সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঔপনিবেশিক যুগের প্রত্ন পরিচয়# এক ছুটির দিনে তাজরী তার নানাভাইয়ের সঙ্গে পুরান ঢাকার ঐতিহাসিক স্থানগুলো দেখতে গিয়েছিল। মোগল স্থাপত্যরীতিতে তৈরি মসজিদ, মন্দির, গির্জাগুলো দেখিয়ে নানাভাই তাকে নিয়ে গেলেন সদরঘাট এলাকায় অবস্থিত বাহাদুর শাহ পার্কের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে। একপর্যায়ে তিনি তাজরীকে জানালেন, উনিশ শতকে এই স্থানটির নাম ছিল ভিক্টোরিয়া পার্ক। তিনি আরও জানালেন, এর সঙ্গে জড়িয়ে আছে ইংরেজ আমলের প্রথম সশস্ত্র বিদ্রোহের স্থান, এরপর তারা একে একে দেখল আহসান মঞ্জিল, কার্জন হল ও হাইকোর্ট ভবন। প্রশ্ন: ক. ঔপনিবেশিক যুগ কোনটি?খ. প্রত্নসম্পদ বলতে কী বোঝায়?গ. ‘মোগল স্থাপত্যরীতিতে তৈরি মসজিদের ঐতিহ্য ঢাকাকে মসজিদের শহরে পরিণত করেছে’— উদ্দীপকের আলোকে বক্তব্যটি ব্যাখ্যা করো।ঘ. বর্তমান বাহাদুর শাহ পার্কের স্মৃতিস্তম্ভ ইংরেজ আমলের প্রথম স্বাধীনতাযুদ্ধের ইতিহাসের সাক্ষী স্বাধীনতাযুদ্ধের প্রথম ঘটনাটি বিশ্লেষণ করো। উত্তর: ক. বাংলাদেশে প্রায় ২০০ বছরের ইংরেজ শাসনামলই (১৭৫৭-১৯৪৭) ঔপনিবেশিক যুগ হিসেবে চিহ্নিত। এরপর আরও প্রায় দুই দশক আমাদের পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের অধীনে থাকতে হয়েছিল। উত্তর: খ. ‘প্রত্ন’ শব্দের অর্থ হলো পুরোনো বা প্রাচীন। প্রত্নসম্পদ বলতে পুরোনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, পুরোনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদিকে বোঝায়। এসব নিদর্শনের মধ্য দিয়ে সেকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস-সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করা যায়। আমরা বাঙালি সমৃদ্ধ সংস্কৃতির অধিকারী একটি প্রাচীন জাতি। আমাদের সংস্কৃতি ও সভ্যতার মধ্যে জাতির চিন্তাশক্তি ও প্রতিভার পরিচয় পাওয়া যায়। প্রাচীন সভ্যতার নিদর্শনসমূহই আমাদের প্রত্নসম্পদ। উত্তর: গ. ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিটি পাড়া-মহল্লা, ওয়ার্ড থেকে শুরু করে প্রায় প্রতিটি গলিতে দৃষ্টিনন্দন ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ দেখা যায়। অধিকাংশ দৃষ্টিনন্দন মসজিদ ঔপনিবেশিক যুগে গড়ে উঠেছে। ঢাকার মসজিদগুলো মূলত মোগল স্থাপত্যরীতিতে তৈরি। তবে এর সঙ্গে কিছুটা ইউরোপীয় রীতিও যোগ হয়েছে। উনিশ শতকে তৈরি ঢাকার উল্লেখযোগ্য মসজিদগুলো হলো—লালবাগ মসজিদ, লক্ষ্মীবাজারের চনিটিকার মসজিদ, সূত্রাপুরের কলুটোলা জামে মসজিদ, বেচারাম দেউড়ি মসজিদ, কায়েতটুলি মসজিদ ও সূত্রাপুরের সিতারা বেগম মসজিদ।উল্লিখিত মসজিদগুলো স্থাপত্য শিল্পের চমৎকার নিদর্শন। শিয়াদের ইমামবাড়া হোসেনি দালান মসজিদ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলে তা ইংরেজ আমলে নতুন করে নির্মিত হয়েছিল। ঢাকার বিখ্যাত মসজিদগুলো পরিদর্শন শেষে তাজরীকে তার নানাভাই সঠিক তথ্যই দিলেন, মসজিদের শহর ঢাকার মসজিদগুলো মোগল স্থাপত্যরীতিতে তৈরি এবং দৃষ্টিনন্দন। এ স্থাপত্যশিল্পের ঐতিহ্য ঢাকা শহরকে মসজিদের শহরে পরিণত করেছে, যা বিশ্বব্যাপী ঢাকা শহরকে বিখ্যাত শহরের মর্যাদা এনে দিয়েছে। উত্তর: ঘ. তাজরী তার নানাভাইয়ের সঙ্গে সদরঘাট এলাকার বাহাদুর শাহ পার্কের স্মৃতিস্তম্ভ পরিদর্শনে গেলে ইংরেজ আমলে সংঘটিত প্রথম সশস্ত্র বিদ্রোহের ঘটনাটি সে জানতে পারল। মূলত ওই বিদ্রোহ সংঘটিত হয়েছিল ১৮৫৭ সালে, যা ছিল প্রথম ভারতীয় স্বাধীনতাযুদ্ধের ইতিহাস। ১৮৫৭ সালে ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত এ দেশীয় সেনারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতাযুদ্ধ শুরু করেছিল। ইংরেজরা একে বলে সিপাহি বিদ্রোহ। যুদ্ধে এ দেশীয় ভারতীয় বিদ্রোহী সেনারা ইংরেজদের হাতে বন্দী হলে ইংরেজরা তৎকালীন আন্টাঘর ময়দানে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেয়। একপর্যায়ে স্থানটির নাম ছিল ব্রিটেনের রানি ভিক্টোরিয়ার নামে ভিক্টোরিয়া পার্ক। আরও ১০০ বছর পর ১৯৫৭ সালে স্বাধীনতার জন্য প্রাণদানকারী সেনাদের স্মৃতিকে স্মরণ করে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। ভারতবর্ষের শেষ মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের নামে বর্তমান পার্কটির নাম বাহাদুর শাহ পার্ক। তাই তো সেই বিদ্রোহে প্রাণদানকারী সেনাদের নাম খোদাই করা হয়েছে বাহাদুর শাহ পার্কে। সেই দেশপ্রেমিক বীর যোদ্ধাদের আমরা চিরদিন স্মরণে রাখব।