সিলেবাস বুঝে উত্তর লেখো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশে ১ নম্বর প্রশ্নে উচ্চারণের পাঁচটি নিয়ম লিখতে হবে। এর বিকল্প প্রশ্ন থাকবে উচ্চারণ লিখন। কয়েকটি নিয়ম অনুশীলন করলে সহজেই পাঁচটি শব্দের উচ্চারণ লিখতে পারবে।
২ নম্বর প্রশ্নে বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানে তত্সম ও অতত্সম শব্দ লেখার নিয়মগুলো শিখবে। এখানে বিকল্প প্রশ্ন হিসেবে বানান শুদ্ধ করে লেখা দেওয়া হতে পারে। ৩ নম্বর প্রশ্নে শব্দশ্রেণি বলতে পদপ্রকরণ বোঝানো হয়ে থাকে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়ের সংজ্ঞা ও শ্রেণিবিভাগ শিখতে হবে। এর বিকল্প প্রশ্ন হিসেবে কোনো অনুচ্ছেদ দিয়ে সেখান থেকে পদ নির্ণয় করতে দেওয়া হয়।
৪ নম্বর প্রশ্নে বাংলা শব্দ গঠন অধ্যায়ের মধ্যে প্রত্যয় ও সমাস বুঝে শিখবে। প্রত্যয় লেখার সময় তিনটি কলাম (প্রদত্ত শব্দ—প্রকৃতি প্রত্যয়—প্রত্যয়ের নাম) অথবা সমাস লেখার সময় (প্রদত্ত শব্দ—ব্যাসবাক্য—সমাসের নাম) তিনটি কলামে বিভক্ত করে লিখবে।
৫ নম্বর প্রশ্নে সার্থক বাক্যের গুণাবলি, অর্থ অনুসারে বাক্যের শ্রেণিবিভাগ অথবা বাক্য গঠনের বিভিন্ন পদ্ধতি শিখতে হবে। এর বিকল্প হিসেবে নির্দেশানুযায়ী বাক্য রূপান্তর দেওয়া হবে। এ জন্য সরল-জটিল-যৌগিক বাক্য, প্রশ্নবোধক-আদেশসূচক-বিস্ময়সূচক বাক্য, অস্তি-নেতিবাচক (হ্যাঁ বাচক-না বাচক) বাক্য বুঝতে হবে।
৬ নম্বর প্রশ্নে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে বাক্য শুদ্ধ করে লেখা দেওয়া হবে।
নির্মিতি অংশের প্রথমেই পারিভাষিক শব্দ বা অনুবাদ করতে দেওয়া হবে। এ ক্ষেত্রে পারিভাষিক শব্দ ১০টি সঠিকভাবে লেখার জন্য খুব সহজেই প্রস্তুতি নেওয়া যায়। এরপরও যদি পারিভাষিক শব্দের ইংরেজি শব্দগুলো জটিল মনে হয়, তবে অনুবাদ করতে পারো। ‘দিনলিপি’ হলো ইংরেজি ডায়েরির পারিভাষিক রূপ। যেকোনো ব্যক্তি তার সারা দিনের কৃতকর্ম-সফলতা-ব্যর্থতা-অনুভূতি দিনলিপিতে অন্তর্ভুক্ত করে রাখে, যা একসময় ইতিহাস হয়ে ওঠে। দিনলিপিতে সেই বিষয়গুলোর বেশি প্রাধান্য পাওয়া উচিত, যা সবার মধ্যে নতুন ধারণা ও পরিকল্পনার সঞ্চার করে।
প্রতিবেদনের কিছু গঠনপদ্ধতি আছে। প্রতিবেদন সাধারণত তিন প্রকার দেখা যায়: নির্দেশমূলক/অফিশিয়াল/কারিগরি, সংবাদপত্রের ও সাধারণ। ভাষণ লিখতে পৃষ্ঠার ওপরে মাঝখানে ‘ভাষণ’ কথাটি লিখে আন্ডারলাইন করে দিতে হবে। সম্বোধন দিয়ে একটি করে প্যারা লিখবে।
বৈদ্যুতিনপত্র লিখতে হলে ই-মেইলের পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রথমেই প্রেরণপদ্ধতি: www. gmail.com > sign in > ID > password > compose > typing > send লিখে কম্পিউটারের একটি ফ্রেমের আদল তৈরি করে নিতে হবে। যেকোনো পত্র এর পরে লিখতে হবে। প্রতিটি বৈদ্যুতিনপত্রে কম্পিউটারের পাতার মতো ছকটি প্রথমে তৈরি করলে পূর্ণরূপটি প্রকাশ পায়। এরপর যথানিয়মে পত্র লিখতে হবে। খুদে বার্তার ক্ষেত্রে মুঠোফোনের প্রেরণপদ্ধতি: Menu > Messaging > create message > Add contact > Send লিখে পাঁচটি বাক্যে বিষয়টি প্রকাশ করে চারদিকে রেখা টেনে দিতে পারো। শেষে Sent লিখে টিক দিয়ে দেবে। বিকল্প প্রশ্নে সংবাদপত্রের পত্র, চাকরির আবেদন, আমন্ত্রণপত্রের জন্য বইয়ে প্রদত্ত নমুনা উত্তরগুলো অনুসরণ করবে। প্রবাসী কারও কাছে পত্র লিখতে হলে খামের ওপর ঠিকানা ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে।
সারাংশ-সারমর্ম লিখতে উদ্ধৃতির প্রথম দু-তিনটি শব্দ ডট ডট দিয়ে শেষ দু-তিনটি শব্দ লিখে দেবে। এরপর সারমর্ম কথাটি লিখে আন্ডারলাইন করে মূল বক্তব্যটুকু গুছিয়ে লিখবে। বিকল্প প্রশ্নে থাকবে ভাবসম্প্রসারণ। ভাবসম্প্র্রসারণে উদ্ধৃতি দেওয়া অনুচিত। তবে সম্প্রসারিত ভাবের শেষে প্রাসঙ্গিক উদাহরণ দেওয়া যেতে পারে।
সংলাপ রচনা হলো নাটকের মতো। সংলাপগুলো এমনভাবে উপস্থাপন করতে হবে, যাতে বিষয়টি তাত্পর্যপূর্ণ হয়ে ওঠে এবং নাটকের মতো একটি কণ্ঠ-আবহ তৈরি হয়। খুদে গল্প হলো কল্পনাশক্তি প্রকাশের প্রধান ক্ষেত্র। গল্পের একটি শিরোনাম দিয়ে বিষয়বস্তু অনুযায়ী ভাবনাস্পর্শী একটি গল্প লিখতে পারাটা কৃতিত্বের বিষয়। গল্পের সূচনা ও সমাপ্তি আকস্মিক হওয়া বাঞ্ছনীয়।

সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা