শিক্ষাক্রম বিশেষজ্ঞ, এসইএসডিপি, এনসিটিবিসৃজনশীলতা বিষয়টি কোনো একটি মাত্র নির্দিষ্ট রূপের মধ্যে আবদ্ধ নয়। ব্যক্তির নিজের কর্মসাধনা এবং তা থেকে সৃষ্ট বা উদ্ভাবিত কোনো দ্রব্য বা সেবা যদি ভোক্তার অভাব পূরণ করতে পারে, তবে এটা যেমন সৃজনশীলতার একটি নমুনা। আবার ওই একই অভাব পূরণে অন্য কেউ যদি নতুন স্বাদ যুক্ত করে আরেকটি দ্রব্য বাজারে হাজির করে, তবে সেটাও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। আরও বলা যায়, সৃজনশীলতার কোনো সীমা-পরিসীমা নেই। এটা দিগন্তরেখার মতো। আপনি খুব কাছে দেখে তা ধরতে গেলে এটা দূরে সরে যায়। সে জন্য এ সৃজনশীল কাজের শুরু সেই আদিকাল থেকে, আজও তা বজায় রয়েছে। এরই প্রেক্ষাপটে কেউ কেউ প্রশ্ন করে থাকেন, সৃজনশীল প্রশ্নের কোনো উপাংশের জন্য উত্তর কতটা দীর্ঘ হবে? একজন শিক্ষার্থীর লিখিত সৃজনশীল প্রশ্নের উত্তরের সঙ্গে অন্য একজন শিক্ষার্থীর লিখিত উত্তর কতটা সাদৃশ্যপূর্ণ হবে, কেউ কেউ ধারণা করে থাকেন ক্লাসের ভালো শিক্ষার্থী যেভাবে উত্তর লিখেছে, অন্যরা অনুরূপভাবে উত্তর লিখবে এবং এর কোনো ব্যত্যয় ঘটলে নম্বর কম বা বেশি পাবে। এর একটি বাস্তবসম্মত সমাধান খুঁজে পেতে নবম ও দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বিষয়ের সৃজনশীল প্রশ্নের নমুনা উত্তর লেখার মধ্য দিয়ে পাবো। সৃজনশীল প্রশ্ন: ২আর্থিক লাভের আশায় দরিদ্র কবির হোসেন রত্নাকে বিয়ে করে। বিয়ের পর রত্নার বাবা জামাতাকে খুশি করার জন্য ২০ হাজার টাকা প্রদান করে। এতে সে খুশি হতে পারেনি। আরও টাকা পাওয়ার জন্য সে রত্নাকে বাপের বাড়ি পাঠায়। তাতে কাজ হয়নি দেখে সে রত্নাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করে। এ খবর শুনে রত্নার বাবা ইউনিয়ন পরিষদে নালিশ করে। তাতে সুবিচার পাননি। শেষে বাধ্য হয়ে রত্নার বাবা মেয়েকে নিজের বাড়িতে ফিরিয়ে এনে একটি সেলাই মেশিন কিনে দেন। (উদ্দীপক সূত্র: প্রথম আলো ২৪.০৩.২০০৭)ক. অপরাধ কাকে বলে? ১খ. বাংলাদেশের দারিদ্র্যের কারণে অপরাধকর্ম সংঘটিত হয়—বুঝিয়ে লেখো। ২গ. কবির হোসেনের অর্থ দাবির ঘটনাটি পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। ৩ঘ. রত্নার বাবার পদক্ষেপটি তোমার কাছে কতটা সমর্থনযোগ্য? মতামত দাও। ৪নবম ও দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদে বর্ণিত বিষয়বস্তু বাংলাদেশের সামাজিক সমস্যাকে উপজীব্য ধরে ওপরের দৃশ্যকল্পটি রচনা করা হয়েছে। দৃশ্যকল্পে বাস্তব একটা পরিস্থিতি/নতুন পরিস্থিতি সৃষ্টি করার পাশাপাশি বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো বিশেষ পদক্ষেপ সমর্থন করে কিংবা সমর্থন না করে শিক্ষার্থীদের নিজের মতামত/যুক্তি উপস্থাপনের অবকাশ সৃষ্টি করা হয়েছে। # সৃজনশীল প্রশ্নের—ক এবং খ অংশ দৃশ্যকল্পনির্ভর নয় সত্য, তবে দৃশ্যকল্পের সঙ্গে এর অন্ত্যমিল আছে। যেমন—যৌতুক এক ধরনের সামাজিক অপরাধ। আবার অপরাধ সংঘটনের পেছনে দারিদ্র্যই মূল কারণ। এমন বিবেচনায় ক এবং খ অংশ সজ্জিত করা হয়েছে। # ‘ক’ অংশের উত্তর শিক্ষার্থী পাঠ্যবই থেকে লিখতে পারবে। যেমন—অপরাধ হলো এক ধরনের অস্বাভাবিক আচরণ, যা সমাজ ও প্রচলিত আইন কর্তৃক স্বীকৃত নয়। শিক্ষার্থীরা কোনো সমাজবিজ্ঞানীর প্রদত্ত অপরাধের সংজ্ঞা উল্লেখ করেও এ প্রশ্নের উত্তর লিখতে পারে। যেমন—‘সমাজ বা গোষ্ঠী দ্বারা দৃঢ়ভাবে অসমর্থিত বা নিষিদ্ধ মানব আচরণই হলো অপরাধ।’ (সমাজবিজ্ঞানী কোনিগ)# ‘খ’ অংশে দারিদ্র্যের কারণে যে অপরাধ সংঘটিত হয়ে থাকে তা বুঝিয়ে লিখতে হবে। # ‘গ’ অংশে কবির হোসেনের অর্থ দাবি যে যৌতুক চাওয়ার সমতুল্য তা পাঠ্যবইয়ে প্রদত্ত যৌতুকের সংজ্ঞা উল্লেখ করে চিহ্নিত করতে হবে।‘ঘ’ অংশের উত্তর একজন শিক্ষার্থী এভাবে লিখতে পারে—# ‘ঘ’ অংশে রত্নার বাবার পদক্ষেপটির যৌক্তিকতা বিচার করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের পরস্পরের উত্তরের মধ্যে ভিন্নতা থাকবে। অর্থাৎ কেউ কেউ রত্নার বাবার পদক্ষেপটি সমর্থন করে এভাবে মতামত দিতে পারে যে রত্নার বাবা তাঁর মেয়ের নির্যাতিত হওয়ার ঘটনা জানিয়ে ইউনিয়ন পরিষদে বিচারপ্রার্থী হন। সেখানে সুবিচার পাননি। এমতাবস্থায় মেয়েকে স্বামীর বাড়িতে রাখাটা নিরাপদ নয়। কেননা বিচারপ্রার্থী হওয়ার কারণে রত্নার স্বামী এবং তার পরিবারের লোকজন রত্নার প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে থাকবে। সুতরাং রত্নাকে নিজের কাছে ফিরিয়ে আনা ছাড়া রত্নার বাবার অন্য কোনো উপায় ছিল না। রত্নার বাবা মেয়েকে নিজের বাড়ি নিয়ে এসে ক্ষান্ত হননি। তিনি মেয়ের কর্মসংস্থানের একটা পথ খুঁজে দিয়েছেন। এখন এ সেলাই মেশিন চালানোর কাজের দক্ষতা অর্জন করে নিজেকে স্বাবলম্বী করার বিষয়টি নির্ভর করবে রত্নার দৃঢ় ইচ্ছাশক্তি ও মনোবলের ওপর। অতএব বলা যায়, রত্নার বাবার গৃহীত পদক্ষেপ সমর্থনযোগ্য। # আবার কোনো শিক্ষার্থী রত্নার বাবার পদক্ষেপটি সঠিক হয়নি মনে করলে তা নিচে উল্লিখিত যুক্তি দিয়েও লিখতে পারে....তাই ‘ঘ’ অংশের উত্তর অন্য একজন শিক্ষার্থী এভাবেও লিখতে পারে—রত্নার বাবা ইউনিয়ন পরিষদে নালিশ করে সুবিচার পাননি সত্য। তাঁর এরপর পারিবারিক আদালতে বিচারপ্রার্থী হওয়ার সুযোগ ছিল। কিন্তু তিনি তা না করে অপরাধীকে ছেড়ে দিলেন এবং অপরাধের কাছে আত্মসমর্পণ করে নিজের মেয়েকে নিজের ঘরে ফিরে আনলেন। এর পরও তিনি মেয়ের কর্মসংস্থানে যে পদক্ষেপটি গ্রহণ করেছেন তা কতটা কাজে আসবে সেটা অনেক অনুমানের ওপর নির্ভর করে। রত্না যদি আগে থেকে সেলাইয়ের কাজ শিখে থাকে এবং নতুন সেলাই মেশিন পেয়ে যদি সে তার কর্মদক্ষতা বাড়াতে পারে তাহলে হয়তো তার একটা নির্ভরযোগ্য কর্মসংস্থান হবে। এখানেও কিছু অনিশ্চয়তা আছে। রত্না অন্যের জামা-কাপড় সেলাইয়ের কাজ করবে। সে ক্ষেত্রে স্থানীয়ভাবে ক্রেতা বা খদ্দের থাকতে হবে। প্রয়োজনীয় পুঁজি তার হাতে থাকতে হবে।এতগুলো সম্ভাবনা একসঙ্গে কাজ করলে রত্না আত্মকর্মসংস্থান করে নিজে স্বাবলম্বী হতে পারবে এবং সমাজে নারী হিসেবে আপন মর্যাদা সমুন্নত রাখতে সচেষ্ট হবে। # এ ধরনের আলোচনা থেকে বোঝা যায়, সৃজনশীল প্রশ্নের উত্তর সব শিক্ষার্থীর ক্ষেত্রে এক এবং অভিন্ন নাও হতে পারে। একটি প্রশ্ন এমনও হতে পারে যা শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন আঙ্গিকে উত্তর লেখার দিকে ধাবিত করবে। শিক্ষার্থীরা এ সুযোগ গ্রহণ করে নানা রকম বিচিত্র কিছু তথ্য ভরপুর করে এবং আপন আপন চিন্তা-চেতনা খাটিয়ে নিজের মতো করে প্রশ্নের উত্তর লিখবে। এতে করে একজন শিক্ষক বা পরীক্ষকের কাছে শিক্ষার্থীদের স্বকীয়তা ও সৃজনশীলতা ধরা পড়বে। শিক্ষক তা খুঁজে পেয়ে আনন্দিত হবেন, এমনটাই সবার প্রত্যাশা।