সৃজনশীল গণিতে কীভাবে ভালো নম্বর পাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পরীক্ষার্থী, নতুন নম্বর বণ্টন অনুসারে সৃজনশীল প্রশ্ন পদ্ধতির গণিত বিষয়ের রচনামূলক অংশে ৭০ ও বহুনির্বাচনি অংশে ৩০ নম্বর এবং উচ্চতর গণিত বিষয়ের রচনামূলকে ৫০, বহুনির্বাচনিতে ২৫ ও ব্যবহারিক অংশে ২৫ নম্বর থাকবে।

উদ্দীপকের আলোকে তিনটি প্রশ্ন

গণিত ও উচ্চতর গণিত বিষয়ের ক্ষেত্রে উদ্দীপকের ওপর ভিত্তি করে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল অংশের প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১০ করে। প্রশ্নটি তিনটি অংশে ভাগ থাকবে। নম্বর বরাদ্দ থাকবে—

‘ক’ অংশে নম্বর বরাদ্দ ২, ‘খ’ অংশে নম্বর বরাদ্দ ৪, ‘গ’ অংশে নম্বর বরাদ্দ ৪। গণিত ও উচ্চতর গণিতের এই ‘ক’, ‘খ’ এবং ‘গ’ অংশ গাণিতিক সমস্যাসংক্রান্ত। প্রশ্নের ‘ক’ অংশটি সবচেয়ে সহজ। এই অংশের উত্তর দেওয়ার সময় পরীক্ষার্থীকে কম সময় ব্যয় করতে হবে এবং উত্তরের জন্য চিন্তার ব্যাপকতা কম থাকবে।

‘খ’ অংশটি তুলনামূলকভাবে ‘ক’ অংশের চেয়ে কঠিন হবে। এই অংশের উত্তর দিতে গেলে একজন পরীক্ষার্থীকে ‘ক’ অংশের চেয়ে বেশি সময় ব্যয় করতে হবে এবং চিন্তার গভীরতা বেশি হবে।

‘গ’ অংশটি ‘খ’ অংশের চেয়ে তুলনামূলক কঠিন। উত্তর দেওয়ার ক্ষেত্রে এই অংশটি পরীক্ষার্থীর কাছ থেকে বেশি সময় এবং চিন্তার গভীরতার দাবি রাখে।

প্রশ্নের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীকে গাণিতিক ধাপগুলো সমাপ্ত করতে হবে।

এখন পাস নম্বর পাওয়া সহজ

সৃজনশীল পদ্ধতিতে গণিতে পাস নম্বর পেতে কোনো অসুবিধা হবে না। এখানে গুরুত্বপূর্ণ হলো ১০ নম্বরের একটি প্রশ্নে একজন শিক্ষার্থী তিনটি অংশ (‘ক’, ‘খ’ ও ‘গ’ অংশ) পর্যন্ত যৌক্তিকভাবে শেষ করতে পেরেছে কি না। এই তিনটি অংশের (‘ক’, ‘খ’ ও ‘গ’ অংশ) যে যে ধাপ পর্যন্ত শেষ করতে পারবে, তার ওপরই সে নম্বর পাবে। এক ধাপের ভুলের জন্য অন্য ধাপের নম্বর কাটা যাবে না বা কোনো প্রভাব পড়বে না। সব তথ্যই কিন্তু শিক্ষার্থীর পাঠ্যবইয়ের মধ্যে আছে, সেই তথ্যগুলোর সমন্বয়েই নতুন একটা অবস্থার মাধ্যমে পরীক্ষা করা হবে মাত্র।

গণিতের তিনটি ধাপ

প্রথম ধাপটি ‘সহজ’, দ্বিতীয় ধাপটি ‘মধ্যম’ এবং শেষের ধাপটি ‘কঠিন’। প্রতিটি পরীক্ষায় গণিত সৃজনশীল প্রশ্ন করার সময় শিক্ষার্থীদের চিন্তার গভীরতা এবং সময়ের দিকটি বিবেচনা করে তিনটি অংশে (‘ক’, ‘খ’ ও ‘গ’ অংশ) তৈরি করা হবে।

১০ নম্বরের একটি অঙ্কে নম্বর বণ্টন হবে = ২+৪+৪।

মুখস্থ করার দরকার নেই

সৃজনশীল পদ্ধতিতে শিক্ষার্থীকে অবশ্যই চিন্তা করে উত্তর দিতে হবে। ধাপ এমনভাবে করা হবে, যেখানে সহজ থেকে কঠিন পর্যন্ত থাকবে, যেন সাধারণ মানের একজন শিক্ষার্থীও কিছু উত্তর করতে পারে। আমরা মনে করি, এই সৃজনশীল পদ্ধতিতে কোনো শিক্ষার্থীর ফেল করার সুযোগ নেই। কোনো শিক্ষার্থীর ফেল করার বা শূন্য পাওয়ার সুযোগই নেই।

পাঠ্যবইয়ের আলোকেই প্রশ্ন হবে

গণিতের একটি ছোট তথ্যও পাঠ্যবইয়ের বাইরে থেকে আসবে না। সব তথ্য, সূত্র, তত্ত্ব—সবই থাকবে তোমার পড়া পাঠ্যবইয়ের মধ্যেই। তবে ঘটনা বা অবস্থাটি থাকবে সম্পূর্ণ নতুন। সেটা হবে তোমার বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কিত।

বুঝে উত্তর করতে হবে

প্রিয় পরীক্ষার্থী, প্রশ্ন হাতে পেয়েই লেখা শুরু করা ঠিক হবে না। গণিত প্রশ্নটি প্রথমে ভালো করে পড়বে, বিষয়টি নিয়ে ভাববে, চিন্তা করবে, তারপর লিখবে। মনে রাখবে, গণিতে প্রশ্নের উত্তরে লেখার পরিমাণ হবে কম কিন্তু চিন্তার পরিমাণটা হবে বেশি। তাই প্রশ্নের উদ্দীপক বুঝে উত্তর করবে।

 রবিউল কবীর চৌধুরী

ঊর্ধ্বতন বিশেষজ্ঞ, পরীক্ষা ও মূল্যায়ন সমন্বয়ক

সৃজনশীল প্রশ্ন পদ্ধতি-বিষয়ক মাস্টার ট্রেইনার প্রশিক্ষক

বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট-সেসিপ

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা