দেখার জন্য টেলিভিশনের মতো বিলাসজাত দ্রব্য ক্রয় করা অনেক ক্ষেত্রেই দরকারি হয়ে পড়ে। দরিদ্র দেশের জনগণের এসব দ্রব্য ভোগ সমাজের সীমিত সম্পদের অপচয় ঘটায়। উত্তর: ঘ. রহিম মিঞার ক্রয়কৃত টিভিটি অর্থনীতিতে সম্পদ। সাধারণত সম্পদ বলতে ধন-সম্পদ বা টাকা-পয়সাকে বোঝায়। কিন্তু অর্থনীতিতে সম্পদ একটি বিশেষ অর্থে ব্যবহূত হয়। যেসব দ্রব্যের উপযোগ আছে, যার জোগান সীমাবদ্ধ, যা মানুষের তৈরি এবং যার বিনিময় মূল্য আছে তাকেই অর্থনীতিতে সম্পদ বলে। বস্তুগত দ্রব্য চেয়ার, টেবিল, ধান, পাট, কলম ইত্যাদি যেমন সম্পদ আবার অবস্তুগত সামগ্রী যেমন ব্যবসার সুনামও সম্পদ বলে গণ্য হতে পারে। অর্থনীতিতে কোনো দ্রব্যকে সম্পদ হিসেবে পরিগণিত হতে হলে চারটি বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন: ১. উপযোগ: সম্পদের প্রথম বৈশিষ্ট্য হলো উপযোগ। মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে উপযোগ বলা হয়। কোনো জিনিসকে সম্পদ হতে হলে অবশ্যই তার উপযোগ থাকতে হবে। এ ক্ষেত্রে রহিমের টিভি তাঁর অভাব পূরণে ভূমিকা রেখেছে। ২. অপ্রাচুর্য বা সীমাবদ্ধ জোগান: সম্পদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো অপ্রাচুর্য বা সীমাবদ্ধ হতে হবে। যে দ্রব্য চাহিদার তুলনায় অঢেল এবং বিনা মূল্যে পাওয়া যায় তাকে সম্পদ বলা যায় না। যেমন: বাতাস, নদীর পানি, আলো, মরুভূমির বালু ইত্যাদি। টিভি এমন একধরনের বস্তু যার জোগান সীমাবদ্ধ অর্থাৎ চাহিদার তুলনায় তা সীমিত।৩. হস্তান্তরযোগ্যতা: সম্পদের তৃতীয় বৈশিষ্ট্য হলো এর হস্তান্তরযোগ্যতা। অর্থনীতিতে হস্তান্তরযোগ্যতা বলতে ওই দ্রব্যের মালিকানা পরিবর্তনকে বোঝায়। মালিকানা পরিবর্তন করা যায় বলেই জমি সম্পদ। রহিমের ক্রয়কৃত টিভিটির হস্তান্তরযোগ্যতা রয়েছে।৪. বাহ্যিকতা: সম্পদের চতুর্থ বৈশিষ্ট্য হলো বাহ্যিকতা। সম্পদ হতে হলে তার বাহ্যিক অবস্থান থাকতে হবে। টেলিভিশনেরও বাহ্যিক অবস্থান রয়েছে। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায় যে রহিমের ক্রয়কৃত টেলিভিশন সম্পদের সব বৈশিষ্ট্যের আলোকে সম্পদ বলে গণ্য।