স্কুলে খাবার শিক্ষার্থী বাড়াচ্ছে
প্রাথমিক শিক্ষার্থীদের শতভাগ ভর্তিতে ভূমিকা রাখছে স্কুলে খাওয়ানোর কর্মসূচি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি কর্মসূচির বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি একমত হননি ওই মন্ত্রণালয়ের মন্ত্রী।
আজ বৃহস্পতিবার রাজধানীর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে দারিদ্র্য-পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির বার্ষিক প্রতিবেদন নিয়ে কর্মশালার আয়োজন করা হয়। প্রতিবেদনে এ কথা বলা হয়।
প্রতিবেদন বলছে, যেসব এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের খাবার (বিস্কুট) দেওয়া হয়, সেখানে স্কুলগুলোতে ভর্তির হার আগের তুলনায় ৫ থেকে ১৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। এসব স্কুলে এখন প্রায় শতভাগ শিক্ষার্থীর ভর্তি নিশ্চিত হয়েছে।
এই প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি একমত হতে পারেননি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন। মন্ত্রী বলেন, এখন জেলে, কুমার, নাপিত সবার মধ্যে একটা বোধ তৈরি হয়েছে। এই বোধ থেকেই আসলে শতভাগ ভর্তি নিশ্চিত হয়েছে। এ ক্ষেত্রে বিনা মূল্যে নতুন বই দেওয়া একটা বড় ভূমিকা রেখেছে। এতে সহায়ক ভূমিকা রাখছে স্কুল ফিডিং কর্মসূচি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উল আলম, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি খ্রিস্টা রাডার, ইউনিসেফের পাওয়ান কুচিতা ও এই প্রকল্পের পরিচালক বাবলু কুমার সাহা।