স্কুল বন্ধ থাকার ক্ষতি আগামী কয়েক দশক ভুগতে হবে: প্রতিবেদনের তথ্য
স্কুল বন্ধ থাকার কারণে শিশুদের পড়াশোনা ও সামগ্রিক কল্যাণের ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি হয়েছে, যার পরিণাম আগামী কয়েক দশক ধরে ভুগতে হবে। যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস, ইউনিসেফ ও বিশ্বব্যাংকের সহায়তায় গ্লোবাল এডুকেশন এভিডেন্স অ্যাডভাইজারি প্যানেলের (জিইইএপি) নতুন এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
শনিবার ঢাকায় এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে ‘কোভিড-১৯-এর সময় পড়াশোনাকে অগ্রাধিকার প্রদান’ শীর্ষক প্রতিবেদনে শিশুদের ওপর স্কুল বন্ধ থাকার প্রভাব সম্পর্কিত সর্বশেষ উপাত্ত তুলে ধরা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি চলাকালে তৃতীয় গ্রেডের যে শিশুটির স্কুলে যাওয়া এক বছর ব্যাহত হয়েছে, জরুরি পদক্ষেপ না নিলে দীর্ঘ মেয়াদে ওই শিশুটি পড়াশোনার ক্ষেত্রে তিন বছরের সমপরিমাণ ক্ষতির শিকার হতে পারে। মহামারি চলাকালে বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে স্কুল বন্ধ থাকা দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। দেশের ৩ কোটি ৭০ লাখ শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে করোনার কারণে।
২০২০ সালের ১৭ মার্চ থেকে বাংলাদেশের স্কুলগুলো ১৮ মাস ধরে বন্ধ ছিল। এরপর ২০২১ সালের সেপ্টেম্বরে খুলে দেওয়া হলেও ২০২২ সালের ফেব্রুয়ারিতে আবার এক মাসের জন্য বন্ধ রাখা হয়।
প্রতিবেদনে বলা হয়, এ সংকটের কারণে পড়াশোনায় যে ক্ষতি হয়েছে, অর্থনৈতিকভাবে এর চড়া মূল্য দিতে হবে। বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী, জরুরি ভিত্তিতে সঠিক পদক্ষেপ না নেওয়া হলে আজকের স্কুলগামী শিশুদের প্রজন্মটি সারা জীবন ধরে তাদের আয়রোজগারের ক্ষেত্রে ১৭ ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ আর্থিক ক্ষতির শিকার হবে।
প্যানেল আলোচনায় বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘মহামারিকালে বিশ্বের অন্য যেকোনো জায়গার মতো বাংলাদেশেও নজিরবিহীন মাত্রায় লাখ লাখ শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হয়েছে। এই শিশুদের ভবিষ্যৎ এবং বর্তমানে তাদের সার্বিক কল্যাণের স্বার্থে পড়াশোনার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য বিনিয়োগ করা এবং সব শিশু যাতে স্কুলে ফিরে আসে এবং পড়াশোনা চালিয়ে যায়, তা নিশ্চিত করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমরা মিশ্র শিক্ষার দিকে অগ্রসর হচ্ছি এবং সরকার তার অংশীদারদের সহযোগিতায় সেই লক্ষ্য পূরণে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্কুল বন্ধের সময় শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারের সুযোগ বলতে গেলে পায়নি বা পেলেও খুব কম পেয়েছে। সংকটের চ্যালেঞ্জগুলোর সঙ্গে মানিয়ে নিতে অভিযোজন প্রক্রিয়াও ছিল কম। দূরশিক্ষণ প্রচেষ্টার কার্যকারিতা যে তুলনামূলকভাবে কম, সে বিষয়ে ক্রমেই তথ্য-প্রমাণ মিলছে। উদাহরণস্বরূপ, ব্রাজিলে দূরশিক্ষণ ক্লাসের শিক্ষার্থীরা প্রায় ৭৫ শতাংশ কম শেখে এবং তাদের ঝরে পড়ার সম্ভাব্য হার ছিল আড়াই গুণ বেশি। পড়াশোনার ক্ষতিবিষয়ক ক্রমে যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে, তাতে দেখা গেছে, দক্ষিণ আফ্রিকায় চতুর্থ গ্রেডের শিক্ষার্থীরা স্কুল বন্ধ থাকার কারণে এক বছরে যতটুকু শেখার কথা, তার চেয়ে অন্তত ৬২ শতাংশ কম শিখেছে এবং ভারতের কর্ণাটকের গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা পুরো একটি শিক্ষাবছর হারিয়েছে বলে হিসাব এসেছে।
বাংলাদেশ ও ভুটানে নিয়োজিত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, স্কুল বন্ধের বিষয়টি সব শিশুর জন্যই কঠিন ছিল। তবে দরিদ্র ও মেয়েশিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পড়াশোনায় ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। এ কারণে তারা ঝরে পড়ার উচ্চ ঝুঁকিতে ছিল। তিনি আরও বলেন, মহামারির আগে ২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করা বাংলাদেশি শিশুদের অর্ধেকের বেশি একটি সাধারণ পাঠ্য পড়তে ও বুঝতে পারত না। সিমুলেশনের (কৃত্রিমভাবে তৈরি ব্যবস্থা) মাধ্যমে এখন দেখা যাচ্ছে, স্কুলগুলো বন্ধ থাকার কারণে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শেষ করার পরেও ৭৬ শতাংশ শিশু ন্যূনতম পড়ার দক্ষতা অর্জন করতে পারবে না।
মার্সি টেম্বন জানান, দরিদ্র শিশুদের স্কুলে ধরে রাখতে প্রতিকারমূলক শিক্ষা ও বৃত্তিমূলক কর্মসূচি গ্রহণের মতো মানবিক সম্পদের পেছনে বিনিয়োগের মাধ্যমে বিশ্বব্যাংক বাংলাদেশের স্থিতিস্থাপক ও অংশগ্রহণমূলক পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা দিচ্ছে।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের ডেভেলপমেন্ট ডিরেক্টর জুডিথ হারবার্টসন বলেন, আধুনিক ইতিহাসে পড়াশোনায় সবচেয়ে বড় ব্যাঘাত ঘটিয়েছে কোভিড-১৯। স্কুল বন্ধ থাকার সময়ে ১৬০ কোটি শিশু ও তরুণ স্কুলের বাইরে ছিল। শিক্ষা একটি মানবাধিকার এবং অন্যান্য অধিকারপ্রাপ্তির ক্ষেত্রে প্রবেশদ্বার হিসেবে কাজ করে। লিঙ্গসমতা বিধান, স্থায়ী দারিদ্র্য হ্রাস ও সমৃদ্ধ, স্থিতিস্থাপক অর্থনীতি গড়ে তুলতে এবং শান্তিপূর্ণ, স্থিতিশীল সমাজ গঠনের জন্য এটি প্রয়োজন।