সিলেট বোর্ডের সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থীর জিপিএ-৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিপিএ পদ্ধতি চালু হওয়ার পর এইচএসসিতে সিলেট শিক্ষা বোর্ডে এবারই সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এবার জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৭০ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক হাজার ৫৩৫। পাসের হারও গত বছরের তুলনায় বেড়েছে। এবার পাসের হার ৭৯ দশমিক ১৬ শতাংশ। গত বছর ছিল ৭৯ দশমিক ১৩ শতাংশ। ফলাফলের দিক থেকে ঢাকার পরেই সিলেট শিক্ষা বোর্ডের অবস্থান।
গতকাল বুধবার দুপুরে ফল ঘোষণার পর সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, ‘আমাদের এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রয়েছে। ফলাফল গত বছরের তুলনায় ভালো। এটা মাইলফলক।’
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার এই বোর্ড থেকে ৫৭ হাজার ৫৩১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন ৪৫ হাজার ৫৬৮ জন। পাস করা পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রের সংখ্যা ২০ হাজার ৮১৫ এবং ছাত্রীর সংখ্যা ২৪ হাজার ৭৫৩। জিপিএ-৫ পেয়েছেন দুই হাজার ৭০ জন। এর মধ্যে ছাত্র এক হাজার ১৮৭ জন এবং ছাত্রী ৮৮৩ জন। বোর্ডের ১০টি কলেজ থেকে শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। কোনো কলেজেই পাসের হার শূন্য নেই।
এবার বোর্ড সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান লাভ করেছে জালালাবাদ ক্যান্টনমেন্ট কলেজ। এই কলেজ থেকে ৪৮৮ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ৪১৪ জন। গত বছর শীর্ষে থাকা সিলেট ক্যাডেট কলেজ এবার দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় স্থান ধরে রেখেছে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, তিনটি বিভাগের মধ্যে এবার গত বছর সবার নিচে থাকা বিজ্ঞান বিভাগ শীর্ষে চলে এসেছে। গত বছর শীর্ষে থাকা ব্যবসায় শিক্ষা বিভাগ এবার সবার নিচে নেমে গেছে। মানবিক বিভাগ গতবারের মতো দ্বিতীয় স্থান ধরে রাখলেও পাসের হার কমেছে। কেবল মানবিক বিভাগে ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছেন।
সিলেট বোর্ডের সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় মফস্বলের ১০টি কলেজ স্থান পেয়েছে। কলেজগুলো হচ্ছে: গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ (সপ্তম), মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (নবম), কমলগঞ্জের সুজা মেমোরিয়াল কলেজ (১১তম), তৈয়বুন্নেছা খানম একাডেমি কলেজ (১২তম), শ্রীমঙ্গল সরকারি কলেজ (১৩তম), সুনামগঞ্জের ছাতকের জনতা মহাবিদ্যালয় (১৬তম), সৈয়দ শহিদউদ্দিন কলেজ (১৭তম), হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা মডেল কলেজ (১৮তম), সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ কলেজ (১৯তম) এবং বিয়ানীবাজার সরকারি কলেজ (২০তম)।
বিজ্ঞান বিভাগে এবার পাসের হার বাড়ার পেছনে প্রশ্নপত্র ফাঁস হওয়াকে দায়ী করেছেন একাধিক শিক্ষক। তাঁরা অভিযোগ করেন, বিজ্ঞান বিভাগে প্রশ্ন বেশি ফাঁস হয়েছে। ফাঁস হওয়া এসব প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষা নেওয়া প্রশ্নপত্রের মিলও ছিল। এ কারণে হুট করে বিজ্ঞান বিভাগে পাসের হার বেড়েছে বলে তাঁরা মনে করেন। সিলেট শহরের একটি ডিগ্রি কলেজের শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিজ্ঞানশিক্ষায় এগিয়ে থাকলেও গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পিছিয়ে রয়েছে। এর মূল কারণ বিজ্ঞান বিষয়ের শিক্ষকসংকট।
তবে সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবদুল মান্নান খান এ ব্যাপারে দ্বিমত পোষণ করে বলেন, বিজ্ঞানশিক্ষাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সামগ্রিক প্রচারণার সুফল হচ্ছে এই ফল। এই ধারাবাহিকতা রক্ষা করা হলে এ বিষয়ে আর প্রশ্ন থাকবে না।