প্রিয় জেএসসি পরীক্ষার্থী, বর্তমান সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে গণিতে বেশি নম্বর পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। কিন্তু কীভাবে? এককথায় যদি বলি তাহলে বলব, আগের নিয়মে একটি অঙ্কে একটি ভুলের কারণে পুরো নম্বরই কাটা যেত। কিন্তু এখন আর তা হবে না। কারণ, একটি অঙ্কের (‘ক’, ‘খ’, ‘গ’ এই ৩ অংশ মিলে) নম্বর থাকে ১০। আর সেই অঙ্কটির নম্বর বণ্টন হলো ২ + ৪ + ৪ = ১০। তাই একটি ধাপের সঠিক অংশের জন্য সে অংশে বরাদ্দ থাকা পুরো নম্বরই পাবে। যে অংশটি ভুল হবে শুধু সে অংশের বা সে ধাপের জন্য নম্বর পাবে না। অর্থাত্ শুদ্ধ হওয়া আংশিক উত্তরের জন্য আংশিক নম্বর পাবে।
মনে রেখো, সৃজনশীল প্রশ্নের দুটি অংশ থাকবে
ক. সৃজনশীল বহুনির্বাচনি অংশ: এ অংশে ৪০টি নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য নম্বর ১। মোট ৪০ নম্বর। খ. সৃজনশীল রচনামূলক অংশ: সৃজনশীল রচনামূলক অংশে ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটিতে ১০ করে মোট ৬০ নম্বর।
প্রতিটি গণিত সৃজনশীল রচনামূলক প্রশ্নের তিনটি অংশ
‘ক’ অংশ—যার উত্তরে কমপক্ষে দুটি ধাপ থাকবে। নম্বর থাকবে (১ + ১)। একটি ধাপের উত্তর যদি কোনো কারণে ভুল হয়, কিন্তু অপর ধাপের সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাওয়া যাবে। সম্পূর্ণ উত্তরটি সঠিকভাবে দিতে পারোনি বলে আংশিক দেওয়া উত্তরটি কেটে দেবে না। কারণ, এ ধাপেও তুমি নম্বর পাবে। অর্থাত্ ‘ক’ অংশের ২ নম্বরের মধ্যে ২ বা ১ নম্বর পেতে পারো।
‘খ’ অংশ—যার উত্তরে কমপক্ষে চারটি ধাপ থাকা বাঞ্ছনীয়। উত্তরের প্রতিটি সঠিক ধাপের জন্য তোমার নম্বর পাওয়ার সুযোগ আছে। অর্থাত্ ‘খ’ অংশে ৪ নম্বরের মধ্যে ১ বা ২ বা ৩ বা ৪ নম্বর পেতে পারো। আগের পরীক্ষাপদ্ধতিতে প্রশ্নের উত্তর পর্যন্ত সঠিক না হলে কোনো নম্বর দেওয়া হতো না। কিন্তু বর্তমান সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে উত্তরের প্রতিটি সঠিক ধাপের জন্য নম্বর পাবে।
‘গ’ অংশ—যার উত্তরে কমপক্ষে চারটি ধাপ থাকবে। উত্তরের প্রতিটি সঠিক ধাপের জন্য তোমার নম্বর পাওয়ার সুযোগ আছে। অর্থাত্ ‘গ’ অংশে ৪ নম্বরের মধ্যে ১ বা ২ বা ৩ বা ৪ নম্বর পেতে পারো।
মাস্টার ট্রেইনার, সহকারী শিক্ষক, উদয়ন মাধ্যমিক উচ্চবিদ্যালয়, ঢাকা।