এ সময় শিক্ষার্থীকে নতুন করে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। সারা বছর যা পড়েছ, সেটাকে পরিষ্কারভাবে বোঝার মতো অবস্থান তৈরি করতে হবে। নিজের প্রস্তুতি সঠিকভাবে হচ্ছে কি না সে জন্য বিষয়ভিত্তিক পড়াগুলোকে রুটিনমাফিক ছকে সাজাবে। কোন বিষয় কোন সময় কোন তারিখে রিভিশন করবে, তার একটা ছক কিংবা শিডিউল তৈরি করবে। ফলে যেভাবেই প্রশ্ন আসুক, সে সঠিকভাবে সেই প্রশ্নের উত্তর করতে পারবে। শিডিউল-মাফিক পরীক্ষার আগ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়া শেষ হয়ে গেলেও যতবার সময় পাবে বারবার সে পড়া রিভাইজ করতে হবে যেন প্রতিটি বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা জন্মায়। তবে সৃজনশীল পদ্ধতির প্রশ্নগুলোর উত্তর শিক্ষার্থী সহজে করতে পারবে। অবশ্যই যেসব শিক্ষার্থী ভালো ফল করতে চায়, তাদের মানসিক ও পারিপার্শ্বিক চাপমুক্ত থাকতে হবে। যদি সব ধরনের চাপ ও প্রভাবমুক্ত থাকা যায় তবেই পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নেওয়া সহজ হবে। পরীক্ষার্থীকে পরীক্ষার খাতাটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে সঠিকভাবে রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং আনুষঙ্গিক বিষয় পূরণ করতে হবে। পরীক্ষার খাতার ওপরের দিকে এবং বাম দিকে মার্জিন রাখতে হবে। মার্জিনে দুই বা আড়াই আঙুল ফাঁকা রাখতে হবে, যেন পরীক্ষক সুন্দরভাবে নম্বর দিতে পারেন। হাতের লেখা অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্ন হতে হবে, যেন মূল্যায়নকারী শিক্ষক সহজে পড়তে পারেন। যতটা সম্ভব পরীক্ষার খাতায় কাটাছেঁড়া না করাই ভালো। পরীক্ষার খাতায় কোনো ভাঁজ করা যাবে না। যে প্রশ্নের উত্তর লিখবে, ধাপে ধাপে প্যারা করে পয়েন্টস দিয়ে উল্লেখ করতে হবে, যাতে মূল্যায়নকারীর নম্বর দিতে সহজ হয়। খাতায় প্রশ্নের উত্তর ছাড়া অন্য কোনো বিষয়ে লিখবে না। বাহুল্য কোনো কথা পরীক্ষার খাতায় লিখবে না। ভালো ফল ও জীবন গঠনে অভিভাবক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। তবে পরীক্ষার আগে কোনো অভিভাবক কোনো শিক্ষার্থীকে মানসিকভাবে চাপ প্রয়োগ করবেন না। অভিভাবক তাঁর সন্তানের মানসিক অবস্থা যেন উপলব্ধি করতে পারেন এবং সেভাবে তার সঙ্গে প্রয়োজনীয় সহায়তা ও নির্দেশনা দিতে পারেন। পরীক্ষার আগে শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয় দিকে অভিভাবককে খেয়াল করতে হবে। পরীক্ষার হলে হাতে প্রশ্ন পেলে আগে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে নিতে হবে; যে প্রশ্নের উত্তর সবচেয়ে ভালো জানা সেগুলোকে আগে লিখবে। পরীক্ষা শেষে অন্তত পাঁচ মিনিট হলেও হাতে সময় রাখতে হবে, যেন খাতা রিভিশন দিতে পারো। এ রিভিশন নিজের পরীক্ষা সম্পর্কে নিজের ধারণা পরিষ্কার হবে, ভুল সংশোধন হবে।পরীক্ষার শেষ ঘণ্টা বাজার আগ পর্যন্ত পরীক্ষার হল থেকে বের না হওয়া ভালো। পরীক্ষা চলাকালে নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের প্রতি সতর্ক ও সচেতন থাকা প্রয়োজন। অবশ্যই যতটুকু প্রয়োজন, ততটুকু ঘুমাতে হবে। ফলে মানসিকভাবে বিশ্রাম নিতে পারবে। পরীক্ষার সময় ধীরস্থিরভাবে সবকিছু চিন্তা করে নিজের প্রয়োজনীয় পড়াশোনা করতে হবে। প্রবেশপত্রসহ অন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ নেওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে। যেন ভুল না হয়। এসএসসি পরীক্ষার প্রস্তুতি: গতকাল প্রকাশিত মডেল টেস্ট-৫১-এর সঠিক উত্তর: ১। গ, ২। গ, ৩। ক, ৪। খ, ৫। ক, ৬। ক, ৭। ক, ৮। ক, ৯। খ, ১০। গ, ১১। ক, ১২। ক, ১৩। ক, ১৪। ক, ১৫। ক, ১৬। ক, ১৭। খ, ১৮। ঘ, ১৯। ক, ২০। ক, ২১। ক, ২২। ক, ২৩। গ, ২৪। ক, ২৫। গ, ২৬। ক, ২৭। ক, ২৮। ক, ২৯। খ, ৩০। খ, ৩১। খ, ৩২। খ, ৩৩। ক, ৩৪। খ, ৩৫। ঘ, ৩৬। ক, ৩৭। খ, ৩৮। ক, ৩৯। ক, ৪০। ক।