সিলেটে পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে

সিলেট শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গত বছরের তুলনায় এবার ইংরেজিতে পরীক্ষার্থীরা তুলনামূলকভাবে ভালো ফলাফল করায় পাসের হার বেড়েছে। এ ছাড়া এবার জিপিএ-৫ এর পরিমাণও বেড়েছে। এবার পাসের হার ৬৭ দশমিক ০৫ শতাংশ। গতবার এ হার ছিল ৬২ দশমিক ১১ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন। গতবার এই সংখ্যা ছিল ৮৭৩ জন।
সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির আহমেদ প্রথম আলোকে বলেন, ‘গত বছর ইংরেজিতে ৭০ দশমিক ৯৬ শতাংশ পরীক্ষার্থী পাস করেছিল। এবার এ বিষয়ে পাস করেছে ৭৪ দশমিক ১০ শতাংশ। এটি গড় পাসের হার বাড়িয়েছে। এ ছাড়া গত বছরের পর্যবেক্ষণে এবার শিক্ষকদের ইংরেজি বিষয়ে শিক্ষার্থীদের প্রতি বাড়তি নজর দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।’ মানবিক বিভাগে ফলাফল আরেকটু ভালো হলে গড় পাসের হার বেড়ে যেত বলে তিনি মন্তব্য করেন।
ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, এবার মোট ৭৬ হাজার ২৫১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ৫১ হাজার ১২৪ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৬৪৯ জন ছেলে এবং ৪১ হাজার ৬০২ জন মেয়ে। পাস করা শিক্ষার্থীর মধ্যে ছেলে ২২ হাজার ৪৯০ জন এবং মেয়ে ২৮ হাজার ৬৩৪ জন। জিপিএ-৫ প্রাপ্ত ১ হাজার ৯৪ জনের মধ্যে ছেলে ৬৪৪ জন এবং মেয়ে ৪৫০ জন।