সামাজিক বিজ্ঞান
অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।নেলি টিভিতে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল খুলতেই দেখল একদল মানুষ পাথরের তৈরি ভোঁতা অস্ত্র লাঠি নিয়ে একটি হরিণের পেছনে দৌড়াচ্ছে। তারপর একসময় ওটাকে শিকার করে মাংসগুলো আগুনে ঝলসে সবাই মিলে খেল। আরেক দল লোক নদীর তীরের বনভূমিতে ফল সংগ্রহ করছে। নেলি অবাক হয়ে লক্ষ করল, এদের পরনে রয়েছে লতাপাতা ও পশুর চামড়া।প্রশ্ন: ক. মরিস জিসবার্টের সমাজের সংজ্ঞাটি লেখো। প্রশ্ন: খ. সমাজের উপাদান হিসেবে পরস্পর নির্ভরশীলতার ধারণাটি ব্যাখ্যা করো। প্রশ্ন: গ. উদ্দীপকে বর্ণিত নেলির দেখা মানুষগুলো কোন সমাজের মানুষকে ইঙ্গিত করে তা ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. ‘উদ্দীপকে বর্ণিত মানুষগুলো জাভা মানুষের প্রতিচ্ছবি’—তুমি কি একমত? মূল্যায়ন করো। উত্তর: ক. সমাজবিজ্ঞানী মরিস জিসবার্টের মতে, ‘সমাজ হলো সামাজিক সম্পর্কের জাল, যে সম্পর্কের দ্বারা প্রত্যেক মানুষ তাঁর সঙ্গীদের সঙ্গে সম্পর্কযুক্ত।’ উত্তর: খ. সমাজ হলো পারস্পরিক সামাজিক সম্পর্কে আবদ্ধ মানবগোষ্ঠী। সমাজ বেশ কিছু উপাদানের সমন্বয়ে গড়ে ওঠে। এসব উপাদানের মধ্যে পরস্পর নির্ভরশীলতা হলো অন্যতম। মানুষ একা বসবাস করতে পারে না। তাই সে সংঘবদ্ধ হয়ে সমাজে বাস করে। সমাজের মানুষ একে অপরের ওপর নির্ভরশীল। সমাজে এক ব্যক্তি অন্য ব্যক্তির সাহায্য-সহযোগিতা ছাড়া স্বয়ংসম্পূর্ণভাবে বসবাস করতে পারে না। যেমন—কৃষক, জেলে, কুমার, তাঁতী, ছুতার, ব্যবসায়ী, ডাক্তার প্রভৃতি শ্রেণী-গোষ্ঠীর মানুষ স্বয়ংসম্পূর্ণভাবে বসবাসের জন্য একে অন্যের ওপর নির্ভরশীল। উত্তর: গ. উদ্দীপকে বর্ণিত নেলির দেখা মানুষগুলো ছিল আদিম সমাজের। নেলির দেখা মানুষগুলো শিকারের হাতিয়ার হিসেবে পাথরের তৈরি ভোঁতা অস্ত্র ও লাঠি ব্যবহার করে। শিকার করা মাংস আগুনে ঝলসে সম্মিলিতভাবে খায় এবং দলবদ্ধভাবে বনভূমিতে ফল সংগ্রহ করে। পোশাক হিসেবে পরনে ছিল লতাপাতা এবং পশুর চামড়া। নেলির দেখা মানুষগুলোর কর্মকাণ্ড থেকে প্রাপ্ত তথ্য আদিম সমাজের মানুষের জীবনব্যবস্থার সঙ্গে মিলে যায়। আদিম সমাজের মানুষও দলবদ্ধ হয়ে বনজঙ্গল থেকে ফলমূল সংগ্রহ ও পশুপাখি শিকার করত। নদীনালা, খাল-বিল থেকে মাছ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। আদিম সমাজের ব্যক্তিগত মালিকানা না থাকায় শিকারে যা পেত সবাই মিলে একসঙ্গে তা খেত। এ সমাজের মানুষেরা আত্মরক্ষা ও পাশুপাখি শিকারের জন্য গাছের ডালপালার লাঠি এবং অমসৃণ অর্থাৎ ভোঁতা পাথরের টুকরা ব্যবহার করত। আদিম সমাজের মানুষ কাপড় বুনতে জানত না। এ জন্য শীত নিবারণ, বৃষ্টি ও রোদের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন লতাপাতা এবং পশুর চামড়া পোশাক হিসেবে ব্যবহার করত। আদিম মানুষের জীবনমান ও টিভিতে নেলির দেখা মানুষগুলো জীবনমানের মধ্যকার সাদৃশ্য পরিলক্ষিত হয়। অর্থাৎ নেলির দেখা মানুষগুলো ছিল আদিম সমাজেরই। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল