সৃজনশীল প্রশ্ন কী কেন এবং কেমন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল্লাহ আবু সায়ীদ
আবদুল্লাহ আবু সায়ীদ

শিক্ষাবিদ। বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান। সৃজনশীল প্রশ্নপদ্ধতির অন্যতম সংগঠক। সৃজনশীল প্রশ্নপদ্ধতি নিয়ে শিক্ষার্থীদের জানিয়েছেন দরকারি তথ্য।
এক
পেৌনে ২০০ বছর ধরে আমাদের দেশে যে পরীক্ষা পদ্ধতি চালু আছে, তা কমবেশি মুখস্থনির্ভর। এই পরীক্ষা-পদ্ধতিতে শিক্ষার্র্থীরা গোটা পাঠ্যবই পড়ে না। তারা জানে, প্রশ্ন পুরো বই থেকে হয় না, হয় বিশেষ কিছু চিহ্নিত প্রশ্নের ভেতর থেকে; তাই সেই প্রশ্নগুলো থেকে গোটা কয়েক মুখস্থ করেই তারা পরীক্ষায় ভালো ফল করতে পারে। কষ্টকর শ্রমে প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে হয় বলে কোনো পাঠ্যবইয়েরই ১০০ ভাগের ১০ ভাগের বেশি তাদের পক্ষে পড়া অধিকাংশ সময় সম্ভব হয় না। ফলে, যে ছাত্র ১০০০ নম্বরের পরীক্ষায় পাস করে, সে খুব জোর পাঠ্যবইয়ের শ খানেক নম্বরের উত্তরই শুধু পড়তে পারে, পাঠ্যবইয়ের বাকি ৯০০ নম্বর সম্বন্ধে সে পুরো অন্ধকারে থেকে যায়। এতে তার জ্ঞান হয়ে পড়ে একেবারেই সীমিত, জ্ঞানের যে ব্যাপক আহরণ শিক্ষার মূল উদ্দেশ্য, তা ব্যাহত হয়।

মুখস্থনির্ভর শিক্ষাপদ্ধতির আরেকটা বিপজ্জনক দিক আছে। এই প্রক্রিয়ায় পরীক্ষার হলে মুখস্থ করা নোট লিখতে পারাই ছাত্রছাত্রীদের প্রধান সাফল্য হিসেবে বিবেচিত হয় বলে প্রতিটি বিষয়ের যে সামান্য কয়েকটি প্রশ্ন পড়ে তারা পাস করে, সেগুলোকে কঠোর শ্রমে বারবার পড়ে পড়ে তারা একসময় মুখস্থ করে ফেলে। ফলে, সেগুলোর বিষয়বস্তু নিয়ে তারা যেমন ভাবে না, তেমনি চারপাশের জীবনের সঙ্গে মিলিয়ে তার প্রয়োজন, অর্থ বা তাত্পর্য বোঝারও চষ্টো করে না। এতে বিষয়গুলো যেমন তাদের আত্মস্থ হয় না, তেমনি তাদের চিন্তা, বুদ্ধি বা কল্পনাশক্তিরও বিকাশ ঘটে না। এর ফলে পরীক্ষায় ভালো করলেও জীবনের উচ্চতর যোগ্যতার ক্ষেত্রে তারা পিছিয়ে পড়ে। এভাবে দীর্ঘদিন ধরে গত্বঁাধা প্রশ্ন ও মুখস্থের জঁাতাকলে পষ্টি হয়ে হয়ে আজ আমাদের জাতির চিন্তার স্ফূর্তি ও উদ্ভাবনী ক্ষমতা প্রায় শূন্যের কোঠায় এসে ঠেকেছে। আমাদের দেশের অধিকাংশ বয়স্ক মানুষও যে শিশুদের মতো কথা বলে ও ভাবে, তার কারণও এ-ই।

মেধার এই জড়ত্ব থেকে ছাত্রছাত্রীদের মুক্তি দিয়ে তাদের যদি বুদ্ধিমান, উজ্জ্বল ও কল্পনাশক্তিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হয়, তবে ছাত্রবয়স থেকেই তাদের বুদ্ধি আর চিন্তাশক্তিকে সক্রিয় করে তুলতে হবে। এটা করার একটা বড় উপায়: গোটা ছাত্রজীবন ধরে প্রতিটি পরীক্ষায় তাদের এমন সব প্রশ্ন করে যাওয়া, যার উত্তর মুখস্থ করে তারা দিতে পারবে না, দিতে হবে ভেবে, চিন্তা করে; বুদ্ধি, মেধা আর কল্পনাশক্তিকে পরিপূর্ণ আর জাগ্রতভাবে ব্যবহার করে। এতে তাদের বুদ্ধির চর্চা বাড়বে, মন সক্রিয় হবে, নোট বা পাঠ্যবই মেধাহীনভাবে মুখস্থ না করে নিজেদের বোধ আর চিন্তাশক্তি দিয়ে তারা জীবন ও জ্ঞানের সব প্রশ্নের উত্তর খঁোজার চষ্টো করবে। এককথায়, তাদের মন স্বতঃস্ফূর্ত আনন্দময় আর সাহসী হয়ে উঠবে। আত্মবিশ্বাস ও চিন্তাশক্তি হয়ে উঠবে পরিণত ও সাবালক।

দুই
যেসব প্রশ্নের মাধ্যমে ছাত্রছাত্রীদের মেধার জড়ত্ব থেকে মুক্তি দিয়ে স্বাধীন, স্বতঃস্ফূর্ত ও সৃষ্টিক্ষম করে তোলা যায়, তার নামই সৃজনশীল প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর দিতে হলে পাঠ্যবইয়ে লেখা তথ্য ও ভাবনাগুলো শুধু চিন্তাহীনভাবে মুখস্থ করলে চলবে না, সেগুলো ভালোভাবে বুঝতে হবে এবং চারপাশের জীবন ও বাস্তবতার সঙ্গে মিলিয়ে দৈনন্দিন জীবনে তার প্রয়োগ করতেও শিখতে হবে। এ জন্য প্রতিটি সৃজনশীল প্রশ্নকে ভাগ করা হয় চারটি অংশে। এই চারটি অংশের উত্তর থেকে ছাত্রছাত্রীদের স্মৃতিশক্তি ও চিন্তাক্ষমতার বিভিন্ন স্তর যাচাই করা সম্ভব হয়। প্রশ্নপত্রে প্রতিটি সৃজনশীল প্রশ্নের জন্য ১০ নম্বর বরাদ্দ থাকে। এবার দেখার চষ্টো করি, প্রশ্নের ওই চার অংশের কোনটির দ্বারা ছাত্রছাত্রীর স্মৃতিশক্তি, বুদ্ধিমত্তা ও চিন্তাক্ষমতার কোনটিকে কীভাবে যাচাই করা সম্ভব।
প্রশ্নের প্রথম অংশটি খুবই ছোট। এ অংশের জন্য বরাদ্দ থাকে মাত্র ১ নম্বর। এই অংশের উত্তর দেখে যাচাই করা যায় ছাত্র বা ছাত্রীটির স্মৃতিশক্তি কতটা প্রখর। অর্থাত্, পাঠ্যবইয়ে ওই অংশের সঙ্গে সম্পৃক্ত পর্বটুকু সে পড়েছে কি না, আর পড়ে থাকলে তা তার ঠিকমতো মনে আছে কি না। এই অংশটুকু হলো প্রশ্নের Èজ্ঞানমূলক' অংশ।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল