
চলচ্চিত্রজগতের সাম্প্রতিক খবর যাঁরা রাখেন, তাঁরা নিশ্চয়ই জানেন হলিউডের লা লা ল্যান্ড চলচ্চিত্রের উন্মাদনা কোন মাত্রায় পৌঁছেছে! অ্যাকাডেমিক অ্যাওয়ার্ডে (অস্কার) ১৪টি বিভাগে মনোনয়ন পেয়ে রেকর্ড গড়েছে এমা স্টোন ও রায়ান গসলিং অভিনীত ছবিটি। সিনেমার দুনিয়ায় দাপট নিয়ে অভিনয় করলেও এমা স্টোন কিন্তু স্কুলজীবনে পড়াশোনাকে দারুণ ভয় পেতেন। স্কুলের বাধাধরা নিয়মের কারণে নাকি স্কুল সহ্যই হতো না তাঁর। বিভিন্ন সাক্ষাৎকারে স্কুলভীতির কথা এভাবেই জানান তিনি।
ব্যবসায়ী বাবার কন্যা এমাকে বেশ কয়েকবার স্কুল থেকেই মনোবিদের কাছে পাঠানো হয়েছিল সামাজিকতা শেখানোর জন্য! স্কুল ভয় পেলেও অভিনয়ের মঞ্চে বেশ সাবলীল ছিলেন তিনি, সে জন্যই বোধ হয় চার বছর বয়সেই অভিনয়শিল্পী হিসেবে অভিষেক হয় তাঁর। বয়স সাত পেরোনোর আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টেলিভিশনে ব্যস্ত হয়ে পড়েন এমা। অভিনয়ে আগ্রহ দেখে মা-বাবা তাঁকে অভিনয় শেখার জন্য শিক্ষকও রেখে দেন। স্কুল যাঁর ভালো লাগে না, তাঁর কি পড়াশোনায় মন বসে? কোনোমতে স্কুল শেষ করে কলেজে ভর্তি হন এমা। কলেজ তো আরও কঠিন, তাই পড়াশোনাকে বিদায় জানানোর সিদ্ধান্ত নেন তিনি। কেন পড়বেন না, কী করবেন, হলিউডে কেন যাবেন—এসব প্রশ্নের উত্তর নিয়ে মা-বাবার জন্য রীতিমতো একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছিলেন তিনি! এরপর ২০০৪ সালে মাকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় থিতু হন এমা। নিউইয়র্কার অবলম্বনে