সেরাদের সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিক, মাসুম ও রিজওয়ান: ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষায় শীর্ষ তিন
অনিক, মাসুম ও রিজওয়ান: ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষায় শীর্ষ তিন

জীববিজ্ঞানের সহজাত বিষয়গুলোও তাঁর কাছে হয়ে থাকত দুর্ভেদ্য রহস্য। ওদিকে গণিত আর পদার্থবিজ্ঞানে ঠিক তার উল্টোটা। কঠিন সমস্যাগুলো বেছে নিয়ে সমাধান করার মাঝেই তিনি খুঁজে পেতেন অপার এক আনন্দ, অসম্ভব এক ভালোলাগা। যার কারণেই কিনা ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার স্বপ্ন উঁকিঝুঁকি দিত ছেলেটির মনে। বাবা-মাও আস্থা রাখলেন ছেলের ওপর। হতাশ করেননি তাদের একমাত্র ছেলে অনিক সরকার। ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান দখল করেন তিনি।
‘আমরা সকলেই কমবেশি জানি নিজে কোন বিষয়গুলোতে দক্ষ। নিজের ভালোলাগার বিষয় নিয়েই সকলের পড়া উচিত। শুধু তখনই শিক্ষাগ্রহণ আনন্দদায়ক হবে।’ বলছিলেন অনিক। কথাটার সঙ্গে দ্বিমত নেই অনিকের দুই বন্ধু মাসুম মুশফিক ও রিজওয়ান শেখের। মুশফিক ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আর রিজওয়ান তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছেন। মাসুমের মতে, ‘আগে থেকেই নিজে কোথায় যেতে চাই সেটা পরিকল্পনায় রাখা উচিত। সে অনুসারে সামনে এগিয়ে গেলে লক্ষ্যে পৌঁছানোটা অনেক সহজ হয়ে যায়।’ অনিক ও মুশফিক পড়ছেন কম্পিউটার কৌশল নিয়ে। আর রিজওয়ান পড়ছেন তড়িৎকৌশলে।
চট্টগ্রাম কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করা অনিক কলেজে অধ্যয়নরত অবস্থাতেই কলেজ লাইব্রেরি থেকে বিভিন্ন রেফারেন্স বই নিয়ে পড়াশোনা করতেন। সেই পড়াশোনা ভর্তি পরীক্ষায় তাঁর অনেক কাজে লেগেছিল বলে মনে করেন তিনি। ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার পরের সময়টাও অনেক গুরুত্বপূর্ণ। নিয়মিত অধ্যয়ন এবং একই সঙ্গে বিগত সালগুলোর প্রশ্নপত্র সমাধান করে নিজেকে যতটা সম্ভব তৈরি করার চেষ্টা করেছিলাম।’ জানাচ্ছিলেন অনিক।
ময়মনসিংহের গৌরীপুরের ছেলে মাসুম মুশফিক পড়াশোনা করেছেন আনন্দমোহন কলেজে। তাঁর সাফল্যের রহস্য জানতে গেলে তিনি বলেন, ‘সব সময় প্রয়োজন অনুসারে পড়েছি। আর বিভিন্ন বিষয়ে কনসেপ্ট পরিষ্কার রাখার চেষ্টা করেছি।’ কখনো হাউস টিউটর ছিল না মুশফিকের। উচ্চমাধ্যমিকের পর ঢাকায় আসেননি, প্রস্তুতি নিয়েছেন ময়মনসিংহেই। এ সময় নিয়মিত মডেল টেস্ট চর্চা তাঁর সাফল্যের পেছনে কাজ করেছে বলে জানান তিনি।
অপর দিকে ঢাকার মনিপুর হাইস্কুল ও সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রিজওয়ান ছোটবেলা থেকেই শৃঙ্খলিত জীবন যাপনে অভ্যস্ত। আর সেই শৃঙ্খলার পুরস্কারও মিলল তাঁর। বুয়েটে তৃতীয় হওয়ার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে তিনি অধিকার করে নেন প্রথম স্থান। আর মেডিকেল কলেজসমূহের ভর্তি পরীক্ষায় দশম। এত এত সাফল্য যাঁর, যেকোনো প্রশ্নেই তাঁর মুখে মৃদু হাসি। ‘সব বিষয় সর্বদা সমান প্রাধান্য দিয়ে পড়াশোনা করেছি। কখনো আত্মবিশ্বাস হারাইনি। শিক্ষকদের পরামর্শ মেনে চলেছি, যার কারণেই আজ এই সাফল্য।’ বলছিলেন রিজওয়ান।
যারা ভবিষ্যতে বুয়েটে আসতে চায়, তাদের জন্য এই তিন মেধাবীর পরামর্শ কী হবে—এমন প্রশ্নের জবাবে অনিক বলেন, ‘সবার আগে নিজের লক্ষ্য ঠিক করে নিতে হবে। কে কোথায় কোচিং করবে, সেটা মুখ্যভাবে না চিন্তা করে নিজের পড়াশোনা নিজেকে গুছিয়ে নিতে হবে। নিজের পাঠ্যবইকে প্রাধান্য দিয়ে নিজেকে যাচাইয়ের জন্য কোচিংয়ে নিয়মিত মডেল টেস্ট দিতে হবে।’ মুশফিকের ভাষায় পরামর্শটা হওয়া উচিত এক কথায়, ‘শুধুই পরিশ্রম এবং পরিশ্রম। এর কোনো বিকল্প নেই। কোন বিষয়গুলোতে দুর্বল, সেগুলো বের করে নিয়ে শুরু থেকেই নিয়মিত চর্চা করতে থাকলে সাফল্য আসবেই।’
ওদিকে রিজওয়ানের মতে, ‘নিজের অবস্থানকে সব সময় আরও একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। বিন্দুমাত্র সময় নষ্ট না করে নিজের সর্বোচ্চ ঢেলে দিলে সাফল্য ধরা দেবেই।’