সেই মেয়েটির মুখ আজও ভুলিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একেকটা ক্যাম্পাস একেকটা ভিন্ন জগৎ। সে জগতের আছে নিজস্ব ভাষা, গল্প। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমরা জানতে চেয়েছিলাম তাঁদের ক্যাম্পাসের একটা বিশেষ দিনের ঘটনা। যে ঘটনা হাসায়, কাঁদায় কিংবা অনুপ্রেরণা দেয়...। আজ শিক্ষার্থীদের লেখা নিয়েই স্বপ্ন নিয়ের বিশেষ আয়োজন।
সাকিয়া হক
সাকিয়া হক

মেডিকেল কলেজের জীবনে অভিজ্ঞতা অনেক। জানি না কেন মানুষজন মেডিকেল লাইফকে ‘বোরিং’ বলে। বিশাল গ্যালারিতে ক্লাস করা থেকে শুরু করে প্রথমবার লাশ কাটা, মর্গে যাওয়া, অপারেশনে সহযোগিতা করা—সবই খুব রোমাঞ্চকর।

বলছি না সব অভিজ্ঞতাই সুখকর। তবে আমার মনে হয়, মেডিকেল কলেজের জীবনটা একটা জমজমাট থ্রিলার গল্পের মতোই। ঘটনাবহুল, চমকে ভরপুর। এখানে একমুহূর্তও সুস্থির হয়ে বসার জো নেই।
তবে আজ কোনো মজার অভিজ্ঞতা বলব না। বলব একটা দুঃখের গল্প।
তখন সবে তৃতীয় বর্ষে উঠেছি। ভীষণ রোমাঞ্চ নিয়ে সব দেখছি। আমি আবার একটু চঞ্চল। বন্ধুরা বলে, আমি নাকি সব সময় লাফাতে থাকি।
তো, ফরেনসিক মেডিসিন থেকে আমাদের নিয়ে যাওয়া হলো মর্গে। ঢোকার আগেই লাশের গন্ধ। গন্ধটা যে কেমন তা বর্ণনা করার ভাষা নেই আমার কাছে। যাকগে, মেডিকেলে পড়লে এসব আস্তে আস্তে সয়ে যায়। তো, ঢুকেই দেখি ৪-৫টা লাশ, মেঝেতে রাখা। (এখন আমাদের মর্গটা অনেক আধুনিক। লাশ রাখার জন্য আলাদা টেবিল আছে।)
আমাদের স্যার লাশগুলো দেখাচ্ছেন। কোনোটা আত্মহত্যা, কোনোটা অপঘাতে মৃত্যু। প্রথমে যেই লাশটার ডিসেকশন বা ব্যবচ্ছেদ দেখতে বলা হলো, সেটা একটা মেয়ের। পরীক্ষার জন্য আমাদের ১০টি লাশের ডিসেকশন লিখে বর্ণনা করতে হয়। অতএব আমরা সবাই মনোযোগী।
আমি আবার একধাপ এগিয়ে। সবাই লাশের মাথার সামনে দাঁড়ানো। আমি ভাবলাম সবাই যা দেখবে আর শিখবে, আমার তো একটু বেশি না শিখলে নয়। আমি চলে গেলাম লাশের পায়ের কাছে, যেখান থেকে মুখটা ভালোভাবে দেখা যায়।
খুব মিষ্টি দেখতে মেয়েটা। বয়স আনুমানিক ১৫ হবে। গলায় ফাঁস দিয়েছিল সে। ভেবে পেলাম না, এত সুন্দর একটা মেয়ে কেন এ রকম করল। ডোম এসে স্যারের কথামতো মেয়েটিকে ব্যবচ্ছেদ করা শুরু করলেন। আমি অপলক দৃষ্টিতে মেয়েটির চেহারার দিকে তাকিয়েই আছি। হুট করেই দেখলাম, কপালটা যেন কুঁচকে গেল, দেখে মনে হলো খুব কষ্ট হচ্ছে তার। মাথার খুলি কাটার কারণেই কপালের পেশিতে টান লেগে কুঁচকে গিয়েছিল।
আমার কেন যেন খুব মন খারাপ হলো। মনে হলো কত কষ্ট হচ্ছে মেয়েটার। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল, সে অন্তঃসত্ত্বা ছিল। তার আত্মহত্যার কারণ আর বুঝতে বাকি রইল না।
সেদিন খুব মন খারাপ হয়েছিল। ২০১৪ সালের কথা, আজও মেয়েটার সুন্দর মুখটা আমি পরিষ্কার দেখতে পাই। তার সেই কপাল কুঁচকে ওঠার দৃশ্যটাও মনে পড়ে।
জীবনটা খুব সুন্দর। কত কিছু দেখার বাকি তোমার। সমস্যার মুখোমুখি দাঁড়ানোটাও কিন্তু জীবনেরই অংশ। সেখানে আত্মহত্যা কোনো সমাধান নয়। যদি জানতে তুমি আত্মহত্যা করলে তোমার লাশটাকে কীভাবে কাটা হবে, বিশ্বাস করো, ও পথ তুমি কখনো মাড়াবে না।
লেখক: শেষ বর্ষ, ঢাকা মেডিকেল কলেজ