ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন বরিশাল সরকারি মহিলা কলেজের তাবিয়া তাসনিম মৃত্তিকা। তাবিয়া বলেছেন, ফলাফলে তিনি খুশি; কিন্তু খুশিতে ‘আত্মহারা’ নন।
ভর্তি পরীক্ষায় ৯৬ দশমিক ২৫ নম্বর (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৬ দশমিক ২৫) পেয়ে দ্বিতীয় হন তাবিয়া। এমন ফলাফলের প্রতিক্রিয়া জানতে চাইলে তাবিয়া বলেন, ‘আমার অনেক স্বপ্ন ছিল, ভিসি স্যার (ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য) আমার নামটা যদি পড়তেন!’
তাবিয়া আরও বলেন, ‘গতবার ফলাফল প্রকাশের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যখন কয়েকজনের নাম পড়ছিলেন, তখন আমার মধ্যেও এই ফ্যাসিনেশন কাজ করেছিল। পরীক্ষার হলে বসে আমার মনে হয়েছিল, প্রশ্ন খুব সোজা এসেছে, সব পারি। হলে বসেই আমার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল, আমি তো ফার্স্ট হয়ে যাব! কিন্তু হল থেকে বের হওয়ার পর দেখি, যতটা সোজা ভেবেছিলাম, ততটা নয়।’
তাবিয়া বলেন, ‘অনেক প্রশ্নের দ্ব্যর্থক উত্তর ছিল। র্যাঙ্ক করার স্বপ্ন থাকলেও আশা ছেড়ে দিয়েছিলাম। ফলাফল দেখে আমি খুশি, কিন্তু খুশিতে আত্মহারা নই। আমার কাছে মনে হয়, কোনো সাফল্যই শেষ সাফল্য নয়।
এখন আত্মহারা হয়ে গেলে হয়তো পরবর্তী ধাপে খুব বাজে কোনো অভিজ্ঞতা হতে পারে। ওই ভয় কাজ করছে। আশপাশের মানুষ যে আমার জন্য অনেক খুশি, ওটা দেখে আমিও অনেক খুশি।’