সুন্দর মনে সুন্দরবনে

‘রাতে ঘুম ভালোই হয়েছিল। হঠাৎ লঞ্চের কেবিনের জানালা দিয়ে এক ঝলক আলো এসে ঘুম ভাঙিয়ে দিল। চোখ কচলাতে কচলাতে কেবিন থেকে বের হয়েই ছোটখাটো একটা ধাক্কা খেলাম। সামনে তাকিয়ে দেখি গাঢ় কুয়াশায় চারপাশ ঢাকা। কুয়াশার আস্তরণ ভেদ করে সূর্যের আলো পড়েছে দূরে, সবুজ বনের ওপর।’ বলতে বলতে যেন কল্পনায় আরও একবার দৃশ্যটায় চোখ বুলিয়ে নিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের নবম ব্যাচের শিক্ষার্থী মো. আবু ইসা।
৪ ডিসেম্বর জবির ভূগোল ও পরিবেশ বিভাগের নবম ব্যাচের ৭৫জন শিক্ষার্থীর একটি দল মাঠজরিপের উদ্দেশ্যে গিয়েছিল সুন্দরবনে। সে অভিজ্ঞতার কথাই বলছিলেন আবু ইসা। চার দিনের এ জরিপে দলটি সুন্দরবনের হারবারিয়া, দুবলার চর, হিরণ পয়েন্ট, কটকা ও কচিখালির বিভিন্ন জায়গায় ঘুরেছে। দুবলার চরের জেলে ও শুঁটকি উৎপাদনকারীদের জীবনযাত্রা নিয়ে গবেষণায় অংশ নিয়েছে। তা ছাড়া সুন্দরবনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য আশপাশের নদীর পানি, পানিতে বসবাসরত জীব ও নদীর কাদামাটির নমুনাও সংগ্রহ করেছে দলটি।
এটি শিক্ষার্থীদের পাঠ কার্যক্রমেরই অংশ। তথ্য বিশ্লেষণ ও সংগৃহীত নমুনা গবেষণাগারে পরীক্ষা-নিরীক্ষার পর প্রত্যেক শিক্ষার্থীকে আলাদা প্রতিবেদন তৈরি করতে হয়। প্রতিবেদন দেখে শিক্ষকেরা মূল্যায়ন করবেন। চার দিনের জরিপ শেষে ৮ ডিসেম্বর শিক্ষার্থীদের দলটি ঢাকায় ফিরে আসে।
ঢাকায় ফেরার পরও ঘুরে-ফিরে সুন্দরবনের দিনগুলো মনে পড়ছে এই শিক্ষার্থীদের। তাঁদেরই একজন নবম ব্যাচের ভূগোল ও পরিবেশ বিভাগের মাহীমা আক্তার। তিনি বলেন, ‘মজার ব্যাপার হলো, এখনো নিজের ঘরে বসেও মনে হচ্ছে পানির ওপর দুলছি। শহর থেকে এত দূরে বনের পরিবেশে আসলে মনটাই অন্যরকম হয়ে গিয়েছিল। সত্যিই অসাধারণ ছিল সুন্দরবন ফিল্ড সার্ভে। এ সুযোগে আমরা হাতে-কলমে গবেষণার কাজ শিখেছি।’
সফরে শিক্ষার্থীদের তত্ত্বাবধায়ক ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা এই সার্ভের মাধ্যমে শ্যালা নদীসহ সুন্দরবনের আশপাশের নদ-নদী এবং বনের জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে ভালো ধারণা পেয়েছে।’ সুন্দরবনের পাশে গড়ে ওঠা রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রসঙ্গে তাঁর মন্তব্য, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র বনের যতটা না ক্ষতি করবে, তার চেয়ে বেশি ক্ষতি করতে পারে বিদ্যুৎকেন্দ্রটি ঘিরে করে গড়ে ওঠা শিল্প-কলকারখানার দূষিত বর্জ্য।’ শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের আরও দুজন শিক্ষক, সহকারী অধ্যাপক আবদুল মালেক ও নিউটন হাওলাদার।