সুবন্ধু সমীপেষু

আমার বয়স ২৩ বছর। তিন বছর আগে একটি ছেলের সঙ্গে আমার প্রেম হয়েছিল। কিন্তু চার মাস পরই জানতে পারি, তার সঙ্গে অারেকজনের সম্পর্ক আছে। তখন আমি তাকে ত্যাগ করি। এর ফলে আমার দ্বিতীয় বর্ষের পরীক্ষা খুব খারাপ হয়। কিছুদিন পর ছেলেটির বন্ধুর সঙ্গে আমার সম্পর্ক হয়। কিন্তু আমি সুখী ছিলাম না, আমি আগের ছেলেটিকেই ভালোবাসতাম। কিছুদিন আগে সে আমার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায়। তখন থেকে তার সঙ্গে নিয়মিত কথা হয়। তার বন্ধুর সঙ্গে আমি সম্পর্ক ভেঙে তার সঙ্গে আবার সম্পর্ক করি। কিন্তু কিছুদিন পর সে বলে, সে আমাকে বিয়ে করতে পারবে না। কারণ, তার বন্ধুর সঙ্গে আমার প্রেম ছিল, এটা সে বিয়ের পর মানতে পারবে না। তবে সে আমাকে ভালোবাসে। বারবার সম্পর্ক ছিন্ন করতে গিয়েও দুজনে পারিনি। কিন্তু আমি যখন ভাবি সে আমাকে বিয়ে করবে না, তখন আমি খুব হতাশ হই। খুব কান্নাকাটি করি, ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই। এখন আমি পড়াশোনা করতে পারছি না। মনে হচ্ছে, তাকে ছাড়া আমি অচল।
আশা
মীরগঞ্জ, নীলফামারী।
তোমাদের সম্পর্ক এখনো ভাঙা-গড়ার মধ্য দিয়ে পার হচ্ছে। তুমি যদি ছেলেটিকে ভালোবাসো, তাহলে সেটাকেই সত্য বলে ধরে নাও। তোমাকে বিয়ে করতে পারবে না, সেই চিন্তা করে তোমার ভবিষ্যৎ নষ্ট েকারো না।
সামনে তোমার পরীক্ষা। তুমি থিতু না হয়ে পরীক্ষা ভালোভাবে দাও৷ ছেলেটি এখন ভাবছে, তার বন্ধুর সঙ্গে তোমার সম্পর্ক হয়েছিল বলে তোমার সঙ্গে বিয়ে হওয়ার নয়। এই অবস্থানটা তো পাল্টাতেও পারে।
তুমি যত লেখাপড়ায় ভালো করবে, তোমার অবস্থানটা ততই শক্ত হবে। তুমি সে ব্যাপারে বেশি খেয়াল রাখো।
আমার বড় বোন বিবাহিত৷ তাঁর একটি মেয়েও আছে। তিনি মাঝেমধ্যে এমন আচরণ করেন, যা তাঁর বাড়ির লোক ও প্রতিবেশীরা দেখে হাসেন। একটুতেই তিনি রেগে যান। তিনি লাজুক-প্রকৃতির এবং বড় অভিমানী। তিনি অপরিচিত লোকের সঙ্গে কথা বলতে চান না। তাঁকে বা তাঁর মেয়ে নিয়ে কোনো রসিকতা করলে রেগে যান। মাঝেমধ্যে কাঁদেন। আমি তাঁকে অনেক বোঝাই, তিনি তখন বোঝেন, আবার ভুলে যান। এটা কি তাঁর মানসিক কোনো সমস্যা, না অন্য কিছু। সমাধান দিলে খুব উপকৃত হব।
আদিত্য সরকার
দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।
হয়তো তোমার বোন স্বাভাবিকভাবেই অনেক আবেগপ্রবণ। এ রকম মানুষ আছেন, যাঁরা ঝরঝর করে কাঁদতে পারেন। তাতে কোনো দোষ নেই। তবে তোমার বোন যদি মানসিক কষ্টে থাকেন, তাহলে সে ব্যাপারটা বোঝা দরকার।
কিছু কিছু বিষয় থাকে, যা একজন সাইকো থেরাপিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞকে বলা যায়। আমার মনে হয়, এ রকম কারও পরামর্শ নিতে পারলে ভালো।
আমি এখন বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র। যখন ক্লাস নাইনে পড়ি, তখন থেকে আমাদের গ্রামের আমার থেকে তিন বছরের ছোট একটি মেয়েকে গোপনে ভালোবাসতে শুরু করি। একপর্যায়ে হঠাৎ জানতে পারি, মেয়েটির অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্ক আছে। আমি তার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে চাইনি। তাকে ভুলে থাকার জন্য অন্য একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলি। ইতিমধ্যে জানতে পারি, অন্য ছেলেটির সঙ্গে তার সম্পর্ক নয়, শুধু বন্ধুত্ব ছিল। আবার তার দিকে ঝঁুকে পড়ি এবং মেয়েটির বান্ধবীর মাধ্যমে ভালোবাসার কথা জানাই। কিন্তু সে পারিবারিক সমস্যা দেখিয়ে আমাকে অন্যভাবে সুখী হতে বলে। আমি জানতে পেরেছি, অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করায় সে আমাকে খারাপ ভাবছে। আমি কিছুতেই তার ভুল ভাঙাতে পারছি না। আমি তাকে ভুলতে পারছি না, সব সময় তার কথা ভাবি। কী করব বুঝতে পারছি না।
মো. মশিউর রহমান
জয়পুরহাট সরকারি কলেজ৷
মেয়েটির দিক থেকে কোনো আগ্রহ নেই। আর এমনও না যে তোমার সঙ্গে মেয়েটির কোনো সম্পর্ক হয়েছে। এ অবস্থায় নাওয়া-খাওয়া ভুলে মেয়েটির কথা ভেবে ভেবে সময় নষ্ট করা ঠিক হবে না। পড়াশোনায় মনোনিবেশ করাটাই শ্রেয়।
এমন অনেক সমস্যা আছে, যা কাউকে বলা যায় না। এ রকম প্রশ্নগুলোর উত্তর দেবেন সারা যাকের। সুবন্ধু সমীপেষু কলামে তারই সমাধান পাওয়া যাবে। এ বিভাগে চিঠি লিখুন সাদা কাগজের এক পিঠে সংক্ষেপে, ঠিকানাসহ। চিঠি পাঠানোর ঠিকানা:
সুবন্ধু সমীপেষু, নকশা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
এ ছাড়া [email protected] এই ঠিকানায় ই-মেইল করেও সমস্যার কথা জানাতে পারেন।