সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজ, সংস্কৃতি ও সভ্যতা  প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান থেকে সৃজনশীল প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।নিলিমা তার মা-বাবার সঙ্গে বান্দরবান বেড়াতে গিয়ে বিস্মিত হলো। এখানে জনবসতি খুব কম এবং ঘরগুলো উঁচু খুঁটির ওপর কাঠের তৈরি। অধিবাসীরা সবাই পাহাড়ি রাজার অনুগত এবং তারা জুমচাষ ও বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। মজার ব্যাপার হলো তাদের একটি নিজস্ব ভাষা রয়েছে।প্রশ্ন: ক. সমাজ সম্পর্কে জিসবার্টের উক্তিটি লেখো।প্রশ্ন: খ. কোন সময়কে খাদ্য সংগ্রহ অর্থনীতি বলা হতো?প্রশ্ন: গ. নিলিমার দেখা মানুষগুলোর ওপর তাদের ভৌগোলিক পরিবেশের প্রভাব লেখো।প্রশ্ন: ঘ. তাদের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে মন্তব্য করো।উত্তর: ক. সমাজ সম্পর্কে সমাজবিজ্ঞানী জিসবার্টের উক্তি, ‘সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তার সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত।’উত্তর: খ. আদিম সমাজের লোকদের অর্থনৈতিক অবস্থা ছিল অত্যন্ত সহজ-সরল ও নিম্নমানের। তারা দলবদ্ধ হয়ে বনজঙ্গল থেকে ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার করত এবং নদী-নালা, খাল-বিল থেকে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করত। এ সমাজের মানুষ খাদ্য উৎপাদন করতে পারত না, প্রকৃতি থেকে খাদ্য সংগ্রহ করত। তাই এ অর্থনীতিকে খাদ্য সংগ্রহ অর্থনীতি বলা হতো।উত্তর: গ. পাহাড়ি পরিবেশের কারণে দৃশ্যপটের মানুষগুলোর জীবনধারা আমাদের থেকে ভিন্ন। তাদের জীবনের বিভিন্ন দিকে পরিবেশের প্রভাব নিম্নরূপ:১. গৃহনির্মাণ: পাহাড়ি জীবজন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা উঁচু খুঁটির ওপর ঘর নির্মাণ করে। বনে প্রচুর গাছ ও বাঁশ জন্মে বলে তারা ঘর নির্মাণে কাঠ ও বাঁশ ব্যবহার করে।২. কৃষিকাজ: পাহাড়ি পরিবেশের জন্য তারা জুমচাষের মাধ্যমে কৃষিকাজ করে। কারণ, পাহাড়ি পরিবেশে সাধারণ কৃষিকাজ সম্ভব নয়।৩. বনজ সম্পদ আহরণ: পাহাড়ি অঞ্চল বনজ সম্পদে সমৃদ্ধ। তাই এখানে অনেক মানুষ বনজ সম্পদ সংগ্রহ ও বিক্রয়কে প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছে।৪. খাদ্য: এখানে উৎপাদিত ও বন থেকে সংগৃহীত শস্য ও ফলই তাদের খাদ্য। এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা ভালো নয়। তাই অন্য অঞ্চলের উৎপাদিত শস্য তাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হয় না।৫. জনসংখ্যার বণ্টন/ঘনত্ব: প্রতিকূল পরিবেশের কারণে বান্দরবান এলাকায় প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৫৪ জন। অথচ বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব প্রায় ৯৫৩ জন।উত্তর: ঘ. বর্তমানে সব জনসমাজই নানা ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। দৃশ্যপটে বর্ণিত মানুষের ক্ষেত্রেও এ প্রভাব লক্ষণীয়।রাজনৈতিক কর্মকাণ্ড: মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয় সাধারণ নাগরিকের অধিকার আদায়ের লক্ষ্যে রাষ্ট্রের নানাবিধ কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য, স্বাধীনভাবে মতামত প্রকাশ করার জন্য এবং দাবি-দাওয়া আদায়ের জন্য।বান্দরবান এলাকার মানুষেরা তাদের নিজস্ব গোত্রপ্রধান বা পাহাড়ি রাজার অনুগত। রাজার আদেশ-নির্দেশ অনুযায়ী তাদের সব কর্মকাণ্ড পরিচালিত হয়। এই রাজনৈতিক চেতনা ও ঐক্য তাদের চিন্তা-চেতনাকে প্রভাবিত করে।অর্থনৈতিক কর্মকাণ্ড: মানুষের জীবনে যে কাজগুলো অর্থ উপার্জন ও ব্যয়ের সঙ্গে সম্পৃক্ত, তা-ই অর্থনৈতিক কাজ। বান্দরবান পাহাড়ি এলাকা। তাই এই এলাকায় শিল্প-কলকারখানাসহ অন্যান্য পেশার বিকাশের উপযোগী পরিবেশ নেই। এ এলাকার মানুষ তাদের মৌলিক চাহিদা পূরণের জন্য জুমচাষের মাধ্যমে নিজেদের প্রয়োজনীয় শস্য উৎপাদন করে এবং বনাঞ্চল থেকে বিভিন্ন বনজ সম্পদ সংগ্রহ ও বিক্রয় করে। অন্য পেশা বিকাশের সুযোগ না থাকায় তারা এভাবেই জীবিকা নির্বাহ করে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল