সামাজিক বিজ্ঞান
শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৬প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ ৬ষ্ঠ অধ্যায়ের একটি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো। প্রশ্ন: গ. তত্কালীন সমাজে বঙ্গভঙ্গের ফলে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল—ব্যাখ্যা করো।উত্তর: গ) বঙ্গভঙ্গ পূর্ববঙ্গের জনগণের জন্য নতুন দিগন্তের সূচনা করে। ফলে হিন্দু ও মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দেয়।বর্ধমানের মৌলভি আবুল কাসেম এবং কুমিল্লার ব্যারিস্টার আবদুর রসুল ছাড়া অধিকাংশ শিক্ষিত মুসলমান এ নতুন প্রদেশ গঠনকে স্বাগত জানায়। তাদের নেতা ছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। তিনি মুন্সিগঞ্জে এক ভাষণে বলেন, বঙ্গভঙ্গ আমাদের নিস্ক্রিয়তার হাত থেকে মুক্তি দিয়েছে। এটি আমাদের উদ্দীপ্ত করেছে সাধনার ও সংগ্রামে।বঙ্গভঙ্গের ফলে অন্য প্রদেশের জনগণের মধ্যে বেশ প্রতিক্রিয়া দেখা দেয়। তারা ঢাকা রাজধানীর মর্যাদা পাওয়ায় চরম ক্ষুব্ধ হয়। তারা এটার নাম দেয় ‘বাঙালি জাতিকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্র’ হিসেবে। ঢাকাকে রাজধানী করার বিরোধিতা করে তারা কতিপয় দেশাত্মবোধক গান রচনা করে। এভাবে প্রবল আন্দোলন গড়ে তোলে এর বিরুদ্ধে।প্রশ্ন: ঘ. ‘বঙ্গভঙ্গ রদের পেছনে ছিল হিন্দুদের হস্তক্ষেপ— উক্তির যথার্থতা মূল্যায়ন করো।উত্তর: ঘ. ঢাকা রাজধানী হওয়ায় এ অঞ্চলে উন্নতির সম্ভাবনা দেখা দেয়। পূর্ববঙ্গের অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষাক্ষেত্রে উন্নয়নের দ্বার উন্মুক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এতে আতঙ্কিত হয়ে পড়ে অন্য প্রদেশের জনগণ। বঙ্গভঙ্গ রদের জন্য তারা নানা পন্থা খুঁজতে থাকে। নিচে তা বিশ্লেষণ করা হলো:১। পশ্চিমবঙ্গের জনগণ আশঙ্কা করেছিল বঙ্গভঙ্গের ফলে পশ্চিমবঙ্গের জনগণ ক্ষতিগ্রস্ত হবে এবং পূর্ববঙ্গ এগিয়ে যাবে। তাই তারা একে নাম দেয় বাঙালি জাতির দ্বিখণ্ডক হিসেবে।২। কাসিমবাজারের এক জনসভায় সভাপতি মহারাজা মহেন্দ্রচন্দ্র নন্দী অত্যন্ত জোর দিয়ে বলেন, নয়া প্রদেশে মুসলমান জনগণের রাজত্ব হবে। বাঙালি হিন্দুরা হয়ে পড়বে সংখ্যালঘু। আমরা নিজের ভূমিতে হয়ে পড়ব আগন্তুক। এ জন্য আমরা আতঙ্কিত।৩। তারা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এটিকে জনপ্রিয় করার জন্য কৌশলের আশ্রয় নেয়। এ আন্দোলনের সঙ্গে স্বদেশি পণ্যের প্রচলন ও বিদেশি পণ্যের বর্জন আন্দোলনের ঘোষণা করে জনসমর্থন আদায় করে।৪। এ আন্দোলনকে আরও জনপ্রিয় করার আরেকটি পন্থা ছিল দেশাত্মবোধক গান রচনা। এ সময় কতিপয় দেশাত্মবোধক গান রচনা করা হয়। এ আন্দোলনকে জনপ্রিয় করার জন্য ঢাকার রাজধানী মর্যাদা বাতিল করা হয়। এভাবে আন্দোলনকে বেগবান করে বঙ্গভঙ্গ রদ করা হয়। তাই বলা যায়, বঙ্গভঙ্গ রদের পেছনে ছিল তত্কালীন হিন্দুদের হস্তক্ষেপ।