শিক্ষাক্রম বিশেষজ্ঞ, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসইএসডিপি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে পরীক্ষায় ভালো ফল অর্জনে আজ শিক্ষক ও অভিভাবকদের করণীয় কয়েকটি দিক নিয়ে আলোচনা করব। শিক্ষকদের যা করতে হবেঅংশগ্রহণমূলক পাঠদান: একটি শ্রেণীতে একজন শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক পাঠদান (ছবি-১) করবেন। সৃজনশীল প্রশ্ন পদ্ধতির সফলতা বহুলাংশে নির্ভর করে শিক্ষার্থীকেন্দ্রিক পাঠদানের ওপর। এর অংশ হিসেবে শিক্ষক নানা কৌশল ব্যবহার (ছবি-২)করতে পারেন। যেমন—শিক্ষার্থীদের পূর্ব অভিজ্ঞতাভিত্তিক পাঠদান, উন্মুক্ত আলোচনা, উপস্থাপন, বিতর্ক অনুষ্ঠান, মাথা খাটানো, প্রশ্নোত্তর পর্ব ইত্যাদি।শিক্ষক না হয়ে সহায়তাকারীর ভূমিকা পালন: একজন শিক্ষকের কাজ হবে শ্রেণীতে শিক্ষার্থীরা কোনো নির্দিষ্ট পাঠ কীভাবে শিখবে এবং কীভাবে পড়বে তার পদ্ধতি ঠিক করে দেওয়া। যেমন—আজ শ্রেণীতে নির্দিষ্ট পাঠ শেখার জন্য কোন কাজটি শিক্ষার্থীরা করবে তা শিক্ষক নির্ধারণ করে দেবেন এবং ওই কাজ সম্পাদনে সহায়ক উপায়-উপকরণ প্রদর্শন ও জোগান দেবেন। শিক্ষার্থীদের কাজের মাধ্যমে শিক্ষণকে (ছবি-৩) সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। আর তা সম্ভব হলে শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্নের উত্তর পূর্ণাঙ্গভাবে লেখার যোগ্যতা অর্জন করবে।শ্রেণীর পঠন-পাঠন কাজে বৈচিত্র্য আনয়ন: শ্রেণীতে শিক্ষার্থীদের (ছবি-৪) কখনো একক কাজ, কখনো দলীয় কাজ, কখনো উপস্থাপন, কখনো ছবি, চার্ট মানচিত্র ইত্যাদি প্রদর্শন করে পঠন-পাঠনের (ছবি-৫) কাজে অবশ্যই বৈচিত্র্য সৃষ্টি করতে হবে। এরূপ বৈচিত্র্য সৃষ্টিই কিন্তু সৃজনশীলতার অংশ।প্রশ্ন প্রণয়ন: সৃজনশীল প্রশ্ন প্রণয়নে দক্ষতা রাতারাতি অর্জিত হয় না। এর জন্য প্রয়োজন একটা বড় ইচ্ছাশক্তি, পাঠ্যপুস্তকের সব বিষয়বস্তু আয়ত্ত করা, পাঠদানের বিষয় বা বিষয়সমূহে পূর্ণাঙ্গ জ্ঞান, বিষয়সংশ্লিষ্ট রেফারেন্স বই, পত্রপত্রিকা বা জার্নাল ইত্যাদি অধ্যয়ন করার আবশ্যকতা আছে। এটা অবশ্যই মনে রাখতে হবে শিক্ষক যদি সৃজনশীল প্রশ্ন প্রণয়নে দক্ষ না হন, তবে শ্রেণীতে শিক্ষার্থীদের সৃজনশীল প্রশ্নের উত্তরদানে প্রস্তুত করতে ব্যর্থ হবেন। শিক্ষককে সৃজনশীল প্রশ্ন প্রণয়নের দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল প্রশ্নের উত্তরপত্র মূল্যায়নে সমর্থ হতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহণ করা যেতে পারে। প্রশিক্ষণ গ্রহণের সুযোগ না পেলে প্রশিক্ষিত সহকর্মীদের সহায়তা নেওয়া যেতে পারে। শিক্ষার্থীদের দিয়ে সৃজনশীল প্রশ্ন প্রণয়নের অনুশীলন: শিক্ষক শ্রেণীর কাজের অংশ হিসেবে শিক্ষার্থীদের দিয়ে সৃজনশীল প্রশ্ন তৈরির কাজ করাতে পারেন। শিক্ষার্থীদের তৈরি করা প্রশ্ন নিয়ে শ্রেণীতে আলোচনা হতে পারে। আলোচনার ভিত্তিতে ভুলগুলো চিহ্নিত করে তা সংশোধন করা যেতে পারে। তাতে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়বে। বাস্তব ঘটনাকে শ্রেণীর কাজে সম্পর্কিত করা: পাঠ্যবইয়ের তত্ত্ব, তথ্য, সূত্র, বিধি, পদ্ধতি ইত্যাদি আলোচনায় বাস্তব ঘটনাকে টেনে আনতে হবে। আর তাহলে শিক্ষার্থী নতুন পরিস্থিতিতে তাদের লব্ধজ্ঞান প্রয়োগ করতে সমর্থ হবে।মনে রাখা দরকার, সৃজনশীল প্রশ্নপদ্ধতি সাফল্যমণ্ডিত করা শিক্ষকদের কাছে একটি বড় চ্যালেঞ্জ। কারণ, এ পদ্ধতিতে প্রশ্নের উত্তর লেখা অপেক্ষা প্রশ্নের উত্তরদানে শিক্ষার্থীদের তৈরি করা অনেক কঠিন ও অঙ্গীকার পূরণের কাজ। এ কাজটি করতে গিয়ে বাণিজ্যিক লাভ মাথায় রাখলে বিপত্তি ঘটবে। অভিভাকদের যা করতে হবেসন্তানকে গাইড-নোট মুখস্থ করা থেকে বিরত রাখবেন: বিগত দুটি এসএসসি ও জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার অভিজ্ঞতা মাথায় রেখে বলছি আপনারা নিজ নিজ সন্তানদের গাইড-নোট মুখস্থ করা থেকে বিরত রাখবেন।নিয়মিত উপস্থিতি: বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও শ্রেণীর পাঠগ্রহণে উৎসাহ দান করা। সৃজনশীল প্রশ্নের উত্তরদানে নিজেকে প্রস্তুত করার জায়গা শ্রেণীকক্ষ, কোনোভাবে কোচিং সেন্টার নয়। অধিকাংশ কোচিং সেন্টারে যাঁরা পাঠদান করেন, তাঁদের পূর্ব অভিজ্ঞতা এবং সৃজনশীল প্রশ্নপদ্ধতির ওপর উপযুক্ত প্রশিক্ষণ নেই। কেবল মাত্র বিদ্যালয়ের শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও উপযুক্ত প্রস্তুতি আছে। যার ফলে একজন শিক্ষার্থী সঠিক ও শুদ্ধভাবে সৃজনশীল প্রশ্ন ও এর উত্তর সম্পর্কে বুঝতে পারবে।পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সন্তানদের সঙ্গে আলোচনা: এর জন্য প্রথমে দরকার সন্তানদের সময় দেওয়া। এ সময় দেওয়াটা আবার এমন নয় যে অধিক রাত পর্যন্ত জেগে থেকে সন্তানকে স্কুলের সব পাঠ মুখস্থ করানো। অবশ্যই কোনো কোনো তথ্য বা তত্ত্ব মনে রাখতে হবে। তবে এ মনে রাখাটা তখনই দীর্ঘস্থায়ী হবে, যখন তা শিক্ষার্থী বুঝে শিখবে। সম্ভব হলে শিক্ষার্থীর পাঠের কোনো বিষয়ের সঙ্গে বাস্তবের কোনো ঘটনার মিল বা সম্পর্ক থাকলে তা গল্পাকারে সন্তানদের বলা যেতে পারে। এতে করে সে খুব সহজেই আয়ত্ব করতে পারবে।সন্তানদের শিখন অগ্রগতির খোঁজখবর রাখা: একজন দায়িত্বশীল অভিভাবককে প্রতিদিন সম্ভব না হলে বিদ্যালয়ের অনুশীলনীমূলক পরীক্ষা ও শ্রেণীর কাজে অগ্রগতির খোঁজ রাখতে হবে। তার ফলে শিক্ষার্থী তার প্রতিটি কাজের প্রতি দায়িত্বশীল হবে। (শেষ)