সামাজিক বিজ্ঞান
অধ্যায়-২ প্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য সামাজিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-২ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।# টিভি চ্যানেলের টক শোতে মুক্তিযোদ্ধা ইয়াসির সাহেব বলেন, ‘পাকিস্তান সরকারের নানা বৈষম্যের কারণে বাঙালির অবিসংবাদিত নেতা পূর্ব পাকিস্তানের আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য ষাটের দশকে কয়েকটি দাবি উত্থাপন করেন। কিন্তু বাঙালিদের চেতনা দমন করার জন্য তৎকালীন সরকার আমাদের নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকে।’প্রশ্ন:(ক) যুক্তফ্রন্ট কোন কোন দল/কয়টি দল নিয়ে গঠিত হয়েছিল? (খ) ভাষা আন্দোলনের প্রথম পর্যায়টি ব্যাখ্যা করো? (গ) ইয়াসির সাহেবের বক্তব্যে কোন মামলার কথা বলা হয়েছে, ব্যাখ্যা করো। (ঘ) ইয়াসির সাহেবের বক্তব্যে যে দাবির উল্লেখ রয়েছে, তা স্বাধীনতা অর্জনে কী ভূমিকা রেখেছে, বিশ্লেষণ করো। উত্তর:ক. আওয়ামী লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজাম-এ-ইসলাম, বামপন্থী গণতন্ত্রী দল—এ চারটি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়।উত্তর: খ. ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ‘তমদ্দুন মজলিস’ নামে গঠিত সাংস্কৃতিক সংগঠন বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম ও আইন-আদালতের ভাষা হিসেবে ব্যবহারের জোর প্রচারণা চালায়। ‘তমদ্দুন মজলিসের’ উদ্যোগে অক্টোবরে সর্বপ্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ১৯৪৭ সালের ডিসেম্বরে করাচিতে কেন্দ্রীয় শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে এর প্রতিবাদে ৬ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা ও শিক্ষার মাধ্যম করার দাবি জানিয়ে প্রস্তাব গৃহীত হয়।উত্তর: গ. উদ্দীপকের ইয়াসির সাহেবের বক্তব্যে যে মামলার কথা বলা হয়েছে তা হলো, ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’।পাকিস্তান সরকার কর্তৃক রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য সৃষ্টির পরিপ্রেক্ষিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালে পূর্ব পাকিস্তানের পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দাবিসংবলিত ছয় দফা কর্মসূচির ঘোষণা দেন। এই ছয় দফা কর্মসূচি বাঙালিদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং এর পক্ষে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি হয়। এতে পাকিস্তানি শাসকগোষ্ঠী ছয় দফাকে পাকিস্তানের অস্তিত্বের প্রতি হুমকিস্বরূপ মনে করে।পাকিস্তান সরকার ভীতসন্ত্রস্ত ও ক্ষিপ্ত হয়ে শেখ মুজিব, অন্যান্য নেতা-কর্মী ও বিশিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করে। ছয় দফা কর্মসূচিকে অঙ্কুরে বিনষ্ট করার উদ্দেশ্যে ১৯৬৮ সালের জানুয়ারিতে শেখ মুজিবকে প্রধান আসামি করে ৩৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে ‘আগরতলা ষড়যন্ত্র মামলা’ নামে একটি মামলা করা হয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাঁরা ভারতের সহায়তায় সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব পাকিস্তানকে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।উত্তর: ঘ. টিভি চ্যানেলের টক শোতে মুক্তিযোদ্ধা ইয়াসির সাহেবের বক্তব্যে ‘ছয় দফা’ দাবির উল্লেখ রয়েছে।১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ছয় দফা কর্মসূচি পেশ করেন। পাকিস্তান সরকার কর্তৃক পূর্ব পাকিস্তানে রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক বৈষম্যের পরিপ্রেক্ষিতে পূর্ব পাকিস্তানে পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দাবিই ছিল এই ছয় দফা।ছয় দফার প্রতি পূর্ব পাকিস্তানের জনগণের পূর্ণ সমর্থন ছিল। ছয় দফাই পরিণত হয়েছিল জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে। পূর্ব পাকিস্তানের জনগণ বুঝতে পেরেছিল, ছয় দফার মাধ্যমেই তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তি সম্ভব। তাই পরে ছাত্রসমাজ ছয় দফার সঙ্গে আরও কিছু কর্মসূচি যুক্ত করে ১১ দফার ভিত্তিতে এই অঞ্চলের মুক্তির আন্দোলন শুরু করে। এই আন্দোলনের পরবর্তী পর্যায়ে ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও ১৯৭১ সালের অসহযোগ ও প্রতিরোধ আন্দোলনই পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানের মুক্তির আন্দোলনে পরিণত হয়।তাই ছয় দফাকে বলা হয় বাঙালির মুক্তির সনদ। পূর্ব পাকিস্তানের জনগণের মধ্যে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটাতে ছয় দফার গুরুত্ব ছিল অপরিসীম। ছয় দফার মধ্যেই বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল। ব্রিটিশ গণতন্ত্রের ইতিহাসে যেমন ম্যাগনা কার্টা অধিকার বিল, ঠিক তেমনি বাঙালিদের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি ছিল ছয় দফা কর্মসূচি।