আগের পর্বে আমরা বেশ কয়েক ধরনের সুডোকু নিয়ে আলোচনা করেছি। এই পর্বের নাম থেকেই হয়ত আন্দাজ করে নেয়া যায় যে এই পর্বেও সুডোকুর আরও কয়েকটি ধরন নিয়ে আলোচনা থাকবে।
প্রথমেই যে ধরনের সুডোকু নিয়ে আলোচনা থাকবে, সেটি হলো জোড়–বিজোড় সুডোকু (Even-Odd Sudoku)। এটির গঠন প্রায় সাধারণ ৯×৯ সুডোকুর মতোই। শুধুমাত্র একটি পার্থক্য। ধারণা করে নিচ্ছি, নাম দেখে পাঠক তা আন্দাজ করতে পারবেন। তবুও পাঠকের বোঝার স্বার্থে তা ব্যাখ্যা করা হচ্ছে। এই ধরনের সুডোকুতে জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা হওয়ার ঘরগুলো আলাদা করা থাকে। অর্থাৎ নির্দিষ্ট ঘরগুলোতে শুধুমাত্র জোড় অথবা বিজোড় সংখ্যা হবে। সাধারণত গাঢ় রং করা ঘরগুলো জোড় সংখ্যার জন্য থাকে এবং হালকা রঙের ঘরগুলো বিজোড় সংখ্যার জন্য থাকে। পাঠকের উদ্দেশে খুব সহজ একটি ছোট্ট প্রশ্ন রইল। কতটি গাঢ় ঘর থাকবে এখানে?
আরেক ধরনের সুডোকু হচ্ছে এক্স সুডোকু (X-Sudoku)। নামের X থাকার কারণে কিছুটা ধারণা করা যায় যে X–সংক্রান্ত কিছু রয়েছে এই ধরনের সুডোকুতে। আগেই বলে রাখা ভালো, জোড়-বিজোড় সুডোকুর মতো এই ধরনের সুডোকুতেও একটি পার্থক্য ছাড়া বাকি সব নিয়ম সাধারণ সুডোকুর মতোই। এখন প্রশ্ন আসতে পারে পার্থক্যটি কী। পার্থক্যটি হলো, গ্রিডের দুইটি কর্ণ বরাবর যে ঘরগুলো রয়েছে, সেই ঘরগুলোতেও ১ থেকে ৯ অংকগুলো মাত্র একবার করে বসতে পারবে।
অর্থাৎ মোট ৯টি উপবর্গীয় অঞ্চলের পাশাপাশি কর্ণ বরাবর ঘরগুলো মিলে দুটি আলাদা অঞ্চল গঠিত হয়। সাধারণভাবে প্রচলিত নয় বলে, এই পর্বে উদাহরণ হিসেবে দেয়া হয়নি, কিন্তু সামঞ্জস্যপূর্ণ আরেক ধরনের সুডোকু হচ্ছে হাইপার এক্স সুডোকু (Hyper X Sudoku)।
পাঠক যদি আগের পর্বের হাইপার সুডোকু সম্পর্কে অবগত থাকেন, তবে খুব সহজেই আন্দাজ করতে পারবেন যে এই ধরনের সুডোকু কেমন হতে পারে।