সামাজিক বিজ্ঞান
অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ১ নম্বর অধ্যায় থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।আনিস সাহেব লন্ডনে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি পীরগঞ্জে। অনেক দিন পর গ্রামে গিয়ে তিনি অবাক হয়ে গেলেন। সেখানে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদ হচ্ছে। মেয়েরা লেখাপড়া শিখছে। ঘরে ঘরে টেলিভিশন, ফ্রিজ ও মুঠোফোন ব্যবহূত হচ্ছে। মুহূর্তের মধ্যে সারা দেশের খবর জানা যাচ্ছে।প্রশ্ন: ক. সামাজিক পরিবর্তন কী?প্রশ্ন: খ. চিত্তবিনোদনের প্রাচীন মাধ্যমগুলো গুরুত্বহীন হয়ে পড়ছে কেন?প্রশ্ন: গ. আনিস সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনে কোন উপাদান কাজ করছে বলে তুমি মনে করো।প্রশ্ন: ঘ. কোনো একটি সমাজের পরিবর্তনে দুয়েকটি উপাদানের পরিবর্তন কি যথেষ্ট?—উদ্দীপক ও পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।উত্তর: ক. মানবসমাজের আংশিক বা সামগ্রিক যেকোনো অংশের পরিবর্তনকেই সামাজিক পরিবর্তন বলে।উত্তর: খ. আমাদের দেশে চিত্তবিনোদনের প্রাচীন মাধ্যমগুলো গুরুত্বহীন হয়ে পড়ছে। এর কারণ হচ্ছে সামাজিক পরিবর্তন। দেশের বিভিন্ন রকমের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিত্তবিনোদনের ক্ষেত্রেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। গ্রামে জারি, মুর্শিদি ও যাত্রাগানের প্রচলন বেশ কমে এসেছে। কারণ, উন্নত যোগাযোগের ফলে আকাশসংস্কৃতির প্রভাব আজ আমাদের দেশের সর্বত্র বিদ্যমান। জারি, সারি, ভাটিয়ালির পরিবর্তে আমরা টিভি, ভিসিআর ইত্যাদিতে অভ্যস্ত হয়ে পড়ছি। এ কারণে চিত্তবিনোদনের প্রাচীন মাধ্যমগুলো দিন দিন গুরুত্বহীন হয়ে পড়ছে।উত্তর: গ. উদ্দীপকে আনিস সাহেবের গ্রামে একটা বৈপ্লবিক পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পাই। আমি মনে করি, সেখানে পরিবর্তনের বেশ কয়েকটি উপাদান কাজ করছে।আমরা জানি, সামাজিক পরিবর্তনে অনেকগুলো উপাদান কাজ করে। এর মধ্যে শিল্পায়ন, নগরায়ণ, শিক্ষা, প্রযুক্তিবিদ্যা অন্যতম। এই উপাদানগুলোর মধ্যে শিক্ষা মানুষকে সচেতন করে। শিল্পায়ন আত্মনির্ভরশীল করে তোলে। প্রযুক্তিবিদ্যার ফলে মানুষের জীবনমান বৃদ্ধি পায়। আমরা উদ্দীপকে আনিস সাহেবের গ্রামের যে পরিবর্তন লক্ষ করি, সেখানে শিক্ষা ও প্রযুক্তিবিদ্যার উদ্ভাবন এবং ব্যবহার বিশেষ ভূমিকা পালন করছে। কারণ, ওই গ্রামের মেয়েরা লেখাপড়া শিখে সচেতন ও স্বাবলম্বী হচ্ছে। তা ছাড়া প্রযুক্তিবিদ্যার ছোঁয়ায় মানুষের জীবন স্বচ্ছন্দ হয়ে উঠছে। কৃষিপ্রযুক্তি প্রয়োগ করে তারা তাদের কায়িক পরিশ্রমকে হ্রাস করেছে। মুহূর্তের মধ্যে দেশ ও বিদেশের পুরো খবর জানতে পারছে এবং সে অনুযায়ী বাজারজাত করছে তাদের পণ্য। এটা তাদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করছে।কাজেই আমি মনে করি, আনিস সাহেবের গ্রামের সামাজিক পরিবর্তনে শিক্ষা ও প্রযুক্তিবিদ্যার উন্নয়ন বিশেষ ভূমিকা পালন করছে।উত্তর: ঘ. কোনো একটি সমাজের সামাজিক পরিবর্তনে দুয়েকটি উপাদানের পরিবর্তনই যথেষ্ট—এই যুক্তির সঙ্গে আমি একমত নই।উদ্দীপকে লন্ডনপ্রবাসী আনিস সাহেবের গ্রামের একটা পরিবর্তন আমরা লক্ষ করি। আর সে পরিবর্তন প্রযুক্তিবিদ্যা ও শিক্ষার। তা ছাড়া উন্নত যোগাযোগব্যবস্থা রক্ষিত হচ্ছে মুঠোফোনের মাধ্যমে।আমরা আমাদের পাঠ্যবইয়েও সামাজিক পরিবর্তনের বেশ কয়েকটি উপাদান আছে বলে জানি। সেগুলো হলো শিল্পায়ন, নগরায়ণ, শিক্ষা, প্রযুক্তিবিদ্যা, উন্নত যোগাযোগব্যবস্থা ইত্যাদি। শুধু একটি বা দুটি উপাদানের পরিবর্তন সামাজিক পরিবর্তনে ইতিবাচক ভূমিকা রাখতে পারে না। ধরি, নতুন উদ্ভাবিত কোনো প্রযুক্তি কোনো একটি এলাকায় ব্যাপক সাড়া ফেলল। কিন্তু এই প্রযুক্তি ইতিবাচক ভূমিকা তখনই রাখবে, যখন এটি ভালোভাবে ব্যবহার করা হবে। আর এই নিয়মের সঠিক ব্যবহার আমরা শিখব উপযুক্ত শিক্ষার মাধ্যমে। তা ছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহার করে আমরা ব্যাপক ফসল উৎপাদন করতে পারি। তার বাজারজাত করে উপযুক্ত মূল্যও পেতে পারি উন্নত যোগাযোগব্যবস্থার মাধ্যমে। যে বিষয়টি আমরা আনিস সাহেবের গ্রামের পরিবর্তনে লক্ষ করছি।তাই আমি মনে করি, দুয়েকটি উপাদানের পরিবর্তন সামাজিক পরিবর্তন আনতে পারে। তবে ইতিবাচক পরিবর্তনের জন্য অনেক উপাদানের পরিবর্তন হওয়া প্রয়োজন।