পরামর্শ
প্রিয় পরীক্ষার্থী, গতকালের দেওয়া উদ্দীপকের আলোকে এখন একটি প্রয়োগমূলক প্রশ্নের নমুনা উত্তর দেখব।
১ নং প্রশ্নের উত্তর (গ)
উদ্দীপকে ‘নারী’ কবিতার নারীর অবদান অস্বীকার বা নারীর অবমূল্যায়নের দিকটি প্রতিফলিত হয়েছে।
‘নারী’ কবিতায় আমরা দেখতে পাই নারীর অবমূল্যায়নের এক বীভত্স চিত্র। পুরুষতান্ত্রিক মানসিকতার কারণে নারীকে সে যুগে যথাযথ সম্মান দেওয়া হতো না। পুরুষের পাশাপাশি নারী সমানতালে, সমান শক্তিমত্তায় সভ্যতার উন্নয়নে অংশ নিত। স্বাধিকার, স্বাধীনতা ছিনিয়ে আনতে কত মায়ের সিঁথির সিঁদুর মুছে গেছে, কত বোন জীবন বাজি রেখে সেবা দিয়েছে। বিপ্লব-বিদ্রোহের মাধ্যমে কত মা, বোন, বধূরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে। কিন্তু পুরুষের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণোজ্জ্বল করে লেখা থাকলেও নারীর সে অবদান ধূলোয় মিশে যেত, লেখা হতো না কোথাও। নারীরা হতো অধিকারবঞ্চিত, শোষিত, নির্যাতিত।
আলোচ্য উদ্দীপকেও আমরা নারীর অবমূল্যায়নের দিকটি লক্ষ করি। মাঝিবাড়ির দরিদ্র কৃষক মকবুল বউদের আয়ে চললেও কখনো সে বউদের মর্যাদা এবং কাজের স্বীকৃতি দেয়নি। ধান ভানা, চাটাই বোনা থেকে শুরু করে বিচিত্র কাজের মাধ্যমে তিন বউ সংসারের চাকা সচল রেখেছিল। কিন্তু মকবুল তার স্বার্থে চতুর্থ বিয়ে করতে চাইলে বউরা ন্যায়সংগত প্রতিবাদ জানায়। অথচ মকবুল পৌরুষত্ব দেখিয়ে একসঙ্গে তিনজনকেই তালাক দিয়ে নিঃস্ব-অসহায় অবস্থায় যার যার বাবার বাড়ি পাঠিয়ে দেয়। একবারও সে ভাবে না এত বছর ধরে বউরা এ সংসারে কত শ্রম দিয়েছে, কত ঘাম ঝরিয়েছে। মুহূর্তের মধ্যেই বউদের সব অবদান মকবুল ভুলে যায়। যুগ যুগ ধরে নারীর এই অবমূল্যায়নের দিকটিই উদ্দীপকে প্রতিফলিত হয়েছে।
# উচ্চতর দক্ষতা মানেই একটা সিদ্ধান্তের ব্যাপার। প্রশ্নেই সাধারণত একটা অনুসিদ্ধান্ত দেওয়া থাকবে। যদি সিদ্ধান্তটি সঠিক হয় তাহলে সেটাকেই ব্যাখ্যা-বিশ্লেষণ করে, উদ্দীপকে প্রয়োগ করে প্রমাণ করব যে সিদ্ধান্তটি সঠিক। আর যদি সিদ্ধান্তটি ভুল হয় তাহলে কেন ভুল সেটাও প্রমাণ করতে হবে। অনেক সময় সিদ্ধান্তটি আংশিক সত্য হতে পারে। সে ক্ষেত্রে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের যে অংশটুকুর মিল আছে তা বর্ণনা করে যে যে ক্ষেত্রে মিল নেই সেগুলোও বর্ণনা করতে হবে এবং সর্বশেষ সিদ্ধান্ত দিতে হবে যে বক্তব্যটি/ সিদ্ধান্তটি আংশিক সত্য, পুরোপুরি নয়। বিচার-বিশ্লেষণ-সংশ্লেষণ-মূল্যায়ন করে সিদ্ধান্ত দেওয়ার নামই উচ্চতর দক্ষতা। এ ক্ষেত্রে সিদ্ধান্তটি/ প্রশ্নটি ভালোভাবে পড়ে পাঠ্যবইয়ের সঙ্গে মিলিয়ে বুঝতে হবে। এ ক্ষেত্রে তোমরা উত্তর চার প্যারায় লেখার চেষ্টা করবে। ‘ঘ’ অংশ বা উচ্চতর দক্ষতামূলক সম্পর্কে বোর্ড বলছে, উত্তর সর্বোচ্চ ১৫ বাক্যে সীমিত থাকবে। এখন আমরা ওপরের উদ্দীপকের উচ্চতর দক্ষতামূলক এর একটি নমুনা উত্তর দেখব।
প্রশ্ন ঘ. মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম যে পরামর্শ দিয়েছেন তা ব্যাখ্যা করো।
১ নং প্রশ্নের উত্তর (ঘ)
মকবুলের মতো লোকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনে কাজী নজরুল ইসলাম ‘নারী’ কবিতায় কার্যকর কিছু পরামর্শ বা দিকনির্দেশনা দিয়েছেন। অর্থাত্ পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন লোকগুলোকে কবি জানাতে চান যে সময় বদলে গেছে, এখন সাম্যের যুগ, মানবতার যুগ। এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। আর যদি কেউ নারীকে অবদমন করে রাখতে চায় তাহলে পরের যুগে তাকে অবশ্যই লাঞ্ছিত ও অধিকারবঞ্চিত হতে হবে।
আলোচ্য ‘নারী’ কবিতায় কাজী নজরুল ইসলাম দেখিয়েছেন এমন এক সময় ছিল যখন নারীরা ঠিকই পুরুষের পাশাপাশি সভ্যতার উন্নয়নে অংশ নিত এবং পুরুষের মতোই সাহসিকতাপূর্ণ অবদান রাখত। কিন্তু পুরুষেরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নারীর সে অবদান অস্বীকার করত। পুরুষের অবদান ইতিহাসের পাতায় পাতায় লিখে রাখলেও নারীর অবদান লিখে রাখার ব্যাপারে তাদের ছিল যত কার্পণ্য। মাতা, ভগিনি, বধূদের ত্যাগ, সেবা, আত্মদান ইত্যাদির মূল্যায়ন করা হতো না।
আলোচ্য উদ্দীপকে আমরা নারীর সে অবমূল্যায়নের চিত্র দেখেছি। মকবুলের সংসারে তিন স্ত্রী তাদের হাঁড়ভাঙা খাটুনির প্রতিদান পেয়েছে নিঃস্ব-অসহায় অবস্থায় তালাকপ্রাপ্ত হয়ে বাবার বাড়ি ফিরে যাওয়ার মাধ্যমে। মকবুল একবারের জন্যও এত বছর ধরে তার সংসারে বউদের অবদানের কথা স্বীকার করেনি। মকবুল বউদের মূল্যায়ন করা তো দূরের কথা, বউদের নিজের হাতে গড়া সংসারের কুটোটি পর্যন্ত কোনো বউকে দেয়নি।
কবি আলোচ্য কবিতায় সেসব পুরুষতান্ত্রিক মানসিকতাসম্পন্ন মানুষের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি/ কেহ রহিবে না বন্দী কাহারও, উঠিছে ডঙ্কা বাজি।’ অর্থাত্ এখন আর নারীকে অবদমন করে রাখা যাবে না। নারীর যথাযথ মূল্যায়ন করতে হবে, নারীর অবদানকে যথার্থভাবে স্বীকার করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা দূর করতে হবে। অন্যথায় পরবর্তী যুগে নারীদের দ্বারা শোষিত, বঞ্চিত ও লাঞ্ছিত হতে হবে। উদ্দীপকের মকবুলের মতো লোকদের ‘নারী’ কবিতা থেকে কাজী নজরুল ইসলামের এ পরামর্শ গ্রহণ করতে হবে। অন্যথায় সভ্যতার উন্নয়ন বিঘ্নিত হবে এবং পুরুষেরা একসময় তাদের নিজেদের তৈরি করা কারাগারে নিজেরাই ভুগে মরবে। (শেষ)
প্রভাষক
সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা