সৃজনশীল প্রশ্নোত্তরের কৌশল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান সম্পাদক, এনসিটিবি সৃজনশীল পদ্ধতি  প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, এই লেখাটি তাদের জন্য। তোমরা সবাই ভালো আছ তো? নাকি পরীক্ষা যতই এগিয়ে আসছে, তোমাদের দুশ্চিন্তা ততই বেড়ে যাচ্ছে? না, দুশ্চিন্তার কোনো কারণ নেই। †jখাটি মনোযোগ দিয়ে পড়ো। বুঝতে পারবে, তোমাদের কারোরই পরীক্ষা খারাপ হওয়ার সুযোগ নেই। কারও পরীক্ষা ভালো হবে, কারও উত্তম, কারও বা অতি উত্তম। কিন্তু কারও পরীক্ষাই খারাপ হবে না। কেননা, তোমরা সৃজনশীল পরীক্ষা-পদ্ধতিতে পরীক্ষা দিতে যাচ্ছ। এই পদ্ধতিতে পরীক্ষা খারাপ হওয়ার সম্ভাবনা কম।নিচের শ্রেণীগুলোতে তোমরা সনাতন পদ্ধতিতে পরীক্ষা দিতে। এসএসসি পরীক্ষাও সেভাবে হতো। তখন উত্তর মুখস্থ রাখার ব্যাপার ছিল। ভয়ও ছিল, পরীক্ষার হলে উত্তর মুখস্থ থাকবে কি থাকবে না। সেই ভয় অমূলক ছিল না। পরীক্ষার হলে উত্তর ভুলে গিয়ে অনেকের পরীক্ষা খারাপ হতো। আবার অনেক সময় দেখা যেত, যেসব প্রশ্নের উত্তর মুখস্থ করা হয়েছে, সেসব প্রশ্নের অধিকাংশই পরীক্ষায় আসেনি। এতেও পরীক্ষা খারাপ হওয়ার আশঙ্কা থাকত। কিন্তু সৃজনশীল প্রশ্নপদ্ধতিতে মুখস্থ করার বিষয়টি খুবই গৌণ। আর প্রশ্ন কমন পড়ার বিষয় নেই বললেই চলে। সুতরাং এই পরীক্ষা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু চিন্তা করার ব্যাপার আছে। কী নিয়ে চিন্তা? তোমার পাঠ্যবইয়ের বিষয় নিয়ে। সেই চিন্তা যে খুব জটিল, কঠিন— তাও নয়। তোমরা তো প্রতিদিনই বন্ধুদের সঙ্গে কথা বলো। মা-বাবা, ভাইবোন ও আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বল, আড্ডা দাও। সেখানে তোমরা কী করো? খেয়াল করে দেখো, তোমরা একটি বিষয় বা বস্তুর সঙ্গে অন্য বিষয় বা বস্তুর তুলনা করো, সাদৃশ্য দেখাও, বৈসাদৃশ্য দেখাও, সম্পর্ক দেখাও, বিচার-বিবেচনা করো, উচিত-অনুচিত নির্ণয় করো, ভালো-মন্দ নির্ধারণ করো, সিদ্ধান্ত দাও, সম্ভাবনার কথা বলো। এসব করতে গিয়ে নানা যুক্তি-তর্কের আশ্রয় নাও। সৃজনশীল প্রশ্নের উত্তরে তোমাকে ঠিক এই কাজটিই করতে হবে। যারা অনেক দিক থেকে ভাবতে পারে, নানা রকম চিন্তা করতে পারে এবং প্রকাশ করার ক্ষমতা ভালো, তারা যেমন আড্ডা খুব জমাতে পারে, তেমনি যারা পাঠ্যপুস্তকের বিষয়গুলো ভালো করে জেনেছ, সেই জানা বিষয়গুলোর সঙ্গে অন্য বিষয়ের নানা রকম সম্পর্ক নিয়ে ভেবেছ বা ভাবছ তাদের পরীক্ষা খারাপ হওয়ার সুযোগ নেই। আমার বিশ্বাস, পাঠ্যপুস্তকের বিষয় নিয়ে এই ভাবনা কমবেশি তোমাদের সবার মধ্যে আছে।তোমরা ভালো করেই জানো, সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক থাকে। এই উদ্দীপকটি পাঠ্যপুস্তকের কোনো না কোনো বিষয়ের সঙ্গে সম্পর্কিত। হয়তো উদ্দীপকটি আগে কখনো তুমি দেখোনি বা পড়োনি। এতে কিছুই যায়-আসে না। তোমার বিব্রত হওয়ার কোনো কারণ নেই। বরং স্থিরভাবে উদ্দীপকটি ভালো করে দেখো কিংবা পড়ো। তারপর ক, খ, গ, ঘ লেখা প্রশ্ন চারটি পড়ো। ‘ক’ চিহ্নিত প্রশ্নটিতে এক নম্বর। একটি মাত্র বাক্যে উত্তর দাও। পাঠ্যপুস্তক থেকে উত্তরটি দিতে হবে। ওভাবেই প্রশ্নটি করা। এই উত্তর তোমরা সবাই দিতে পারবে। পাঠ্যপুস্তকের অংশ বুঝেছ কিনা তা যাচাই করার জন্য খ চিহ্নিত প্রশ্নটি করা হয়। এখানে নম্বর দুই। প্রশ্নটি পড়ে পাঠ্যপুস্তকের বিষয়ে তুমি যা বুঝেছ, তিন-চারটি বাক্যে তার উত্তর দিয়ে দেবে। সাত-পাঁচ ভাবতে যেয়ো না। গ চিহ্নিত প্রশ্নের নম্বর তিন। প্রশ্নটি ভালো করে পড়ে দেখো, তোমার জানা বিষয়কে অজানা বিষয়ের সঙ্গে অর্থাৎ নতুন পরিস্থিতিতে প্রয়োগ করতে পারছ কিনা—এই প্রশ্নের মাধ্যমে তা যাচাই করা হচ্ছে। ভয় পেয়ো না। এখানে উদ্দীপকটি হলো নতুন পরিস্থিতি। তোমার পাঠ্যপুস্তকের বিষয়ের সঙ্গে উদ্দীপকটিকে সম্পর্কিত করতে চেষ্টা করো। একেবারে সুনির্দিষ্টভাবে। অতিরিক্ত বা অপ্রয়োজনীয় একটি শব্দও লিখবে না। এ ক্ষেত্রে তুলনা-প্রতি তুলনা করা, সাদৃশ্য-বৈসাদৃশ্য নির্ণয়, অঙ্কন, হিসাব-নিকাশ ইত্যাদিও দেখাতে হতে পারে। আর সর্বশেষ প্রশ্নটি ঘ চিহ্নিত, নম্বর চার। এই ক্ষেত্রে উদ্দীপকের আলোকে তোমার পাঠ্যপুস্তকের বিষয়বস্তুকে বিচার-বিশ্লেষণ করার সুযোগ পাবে। সেই বিচার-বিশ্লেষণের মধ্যে তোমার চিন্তা করার সামর্থ্যের উপযোগী যৌক্তিকতা থাকতে হবে। তোমার লেখা পড়ে পরীক্ষক যেন সর্বত্রই তোমার নিজস্ব চিন্তার শৃঙ্খলা বুঝতে পারেন, সেদিকে খেয়াল রেখো। সুতরাং এখন আর পড়ো না—যা পড়েছ, নানাভাবে তা-ই নিয়ে ভাবতে চেষ্টা করো। তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে।