ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখেছে নীলফামারীর সৈয়দপুরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে সেরা ২০-এ সৈয়দপুরের চারটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান করে নিয়েছে।
গতকাল বুধবার ঘোষিত ফল অনুযায়ী, এবারের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে চতুর্থ স্থানে উঠে এসেছে সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ২৩২ জন পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ১৬৪ জন।
বোর্ডে নবম হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এবার এখান থেকে ৩৪৫ জন পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১০৩ জন।
লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের ৪১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন। বোর্ডে প্রতিষ্ঠানটির অবস্থান ১৩তম।
সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২৬ জন অংশ নিয়ে ২৮ জন জিপিএ-৫ পেয়েছেন। বোর্ডে প্রতিষ্ঠানটি ১৯তম হয়েছে।
শেষের তিনটি প্রতিষ্ঠান থেকে দুজন করে শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।